বাংলাদেশ

৯ মাসেই ব্যাংক থেকে এক লাখ কোটি টাকা ঋণ নিয়েছে  সরকার

  • 3:13 pm - April 29, 2026
  • পঠিত হয়েছে:২১৭ বার
ছয় মাসে ৮ গুণ বেড়েছে সরকারি ব্যাংকঋণ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ এপ্রিল–     দৈনন্দিন খরচ, উন্নয়ন ব্যয় এবং বাজেট ঘাটতি সামাল দিতে ব্যাংক খাতের ওপর সরকারের নির্ভরতা বাড়ছে। রাজস্ব আদায়ে প্রত্যাশিত গতি না থাকায় চলতি অর্থবছরের প্রথম ৯ মাসেই ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা পুরো অর্থবছরের জন্য নির্ধারিত লক্ষ্যের প্রায় কাছাকাছি।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের মোট ঋণের লক্ষ্য ধরা হয়েছিল ১ লাখ ৪ হাজার কোটি টাকা। কিন্তু জুলাই থেকে মার্চ পর্যন্ত মাত্র ৯ মাসেই সরকার ১ লাখ ৮ হাজার ৯৮৫ কোটি টাকা ঋণ নিয়ে ফেলে। অর্থাৎ নির্ধারিত লক্ষ্যের চেয়েও বেশি ঋণ নেওয়া হয়ে গেছে সময় শেষ হওয়ার আগেই।

এই ঋণের বড় অংশ এসেছে বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংক থেকে। পরিসংখ্যান অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ ৭৮ হাজার ৪৯ কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া হয়েছে ৩০ হাজার ৯৩৬ কোটি টাকা। কিছু অংশ পরিশোধের পর বর্তমানে নিট ঋণের পরিমাণ প্রায় ৯৪ হাজার কোটি টাকায় নেমে এসেছে।

সরকার মূলত বেতন-ভাতা, সুদ পরিশোধ, ভর্তুকি এবং অন্যান্য চলতি ব্যয় মেটাতে এই ঋণের ওপর নির্ভর করেছে। মার্চ মাসের শেষদিকে বাড়তি অর্থের চাপে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েজ অ্যান্ড মিনস ও ওভারড্রাফট সুবিধার নির্ধারিত সীমাও অতিক্রম করে ফেলে সরকার। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক সাময়িকভাবে ‘টাকা ছাপিয়ে’ অর্থ সরবরাহ করে, যা অর্থনীতিতে রিজার্ভ মানি হিসেবে প্রবেশ করে। তবে অর্থ মন্ত্রণালয় দুই সপ্তাহের মধ্যে সেই অর্থ পরিশোধ করে দেয়।

অর্থনীতিবিদরা বলছেন, এই ধরনের অর্থায়নের প্রভাব দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ হতে পারে। সাবেক বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী বলেন, ব্যবসা-বাণিজ্যের দুরবস্থার কারণে সরকার ঋণের দিকে যেতে বাধ্য হচ্ছে। তবে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থায়ন করলে মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হয়, আর বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নিলে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হয়, যা কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলে।

অর্থনীতিবিদদের মতে, ব্যাংক খাত থেকে অতিরিক্ত ঋণ নেওয়ার ফলে বেসরকারি উদ্যোক্তাদের জন্য ঋণপ্রাপ্তি কঠিন হয়ে পড়ে। এতে নতুন বিনিয়োগ কমে যায়, শিল্প ও ব্যবসা সম্প্রসারণ বাধাগ্রস্ত হয় এবং কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয়। পাশাপাশি সরকারের ওপর সুদ পরিশোধের চাপও ক্রমশ বাড়ছে, যা বাজেটের বড় একটি অংশ দখল করে নিচ্ছে।

এদিকে চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়নের জন্য সরকারের লক্ষ্য ছিল প্রায় আট লাখ কোটি টাকা ব্যয় নির্বাহ করা, যার বড় অংশ রাজস্ব আয়ের মাধ্যমে জোগান দেওয়ার পরিকল্পনা ছিল। তবে অর্থনৈতিক মন্দা ও ব্যবসা-বাণিজ্যে ধীরগতির কারণে রাজস্ব আদায় প্রত্যাশিত হারে হয়নি। প্রথম ৯ মাসেই শুল্ক-কর আদায়ে প্রায় এক লাখ কোটি টাকার ঘাটতি দেখা দিয়েছে, যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ ঘাটতির রেকর্ড।

জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্য ছিল পাঁচ লাখ তিন হাজার কোটি টাকা রাজস্ব আদায়। তবে চলতি অর্থবছরের শেষ তিন মাসে প্রায় দুই লাখ ১৫ হাজার কোটি টাকা আদায়ের চাপ তৈরি হয়েছে, যা অর্জন করা অত্যন্ত চ্যালেঞ্জিং বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অর্থনীতিবিদদের মতে, রাজস্ব আয় না বাড়লে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানো সম্ভব নয়। তাই করজাল সম্প্রসারণ, কর ফাঁকি রোধ, ডিজিটাল কর ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানো জরুরি।

একই সঙ্গে অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস, উন্নয়ন প্রকল্পে অগ্রাধিকার নির্ধারণ, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সংস্কার এবং ভর্তুকি ব্যবস্থার পুনর্বিন্যাসের ওপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বাজেট ঘাটতি কমাতে মধ্যমেয়াদি আর্থিক শৃঙ্খলা বজায় রাখা ছাড়া বিকল্প নেই।

এই শাখার আরও খবর

কম্পিউটার ত্রুটির পর নিয়ন্ত্রণকেন্দ্রের সিদ্ধান্ত, স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮

স্পেনের তোলেদো প্রদেশের কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত…

রবীন্দ্র ঋষিকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা, কী হয়েছিল সেদিন?

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক নরসুন্দরকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটে এ ঘটনা…

লক্ষ্মীপুরে খোরশেদ বাহিনীর প্রধানকে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে খোরশেদ বাহিনীর প্রধান মো. খোরশেদ নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খানের…

১২ শতাংশ জমির বিনিময়ে মুক্তি চান ছাত্রীকে ধর্ষনের অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগে করা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। মামলার প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী…

রাধারমণ দত্তের সমাধির পাশে গানবাজনা বন্ধের দাবি ইসলামিক অর্গানাইজেশনের

সুনামগঞ্জের জগন্নাথপুরে মরমী সাধক ও লোককবি রাধারমণ দত্তের সমাধিস্থল সংলগ্ন এলাকায় গানবাজনার আয়োজন বন্ধের দাবি জানিয়েছে ‘কেশবপুর ইসলামিক অর্গানাইজেশন’। এ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)…

ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে ‘বিগ-বি’ উদ্যোগ বাস্তবায়নে সম্মত বাংলাদেশ-জাপান

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে প্রস্তাবিত বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি উদ্যোগ ‘বিগ-বি’ (BIG-B) ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে বাস্তবায়নে একমত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au