সিডনির সমুদ্রসৈকতে হাঙরের হামলায় গুরুতর আহত লিয়া এখনও লাইফ সাপোর্টে। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ১৯ জুন- অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় কুজি বিচে হাঙরের হামলার শিকার হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও এক সন্তানের মা লিয়া স্টুয়ার্ট এখনও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার প্রায় এক সপ্তাহ পর তার পরিবার জানিয়েছে, তিনি এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন এবং লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
লিয়ার ভাই জশুয়া স্টুয়ার্ট তার বোনের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়ে বলেন, হামলায় গুরুতর আহত হওয়ার পর তাকে একাধিক জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। চিকিৎসকরা তাকে বাঁচানোর জন্য নিরলসভাবে কাজ করছেন।
গত শনিবার সিডনির কুজি বিচে সমুদ্রের তীরে, সৈকতের নিরাপদ সাঁতার অঞ্চলের মধ্যেই সাঁতার কাটছিলেন ৩৫ বছর বয়সী লিয়া স্টুয়ার্ট। এ সময় হঠাৎ একটি হাঙর তার ওপর আক্রমণ চালায়। হামলায় তার হাত ও পায়ে একাধিক গভীর ক্ষত, শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম এবং হাড় ভাঙার ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা এরই মধ্যে নিশ্চিত করেছেন যে, হামলার ভয়াবহতায় লিয়া তার একটি হাত হারিয়েছেন। তবে কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন স্বজনরা।
লিয়ার চিকিৎসা ও তার পরিবারের সহায়তায় একটি অনলাইন তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়। মাত্র কয়েক দিনের মধ্যেই সেখানে ব্যাপক জনসমর্থন দেখা গেছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তহবিলে চার লাখ ২৩ হাজার অস্ট্রেলীয় ডলারেরও বেশি অর্থ জমা হয়েছে।
তহবিলের পৃষ্ঠায় প্রকাশিত এক বার্তায় জশুয়া স্টুয়ার্ট স্থানীয় সম্প্রদায় ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, লিয়া, তার ছেলে অগাস্ট এবং পরিবারের প্রতি মানুষের ভালোবাসা, সহমর্মিতা ও উদারতায় তারা অভিভূত।
তিনি আরও জানান, “লিয়া এখনও আইসিইউতে রয়েছে এবং এই সপ্তাহে তার ব্যাপক অস্ত্রোপচার করতে হয়েছে। তিনি এখনও লাইফ সাপোর্টে আছেন। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা অসাধারণ সেবা দিচ্ছেন। অস্ত্রোপচারকারী বিশেষজ্ঞ দলও অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন।”
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, হামলায় সৃষ্ট আঘাতগুলো ছিল প্রাণঘাতী। ফলে তার শারীরিক অবস্থার উন্নতি হতে সময় লাগতে পারে।
অস্ট্রেলিয়ার সাম্প্রতিক সময়ে হাঙরের হামলার ঘটনাগুলোর মধ্যে এটি সবচেয়ে আলোচিত ঘটনা হয়ে উঠেছে। গত এক মাসে দেশটির জলসীমায় হাঙরের আক্রমণের শিকার হওয়া চতুর্থ ব্যক্তি লিয়া স্টুয়ার্ট। তবে আগের তিনটি ঘটনাই প্রাণঘাতী ছিল।
গত ১৬ মে রটনেস্ট দ্বীপের উপকূলে মাছ শিকারের সময় ৩৮ বছর বয়সী স্টিভেন ম্যাটাবোনি হাঙরের হামলায় নিহত হন। এর এক সপ্তাহ পর কেয়ার্নসের কেনেডি শোল এলাকায় একই ধরনের ঘটনায় প্রাণ হারান ৩৯ বছর বয়সী মাইকেল জেনস। এছাড়া ৬ মে অ্যালবানির উপকূলে হাঙরের হামলায় নিহত হন ৩৫ বছর বয়সী ড্যানিয়েল টারপিন।
সাম্প্রতিক এই হামলার পর সিডনির সমুদ্রসৈকত এলাকায় হাঙরের উপস্থিতি শনাক্তে নতুন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে সৈকতের ওপর ড্রোন উড়ানোর ওপর আরোপিত সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, যাতে উদ্ধার ও নিরাপত্তা সংস্থাগুলো আকাশপথে সমুদ্রসীমা পর্যবেক্ষণ করে হাঙরের অবস্থান শনাক্ত করতে পারে।
নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের কোষাধ্যক্ষ ড্যানিয়েল মুকি জানিয়েছেন, আগামী বাজেটের আগে সরকার হাঙরের হামলা প্রতিরোধ ও উপকূলীয় নিরাপত্তা জোরদারে অতিরিক্ত অর্থ বরাদ্দের বিষয়টি বিবেচনা করছে।
এদিকে লিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য দেশজুড়ে মানুষ প্রার্থনা করছেন। তার পরিবার জানিয়েছে, সামনে দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া অপেক্ষা করছে। তবে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা এবং মানুষের ব্যাপক সমর্থন তাদের আশাবাদী করে তুলেছে।
সূত্রঃ News.com.au