খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগ

নাটকীয় ম্যাচে আর্সেনালকে হারিয়ে এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি

  • 1:09 pm - April 20, 2026
  • পঠিত হয়েছে:২৯৩ বার
আর্সেনালকে হারিয়ে এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ এপ্রিল- ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে নতুন মোড় এনে দিল ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াইয়ে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে শিরোপার দৌড়ে সমীকরণ পাল্টে দিয়েছে পেপ গার্দিওলার দল।

ম্যাচটি ছিল অনেকটাই অলিখিত ফাইনালের মতো। জয়ের গুরুত্ব এতটাই বেশি ছিল যে, পুরো ম্যাচজুড়ে দুই দলের খেলায় ছিল তীব্রতা, লড়াই আর নাটকীয়তা। ম্যাচ শেষে এক দৃশ্যই যেন প্রতীক হয়ে থাকল পুরো লড়াইয়ের। আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েসের হাতে রয়ে গেল আর্লিং হলান্ডের ছিঁড়ে যাওয়া জার্সির একটি টুকরো। সেই দৃশ্য যেন ইঙ্গিত দিচ্ছিল, প্রিমিয়ার লিগের ট্রফিটাও কি ঠিক এভাবেই ফসকে যাচ্ছে আর্সেনালের হাত থেকে?

এই জয়ের পর পয়েন্ট টেবিলের লড়াই আরও জমে উঠেছে। ৩৩ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৭০, অন্যদিকে ৩২ ম্যাচে সিটির পয়েন্ট ৬৭। তবে সিটির হাতে একটি ম্যাচ বেশি থাকায় কার্যত দুই দল এখন সমান অবস্থানে। মানসিক দিক থেকেও এই জয়ের পর এগিয়ে থাকছে সিটিই।

ম্যাচের শুরু থেকেই ছিল আক্রমণ পাল্টা আক্রমণের লড়াই। প্রথমার্ধে একদিকে যেমন দেখা গেছে দারুণ আক্রমণ, অন্যদিকে ছিল ভুল আর নাটকীয়তা। সিটির হয়ে অসাধারণ এক গোল করেন রায়ান শেরকি। বাঁ পায়ে দুর্দান্ত ড্রিবলিং করে আর্সেনালের ডিফেন্স ভেঙে ডেকলান রাইস ও উইলিয়াম সালিবাকে কাটিয়ে নিচু শটে বল জালে পাঠান তিনি। গোলটি অনেকের কাছেই মনে করিয়ে দেয় লিওনেল মেসির জাদুকরী মুহূর্তগুলোর কথা।

তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সিটি। গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার এক অপ্রত্যাশিত ভুলের সুযোগ নেন কাই হাভার্টজ। ম্যাচের ১৮ মিনিটে গোল করে সমতা ফেরান তিনি। দীর্ঘ ৪৪১ দিন পর লিগে গোল পান হাভার্টজ, সর্বশেষ গোলটিও করেছিলেন সিটির বিপক্ষেই। তবে শেষ পর্যন্ত সেই গোল আর্সেনালকে রক্ষা করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি আরও বেড়ে যায়। দুই দলই জয় পেতে মরিয়া হয়ে ওঠে। এই সময় দোন্নারুম্মা নিজের ভুলের কিছুটা প্রায়শ্চিত্ত করেন পরপর দুটি দারুণ সেভ করে। কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায় ৬৫ মিনিটে। মাঝমাঠ থেকে গড়ে ওঠা এক দারুণ আক্রমণে জেরেমি ডকু ও নিকো ও’রেইলির সমন্বয়ে বল পৌঁছে যায় হলান্ডের সামনে। সুযোগ পেয়ে নির্ভুল শটে গোল করে সিটিকে এগিয়ে দেন নরওয়ের এই তারকা।

ম্যাচজুড়ে উত্তেজনাও ছিল তুঙ্গে। একপর্যায়ে মেজাজ হারিয়ে হলান্ডকে ধাক্কা দিতে যান গ্যাব্রিয়েল। পাল্টা প্রতিক্রিয়াও দেন হলান্ড। তবে শেষ পর্যন্ত দুজনেই হলুদ কার্ড দেখে রক্ষা পান।

শেষ মুহূর্তে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল আর্সেনাল। কিন্তু হাভার্টজ সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে হতাশ হয়ে পড়েন কোচ মিকেল আরতেতা। ডাগআউটে হাঁটু গেড়ে বসে পড়া তার ভঙ্গিই যেন বলে দিচ্ছিল, ম্যাচটি হাতছাড়া হয়ে গেছে।

এই জয়ের ফলে শিরোপা লড়াইয়ে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। আগামী বুধবার বার্নলির বিপক্ষে জয় পেলেই শীর্ষে উঠে যাবে সিটি। পুরো মৌসুমে মাত্র কয়েকদিন শীর্ষে থাকা দলটিই শেষ পর্যন্ত শিরোপা জিততে যাচ্ছে কি না, সেটিই এখন দেখার বিষয়।

এই শাখার আরও খবর

রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারাল পর্তুগাল

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই দারুণ জয় পেয়েছে পর্তুগাল। উয়েফা নেশন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে স্বাগতিক ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে পর্তুগাল। এই জয়ের ফলে প্রতিযোগিতায়…

ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলটের উগ্রবাদী মতাদর্শে জড়ানোর দাবি নেতানিয়াহুর

ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে পাইলটকে ছুরিকাঘাত করে বিমানটি নিয়ন্ত্রণের চেষ্টা করা সহকারী পাইলট ইসলামপন্থী উগ্রবাদী মতাদর্শে প্রভাবিত ছিলেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, পাবনায় স্কুলছাত্র কারাগারে

পাবনার সুজানগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে তা ফেসবুকে প্রচারের অভিযোগে রবিন বিশ্বাস নামে এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা…

ভারতে সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে সমুদ্রে সাঁতার কাটতে নেমে পানির স্রোতে ভেসে গিয়ে আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের রায়গড় জেলার দিভেগার সমুদ্রসৈকতে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়…

ইউরোভিশন এশিয়া ২০২৬-এ বাংলাদেশের হয়ে গাইবে বিটমোসফিয়ার

‘ভয়েস অব বাংলাদেশ ২০২৬’-এর চ্যাম্পিয়ন হয়েছে বিটমোসফিয়ার। ‘তুমি এলে’ গান নিয়ে আগামী ‘ইউরোভিশন সং এশিয়া ২০২৬’-এর প্রথম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে তারা। ঢাকায় অনুষ্ঠিত ‘ভয়েস…

নীতিমালা ভেঙে বাংলাদেশের ১৯ আইনশৃঙ্খলা বাহিনীর ফেসবুক পেজে মনিটাইজেশন দিয়েছে মেটা

বাংলাদেশের অন্তত ১৯টি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ফেসবুক পেজকে মনিটাইজেশন সুবিধা দিয়েছে মেটা। তবে প্রতিষ্ঠানটির নিজস্ব নীতিমালা অনুযায়ী সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কনটেন্ট থেকে আয় করার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au