অস্ট্রেলিয়া

সাংবাদিককে নিয়ে অশালীন মন্তব্যে বিতর্কে পলিন হ্যানসন

  • 7:49 pm - May 22, 2026
  • পঠিত হয়েছে:২১২ বার
সাংবাদিককে নিয়ে অশালীন মন্তব্যে বিতর্কে পলিন হ্যানসন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ মে- অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের নেত্রী পলিন হ্যানসন এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিককে উদ্দেশ করে অশালীন মন্তব্য করায় নতুন বিতর্কের মুখে পড়েছেন। অ্যাডিলেডে আয়োজিত তেল ও গ্যাস শিল্পবিষয়ক এক অনুষ্ঠানে উত্তপ্ত প্রশ্নোত্তর পর্বের পর সাংবাদিকদের সঙ্গে তার দলের আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরও সাংবাদিকেরা ওয়ান নেশন দলের জ্বালানি নীতি, ফ্র্যাকিং এবং অফশোর গ্যাস উত্তোলন নিয়ে প্রশ্ন করতে থাকেন। এ সময় পলিন হ্যানসনের মিডিয়া উপদেষ্টা রিচার্ড হেন্ডারসন সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, “আমরা শেষ করেছি, ধন্যবাদ। না, না, না। চুপ করুন, আমরা শেষ করেছি।”

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সাংবাদিক সারা মার্টিন সঙ্গে সঙ্গে এ মন্তব্যের প্রতিবাদ জানান। তিনি বলেন, “আপনি কি আমাকে চুপ করতে বললেন? এটা তো ভদ্র আচরণ নয়।”

এরপর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পলিন হ্যানসন তার স্টাফ এবং ফেডারেল এমপি বার্নাবি জয়েসকে সঙ্গে নিয়ে সংবাদমাধ্যমের ভিড় থেকে সরে যাচ্ছেন। হাঁটার সময় বার্নাবি জয়েসকে বলতে শোনা যায়, “আপনি খুব ভালো করেছেন।”

এ সময় পলিন হ্যানসনকে সাংবাদিক সারা মার্টিনকে নিয়ে অশালীন মন্তব্য করতে শোনা যায়। তিনি বলেন, “আমার বলা উচিত ছিল তুমি একটা বাজে মহিলা।” তার এই মন্তব্যে পাশে থাকা রিচার্ড হেন্ডারসন ও বার্নাবি জয়েস হাসতে থাকেন। পরে হ্যানসনকে বলতে শোনা যায়, “চাইলে আমি ফিরে গিয়ে ওকে বলেও আসতে পারি।”

ঘটনার পর বার্নাবি জয়েস স্কাই নিউজকে জানান, তিনি পরে সাংবাদিক সারা মার্টিনকে ফোন করে রিচার্ড হেন্ডারসনের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন।

অন্যদিকে অ্যাডভারটাইজার পত্রিকার পক্ষ থেকে জানতে চাওয়া হয়, সাংবাদিকদের সঙ্গে তার মিডিয়া উপদেষ্টার এমন আচরণকে তিনি উপযুক্ত মনে করেন কি না। জবাবে পলিন হ্যানসন বলেন, “না, আমি এটাকে উপযুক্ত মনে করি না। আমি ইতোমধ্যে ওই মন্তব্যের জন্য তাকে ভর্ৎসনা করেছি।”

মূলত অ্যাডিলেড সফরে গিয়ে ওয়ান নেশনের নতুন জ্বালানি নীতি তুলে ধরছিলেন পলিন হ্যানসন। দলটি অস্ট্রেলিয়ার গ্যাস খাত সম্প্রসারণের পক্ষে অবস্থান নিয়েছে।

হ্যানসন ঘোষণা দেন, তার দল ক্ষমতায় গেলে বর্তমান পেট্রোলিয়াম রিসোর্স রেন্ট ট্যাক্স বা পিআরআরটি বাতিল করবে এবং এর পরিবর্তে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদনের ওপর নতুন রয়্যালটি আরোপ করবে।

ওয়ান নেশনের প্রস্তাব অনুযায়ী, অফশোর তেল ও গ্যাস উৎপাদনের ক্ষেত্রে ১০ শতাংশ ‘ওয়েলহেড রয়্যালটি’ চালু করা হবে। পাশাপাশি ভবিষ্যতের গ্যাস প্রকল্পগুলোতে কমনওয়েলথ সরকারের ৩০ শতাংশ মালিকানা নিশ্চিত করার কথাও বলা হয়েছে, যেগুলোকে হ্যানসন “অলৌকিক প্রকল্প” হিসেবে উল্লেখ করেছেন।

অস্ট্রেলিয়ান এনার্জি প্রডিউসারস কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, তেল ও গ্যাস অনুসন্ধানের ব্যয় কমাতে হবে এবং জ্বালানি খাতকে শক্তিশালী করে দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে হবে।

তবে জ্বালানি নীতি নিয়ে আলোচনার চেয়ে সংবাদ সম্মেলনের শেষ মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে তার দলের আচরণই এখন অস্ট্রেলিয়ার রাজনৈতিক অঙ্গনে বেশি আলোচনার জন্ম দিয়েছে।

সূত্রঃ স্কাই নিউজ

এই শাখার আরও খবর

প্রতিদিন ৫ থেকে ৭ হাজার গ্রেপ্তারের অভিযোগ শেখ হাসিনার

বাংলাদেশে প্রতিদিন ৫ থেকে ৭ হাজার মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দাবি করেছেন, বর্তমান সরকার রাজনৈতিক বিরোধীদের দমনে…

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত নেতা, ভিডিও ভাইরালের পর স্ত্রী দাবি

মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জামায়াতে ইসলামীর নেতা তাইজুল ইসলামকে আটকের ঘটনা ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে দলীয় দায়িত্ব থেকে…

বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র, সহায়তা পাননি স্ত্রী

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে জেলা গোয়েন্দা পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে মঙ্গলবার, ২৭ অক্টোবর আদালতে এ অভিযোগপত্র…

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, পানিবণ্টন নিয়ে নতুন আলোচনায় ভারত-বাংলাদেশ

ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। তিন দশকের এই চুক্তি নবায়নের আগে পানির ন্যায্য বণ্টন…

হুথিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে সংঘাতে জড়িয়েছে তারা?

ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে তীব্র হয়ে ওঠায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। ইরান-সমর্থিত সশস্ত্র রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী হুথিরা ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের…

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে পিটিয়ে পরিষদ থেকে বের করে দিলেন বিএনপি নেতা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে এক ইউপি সদস্যকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা সিরাজুল ইসলাম তোতার বিরুদ্ধে। মঙ্গলবার (২৭…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au