বিশ্ব

পরপর দুই শক্তিশালী ভূমিকম্প

ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা

 ধসে পড়েছে বহু ভবন; ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বহু মানুষ।

  • 4:39 pm - June 25, 2026
  • পঠিত হয়েছে:৩৩ বার
বুধবার সন্ধ্যায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানলে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়ে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানলে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন বলে জানা গেছে।

দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ হিসেবে আখ্যা দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীর কাছে অবস্থিত সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অন্তত কয়েকজন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। উদ্ধারকারী সংস্থাগুলো ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে। রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় বহু আবাসিক ও বাণিজ্যিক ভবন আংশিক বা সম্পূর্ণ ধসে পড়েছে।

কারাকাসের চাকাও জেলার মেয়র গুস্তাভো ডুকে জানিয়েছেন, তার এলাকায় অন্তত চারটি ভবন পুরোপুরি ধসে গেছে। এ পর্যন্ত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, প্রায় ৩০টি ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র আরও পরিষ্কার হবে।

ফ্যালকন অঙ্গরাজ্যের গভর্নর ভিক্টর ক্লার্ক জানান, উপকূলীয় অঞ্চলে একটি বহুতল ভবন ধসে অন্তত ১৫ জন এখনো আটকা রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ধসে পড়া ভবনটি ‘লা মার স্যুটস’ নামে পরিচিত একটি হোটেল ও আবাসিক স্থাপনা। ফ্যালকন রাজ্যের তুকাকাস শহরের একটি হাসপাতালে অন্তত ৩৫ জনের চিকিৎসা চলছে, যাদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন।

স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেয়ো জানিয়েছেন, ভূমিকম্পের পর নিরাপত্তার স্বার্থে বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গ্যাসজনিত কোনো দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভূমিকম্পের পর রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় বহুতল ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। ছবিঃ সংগৃহীত

ভূমিকম্পের সময় অধিকাংশ মানুষ ঘরবাড়িতে অবস্থান করছিলেন। কারণ সেদিন দেশটিতে একটি জাতীয় ছুটির দিন ছিল। কম্পন শুরু হওয়ার পর আতঙ্কিত মানুষ দ্রুত রাস্তায় নেমে আসেন। বহু বাসিন্দা জানিয়েছেন, ভবনগুলো তীব্রভাবে দুলতে শুরু করলে তারা প্রাণ বাঁচাতে বাইরে আশ্রয় নেন।

কারাকাসের আলতামিরা এলাকায় অন্তত ২২ তলা একটি ভবন ধসে পড়েছে। সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। শহরের বিভিন্ন অংশে ভবনের দেয়ালে ফাটল, কাচ ভেঙে পড়া এবং অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের পর সম্ভাব্য পরাঘাতের আশঙ্কায় এখনো হাজারো মানুষ খোলা আকাশের নিচে অবস্থান করছেন। দেশটির নাগরিক সুরক্ষা বিভাগ এবং জরুরি সেবা সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তৎপরতা চালাচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এই দুটি ভূমিকম্প ভেনেজুয়েলার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম। সংস্থাটির প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, প্রাণহানির সংখ্যা কয়েক হাজারে পৌঁছাতে পারে এবং অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দেশের মোট দেশজ উৎপাদনের ১ থেকে ৪ শতাংশ পর্যন্ত হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানি ঘটেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া যাচ্ছে। তিনি ভেনেজুয়াকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন।

ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, এল সালভাদর ও ডোমিনিকান প্রজাতন্ত্রসহ একাধিক লাতিন আমেরিকান দেশ ভেনেজুয়াকে সহায়তার প্রস্তাব দিয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে সম্ভাব্য সহায়তার বিষয়টি মূল্যায়নের নির্দেশ দিয়েছেন।

ভূমিকম্পের কম্পন ভেনেজুয়েলার বাইরেও কলম্বিয়া, ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে অনুভূত হয়েছে। প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।

সরকারি তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পের পর এখন পর্যন্ত অন্তত ২০টি আফটার শক রেকর্ড করা হয়েছে। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ভবন খালি করে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

সূত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

চীনে ‘বিনিয়োগ কার্যালয়’ খুলছে বাংলাদেশ

মেলবোর্ন, ২৫ জুন- চীনা বিনিয়োগকারীদের জন্য সেবা সহজ ও বিনিয়োগ প্রক্রিয়া আরও গতিশীল করতে চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

জাপানেও শক্তিশালী ভূমিকম্প, বুলেট ট্রেন চলাচল বন্ধ

মেলবোর্ন, ২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আঘাত…

১৮ ঘণ্টা পরও ধ্বংসস্তূপে প্রাণের সন্ধান, মৃতের সংখ্যা বেড়ে ৮

মেলবোর্ন, ২৫ জুন- ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার তারাতলা এলাকায় নির্মাণাধীন একটি গুদামের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। বুধবার দুপুরে ঘটে যাওয়া এ ভয়াবহ দুর্ঘটনার…

দেশব্যাপী আন্দোলনে নামতে চায় ভারতের মুসলিমরা

মেলবোর্ন, ২৫ জুন- ভারতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ক্রমবর্ধমান হামলা, বৈষম্য ও ধর্মীয় অধিকারে হস্তক্ষেপের অভিযোগ তুলে দেশব্যাপী আন্দোলনের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির মুসলিমদের অন্যতম…

গাছকে ‘জীবন্ত সত্তা’ হিসেবে স্বীকৃতি দিল কানাডার একটি শহর

মেলবোর্ন, ২৫ জুন- প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে ব্যতিক্রমী এক পদক্ষেপ নিয়েছে কানাডার কুইবেক প্রদেশের ছোট শহর টেরেস-ভড্রিউইল। শহরটির সিটি কাউন্সিল গাছকে আনুষ্ঠানিকভাবে ‘জীবন্ত সত্তা’ হিসেবে…

ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে ভবন; ব্যাপক হতাহতের আশঙ্কা

মেলবোর্ন, ২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়েছে, বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au