বিশ্ব

স্টারমারের বাড়িতে অগ্নিসংযোগের নেপথ্যে রাশিয়া : বিবিসি

  • 8:24 pm - June 16, 2026
  • পঠিত হয়েছে:২২৭ বার
ছবি : বিবিসি

মেলবোর্ন, ১৬ জুন- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বাড়ি ও ব্যক্তিগত সম্পত্তিতে অগ্নিসংযোগের ঘটনায় রাশিয়ার প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগ সামনে এসেছে। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৫ সালে সংঘটিত ওই হামলার পেছনে রুশপন্থী একটি নেটওয়ার্ক সক্রিয় ছিল এবং টেলিগ্রামের মাধ্যমে হামলাকারীদের নির্দেশনা দেওয়া হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, উত্তর লন্ডনে স্টারমারের আগে ব্যবহৃত একটি টয়োটা গাড়িতে আগুন দেওয়ার কয়েক দিনের মধ্যেই তার সঙ্গে সংশ্লিষ্ট আরও দুটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব হামলার ঘটনায় ২২ বছর বয়সী ইউক্রেনীয় নাগরিক রোমান লাভরিনোভিচ এবং ২৭ বছর বয়সী ইউক্রেনে জন্ম নেওয়া রোমানীয় নাগরিক স্টানিস্লাভ কারপিউককে দোষী সাব্যস্ত করেছে লন্ডনের ওল্ড বেইলি আদালত।

আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, ‘ইএল মানি’ নামে পরিচিত এক ব্যক্তি টেলিগ্রামের মাধ্যমে রোমান লাভরিনোভিচের সঙ্গে যোগাযোগ করেন। প্রথমে পোস্টার লাগানো ও দেয়ালে গ্রাফিতি আঁকার মতো কাজ দিলেও পরে তাকে অগ্নিসংযোগের মতো গুরুতর অপরাধে জড়িয়ে ফেলা হয়। বিনিময়ে অর্থ দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল।

বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে, রোমান লাভরিনোভিচ সম্ভবত জানতেন না যে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সম্পত্তিকে লক্ষ্যবস্তু করছেন। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে আরও দাবি করা হয়েছে, ‘ইএল’ নামে পরিচিত ব্যক্তি সম্ভবত ২৩ বছর বয়সী রুশ কূটনীতিক ইয়েভজেনি লিউকশিন। তিনি রুশ ভাষায় যোগাযোগ করতেন এবং বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে রাশিয়া ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে প্রচারণা চালাতেন। একই সঙ্গে ইউক্রেনবিরোধী বক্তব্য ও সহিংস কর্মকাণ্ডে উসকানিমূলক বার্তা ছড়ানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বিবিসি জানিয়েছে, রুশপন্থী বিভিন্ন অ্যাকাউন্ট সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিগ্রাম ব্যবহার করে যুক্তরাজ্যে বিভ্রান্তি, ভীতি ও সামাজিক বিভাজন তৈরির চেষ্টা করেছে। তারা ভুয়া উগ্র-ডানপন্থী এবং মুসলিমবিরোধী প্রচারণাও পরিচালনা করেছিল বলে অভিযোগ করা হয়েছে।

তদন্তে আরও বলা হয়েছে, হামলার পর স্টারমারকে লক্ষ্য করে চালানো অগ্নিসংযোগের উদ্দেশ্য সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হয়। এসব প্রচারণা পরে উগ্র-ডানপন্থী কিছু কর্মী ও অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে আরও ছড়িয়ে পড়ে।

তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্যে অবস্থিত রুশ দূতাবাস। এক বিবৃতিতে তারা বলেছে, রাশিয়া বা রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার চেষ্টা ভিত্তিহীন। রাশিয়া যুক্তরাজ্যের জন্য কোনো হুমকি নয় এবং ব্রিটেনের বিরুদ্ধে তাদের কোনো আগ্রাসী উদ্দেশ্যও নেই।

বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও ইয়েভজেনি লিউকশিন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের আগে তার সঙ্গে যোগাযোগের কয়েক ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট একটি বিতর্কিত টেলিগ্রাম চ্যানেল অদৃশ্য হয়ে যায় বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ঘটনাটি ইতোমধ্যে যুক্তরাজ্যের নিরাপত্তা মহলে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, যদি অভিযোগগুলো সত্য প্রমাণিত হয়, তাহলে এটি ইউরোপে রাশিয়ার তথাকথিত ‘হাইব্রিড অপারেশন’ বা গোপন প্রভাব বিস্তারের কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হবে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

বিচ্ছেদের জল্পনায় জল! দীপাবলির পার্টিতে হাতে হাত রেখে হাজির অভিষেক-ঐশ্বর্যা

দীর্ঘদিন ধরেই তাঁদের দাম্পত্য জীবন নিয়ে নানা জল্পনা বলিউডে। কখনও বিচ্ছেদের গুঞ্জন, কখনও পারিবারিক দূরত্বের খবর। তবে সব জল্পনাকে পিছনে ফেলে আবারও একসঙ্গে দেখা গেল…

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস, এক দিনেই উধাও আড়াই লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ের পর দেশটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের বিনিয়োগ ও সম্প্রসারণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর জেরে গতকাল বৃহস্পতিবার বড়…

৩২ কেজির ‘কামানের গোলা’ নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের বাগ্‌যুদ্ধ, বেইজিংয়ের দাবি মদের বোতল

পাপুয়া নিউগিনিতে (পিএনজি) উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের একটি সন্দেহজনক বস্তু ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক বাগ্‌যুদ্ধ। চীনের তৈরি বলে ধারণা করা…

শ্রমিক আন্দোলন ঘিরে বাংলাদেশে ফের ক্ষমতার পালাবদলের আশঙ্কা কতটা?

বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশে আবারও রাজনৈতিক ক্ষমতার পালাবদলের চেষ্টা হতে পারে বলে আশঙ্কার কথা উঠে এসেছে নর্থইস্ট নিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদনে।…

নেতানিয়াহুর জোটে ভাঙন, রোববার সরকার গঠনের দায়িত্ব পেতে পারেন আইজেনকোট

ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের জন্য রোববারের মধ্যে একজন প্রার্থীকে দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবর্তে বিরোধী নেতা ও সাবেক…

চুয়াডাঙ্গা বালিকা বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লিখল ছাত্রীরা, পুলিশের জিজ্ঞাসাবাদ

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au