খেলা

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে শর্ত

পাকিস্তানকে না বলে দিল আইসিসি

  • 2:51 am - February 10, 2026
  • পঠিত হয়েছে:১৪৫ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ ফেব্রুয়ারি-  টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার বিনিময়ে একাধিক শর্ত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সেই শর্তগুলোর বেশিরভাগই প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে রয়েছে ভারত–পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় ক্রিকেট পুনরায় শুরু করা এবং বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব।

ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ম্যাচ বয়কটের অবস্থান নিয়ে রোববার আইসিসির সঙ্গে বৈঠকে বসে পিসিবি। বৈঠকে মোট পাঁচটি দাবি তোলে পাকিস্তান। আইসিসি জানিয়েছে, এর মধ্যে তিনটি দাবি তারা মানতে রাজি নয়।

আইসিসি আরও জানায়, পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভিকে এক দিনের সময় দেওয়া হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনা করে বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে। ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা সোমবার সন্ধ্যা কিংবা মঙ্গলবার সকালে আসতে পারে।

পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে চলা ওই বৈঠকে উপস্থিত ছিলেন মোহসিন নকভি, যিনি একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। আলোচনায় অংশ নিতে লাহোরে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশ দল ভারতে যেতে অস্বীকৃতি জানালে তাদের টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রস্তাবের বিপক্ষে একমাত্র দেশ হিসেবে পাকিস্তানই ভোট দিয়েছিল।

এর আগে ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, কোনো ব্যাখ্যা ছাড়াই ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে জাতীয় দলকে অনুমতি দেওয়া হয়নি। পরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি আইসিসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন।

আইসিসির কাছে উত্থাপিত পাঁচ দাবির কেন্দ্রে ছিল বাংলাদেশের বিষয়টি। পিসিবির প্রথম দাবি ছিল, টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেও বাংলাদেশকে যেন কোনো শাস্তি দেওয়া না হয় এবং তাদের পূর্ণ আইসিসি রাজস্ব অংশ নিশ্চিত করা হয়। আইসিসি আগেই এই সিদ্ধান্ত নিয়েছিল।

দ্বিতীয় দাবিতে বলা হয়, গত বছর নাগরিক অস্থিরতার কারণে বাংলাদেশের নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ দুবাইয়ে সরিয়ে নেওয়ায় ক্ষতিপূরণ হিসেবে দেশটিকে একটি বৈশ্বিক টুর্নামেন্ট দেওয়া হোক। বিকল্প হিসেবে পরবর্তী চক্রে একটি অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবও দেয় পাকিস্তান।

তৃতীয় দাবিতে পিসিবি চায়, ভারতকে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেট পুনরায় শুরু করতে উৎসাহিত করুক আইসিসি। তবে আইসিসি জানিয়ে দেয়, দ্বিপক্ষীয় সিরিজ তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, এমনকি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের কাঠামোর মধ্যেও নয়।

একই কারণে ভারত–পাকিস্তান–বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ এবং ২০২৫ সালে স্থগিত হওয়া সিরিজের পরিবর্তে এ বছর ভারত যেন বাংলাদেশ সফর করে, এই দাবিগুলিও নাকচ করা হয়েছে। আইসিসির বক্তব্য, কোনো দেশকে দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় সিরিজ খেলতে বাধ্য করার ক্ষমতা তাদের নেই।

পাকিস্তান সরকারের সিদ্ধান্ত জানিয়ে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর থেকেই আইসিসি পিসিবির সঙ্গে যোগাযোগ রাখছে। সংস্থাটি ফোর্স মেজর ধারা প্রয়োগের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে এবং অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, আইসিসির নির্দেশনা অনুযায়ীই এগোবে ভারত।

সূত্র অনুযায়ী, ভারত দল নির্ধারিত সূচি মেনে শ্রীলঙ্কায় যাবে, অনুশীলন ও প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলন সম্পন্ন করবে। ম্যাচের দিন নির্ধারিত সময়ে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে উপস্থিত থাকবে দলটি। পাকিস্তান মাঠে না নামলে ম্যাচ রেফারির সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে ভারত।

ভারত–পাকিস্তান ম্যাচ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে লাভজনক ফিক্সচার হিসেবে পরিচিত। পিটিআইয়ের হিসাব অনুযায়ী, এই একটি ম্যাচ থেকেই প্রায় ২,২০০ কোটি টাকার রাজস্ব আসে।

এই আর্থিক গুরুত্বের কারণেই ২০১২ সাল থেকে প্রতিটি বড় আইসিসি টুর্নামেন্টে দুই দলকে একই গ্রুপে রাখা হয়েছে, যদিও গত ১৪ বছর ধরে রাজনৈতিক টানাপোড়েনের কারণে দ্বিপক্ষীয় ক্রিকেট বন্ধ।

পাকিস্তান যদি ম্যাচ না খেলে, তাহলে তাদের যেমন বড় অঙ্কের রাজস্ব ক্ষতির মুখে পড়তে হবে, তেমনি আইসিসির আর্থিক ক্ষতিও হবে উল্লেখযোগ্য। সম্প্রচারক সংস্থার বিজ্ঞাপন আয়ের ক্ষতি হতে পারে ২০০ থেকে ২৫০ কোটি টাকার মধ্যে। কারণ এই ম্যাচে মাত্র ১০ সেকেন্ডের বিজ্ঞাপন স্লটের দামই পৌঁছে যায় প্রায় ৪০ লাখ টাকায়।

এদিকে শ্রীলঙ্কা ক্রিকেটও পিসিবিকে চিঠি দিয়ে জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারির এই হাই-প্রোফাইল ম্যাচটি না হলে তারা বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে। একই সঙ্গে যৌথ আয়োজক হিসেবে টুর্নামেন্ট এবং দেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au