বাংলাদেশ

শাহ আলীর মাজারে হামলা: কমিটি নাকি কোটি টাকার সম্পদ; নেপথ্যে কী?

  • 5:02 pm - June 26, 2026
  • পঠিত হয়েছে:১৩ বার
শাহ আলীর মাজারে হামলার অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ জুন- বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে কয়েকশ বছরের পুরোনো শাহ আলী বাগদাদী (রহ.) মাজারে হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। হামলার পর থেকে প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই ধর্মীয় মতাদর্শগত বিরোধের ফল, নাকি এর পেছনে রয়েছে মাজার পরিচালনা কমিটির নিয়ন্ত্রণ, বিপুল সম্পদের দখল এবং আর্থিক স্বার্থের সংঘাত?

সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, সরকারি তথ্য, স্থানীয়দের অভিমত এবং বিভিন্ন পক্ষের দাবির ভিত্তিতে দেখা যায়, হামলার পেছনে একাধিক কারণ নিয়ে আলোচনা থাকলেও এখন পর্যন্ত তদন্তে কোনো একটি কারণকে চূড়ান্তভাবে নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

যেভাবে ঘটে হামলার ঘটনা

গত ১৪ মে বৃহস্পতিবার রাতে শাহ আলী মাজারে অন্যান্য দিনের মতোই হাজারো ভক্ত, অনুসারী ও দর্শনার্থীর সমাগম হয়। কেউ জিকিরে অংশ নেন, কেউ ভাবগান করেন, আবার অনেকে রওজা জিয়ারত করতে আসেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত প্রায় ১১টার দিকে হঠাৎ করেই একদল ব্যক্তি লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মাজার প্রাঙ্গণে প্রবেশ করে হামলা চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা মাজারের ভেতরে অবস্থানরত ভক্তদের মারধর করছেন, মোমবাতি ও জিয়ারতের বিভিন্ন সামগ্রী ভাঙচুর করছেন। আতঙ্কে নারী-পুরুষসহ অসংখ্য মানুষ দিকবিদিক ছুটে পালানোর চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শী মঞ্জুরুল ইসলাম খান দাবি করেন, হামলাকারীদের অনেকের মুখে মাস্ক ছিল এবং তাদের হাতে লাঠি, লোহার রড, পাইপ ও হকি স্টিক ছিল। হামলার সময় তারা ধর্মীয় স্লোগানও দেন বলে তিনি অভিযোগ করেন।

হামলায় আহত মোহাম্মদ ইবরাহীম বলেন, জীবনে এমন হামলা তিনি আগে দেখেননি। তাঁর দাবি, প্রায় ৬০ থেকে ৭০ জন একযোগে হামলা চালায় এবং প্রাণভিক্ষা চেয়েও রেহাই পাওয়া যায়নি।

বিপুল সম্পদ ঘিরে প্রশ্ন

শাহ আলী মাজার শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিপুল সম্পদও।

মাজার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঢাকার বিভিন্ন এলাকায় মাজারের প্রায় ২৮ একর জমি রয়েছে। এসব জমিতে মার্কেট, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। যদিও এর কিছু অংশ বেদখল হয়ে গেছে বলে দাবি করা হয়।

তথ্য অনুযায়ী, মাজার থেকে বছরে গড়ে প্রায় ১৪ কোটি টাকা আয় হয়। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে মোট আয় হয়েছে প্রায় ৬৮ কোটি ৬৭ লাখ টাকার বেশি। একই সময়ে ব্যয় হয়েছে প্রায় ৪০ কোটি ৩২ লাখ টাকা। চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন ব্যাংকে মাজারের হিসাবে জমা রয়েছে প্রায় ১৪ কোটি টাকা এবং স্থায়ী আমানত (এফডিআর) রয়েছে প্রায় ১৭ কোটি ৪৭ লাখ টাকার কাছাকাছি।

তবে অভিযোগ রয়েছে, প্রকৃত আয় নথিতে কম দেখিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। যদিও এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কমিটির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কবি ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার দাবি করেন, কিছু দোকান থেকে প্রকৃত ভাড়ার তুলনায় অনেক কম অর্থ কাগজে দেখানো হয় এবং বাকি অর্থ একটি সিন্ডিকেট আত্মসাৎ করে। তবে এ অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

দুই বছর ধরে কমিটিহীন মাজার

দীর্ঘদিন ধরে স্থানীয় সংসদ সদস্যই শাহ আলী মাজার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। তাঁর সুপারিশেই অন্যান্য সদস্য নিয়োগের রেওয়াজ ছিল।

কিন্তু ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর আগের কমিটি বিলুপ্ত হয়ে যায়। এরপর থেকে মাজারের মোতাওয়াল্লির দায়িত্ব পালন করছে ঢাকা জেলা প্রশাসন।

বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসনের সচিব সাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, বর্তমানে জেলা প্রশাসকই মাজারের মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন কমিটি গঠনের বিষয়ে আলোচনা চলছে, তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

সূত্রগুলোর দাবি, নতুন পরিচালনা কমিটি গঠনের জন্য অন্তত ছয়টি পৃথক প্রস্তাব ওয়াক্‌ফ প্রশাসনের কাছে জমা পড়েছে।

একটি প্রস্তাব দিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান। অন্য কয়েকটি প্রস্তাব বিএনপির বিভিন্ন নেতার পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

তবে এসব কমিটিতে কারা রয়েছেন, সে বিষয়ে ওয়াক্‌ফ প্রশাসন কোনো তথ্য প্রকাশ করেনি।

সুফিবাদভিত্তিক সংগঠনের নেতা আফতাব আলম জিলানী বলেন, যেসব মাজারে পীরের উত্তরসূরি নেই, সেগুলো সরকারিভাবেই পরিচালিত হয়। তাঁর মতে, এখন যেভাবে কমিটির পদ নিয়ে প্রতিযোগিতা চলছে, তাতে আর্থিক স্বার্থের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না।

মাদকবিরোধী অভিযান নাকি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা?

হামলার আগে কয়েক দফা শাহ আলী মাজারে মাদকবিরোধী অভিযানের ঘটনাও আলোচনায় আসে।

ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে কয়েকটি অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতেই পুলিশকে সহযোগিতা করে এসব অভিযান পরিচালনা করা হয়েছিল। তাঁর দাবি, শাহ আলী মাজার দীর্ঘদিন ধরেই মাদকসংশ্লিষ্ট অভিযোগের কেন্দ্র হিসেবে পরিচিত।

অন্যদিকে ফরহাদ মজহার বলেন, দেশের বিভিন্ন স্থানে মাদক থাকলেও শুধু মাজারকে কেন্দ্র করে বারবার অভিযান চালানোর পেছনে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা থাকতে পারে।

ধর্মীয় উগ্রবাদ নিয়েও উদ্বেগ

সুফি ঐতিহ্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ‘মাকাম: সেন্টার ফর সুফি হেরিটেজ’-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে অন্তত ৯৭টি মাজারে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলা হয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, চলতি বছরও একাধিক মাজারে হামলার ঘটনা ঘটেছে এবং শাহ আলী মাজার সর্বশেষ আক্রান্ত স্থাপনাগুলোর একটি।

ফরহাদ মজহারের মতে, বাংলাদেশের একটি অংশ দীর্ঘদিন ধরে সুফিবাদ ও মাজার সংস্কৃতির বিরোধিতা করে আসছে এবং সেই মতাদর্শগত দ্বন্দ্বও এসব হামলার পেছনে ভূমিকা রাখতে পারে।

গ্লোবাল সুফি অর্গানাইজেশনের নেতা আফতাব আলম জিলানীও অভিযোগ করেন, একটি গোষ্ঠী জোরপূর্বক নিজেদের ধর্মীয় ব্যাখ্যা সমাজে প্রতিষ্ঠা করতে চাইছে।

হামলার ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, গ্রেপ্তার হওয়া কয়েকজনকে অতীতে জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মসূচিতে দেখা গেছে। জিজ্ঞাসাবাদে তাদের কয়েকজন নিজেদের দলটির কর্মী বলেও স্বীকার করেছেন বলে তিনি দাবি করেন।

তবে জামায়াতে ইসলামী এ অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে।

দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা বলেন, শাহ আলী মাজারে হামলার সঙ্গে জামায়াত বা ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নেই। তাঁর ভাষায়, এটি দলকে জড়িয়ে পরিকল্পিত অপপ্রচার।

শাহ আলীর মাজারে হামলার ঘটনাকে ঘিরে বর্তমানে ধর্মীয় মতাদর্শ, রাজনৈতিক প্রভাব, মাদকবিরোধী অভিযান, পরিচালনা কমিটির নিয়ন্ত্রণ এবং কোটি কোটি টাকার সম্পদের ব্যবস্থাপনা, সবকিছুই আলোচনায় এসেছে। তবে এসব অভিযোগের অনেকগুলোই এখনো তদন্তাধীন এবং বিভিন্ন পক্ষের দাবি-পাল্টা দাবির পর্যায়ে রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হামলার প্রকৃত উদ্দেশ্য, পরিকল্পনাকারী এবং এর পেছনে কোনো সংগঠিত স্বার্থগোষ্ঠী ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পরই এ ঘটনার নেপথ্যের প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

সূত্রঃ বাংলা স্ট্রিম

এই শাখার আরও খবর

কারা উঠল শেষ বত্রিশে, বাদ পড়ল কারা

মেলবোর্ন, ২৬ জুন- ১২ গ্রুপের মধ্যে ৬টি গ্রুপের সব ম্যাচ শেষ। এরই মধ্যে রাউন্ড অব থার্টি টুর ১৯টি দল চূড়ান্ত হয়ে গেছে। বাদ পড়েছে ৮টি।…

বাংলার আত্মা: সম্প্রীতির শেকড় ও উগ্রতার অশনি সংকেত

মেলবোর্ন, ২৬ জুন- বাংলাদেশ মানে ছয় ঋতুর দেশ। এই দেশের মাটিতে যেমন পদ্মা-মেঘনা-যমুনা বয়ে গেছে, তেমনি বয়ে গেছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—চার সম্প্রদায়ের যৌথ স্মৃতি।…

সাদা-কালো পতাকায় সয়লাব দেশ, নেপথ্যে কারা? অর্থ কারা দিচ্ছে?

মেলবোর্ন, ২৬ জুন- ‘আপনারা সব জায়গায় কালেমার পতাকা লাগায়ে দেবেন। এখন যদি এটা জঙ্গিবাদ হয়ে থাকে, তাহলে আর্জেন্টিনা এবং ব্রাজিল– এগুলোর সব পতাকা নামাতে হবে।…

ওয়ান নেশনের উত্থান নিয়ে সতর্কবার্তা, অস্ট্রেলিয়ানদের ‘জেগে ওঠার’ আহ্বান

মেলবোর্ন, ২৬ জুন- অস্ট্রেলিয়ায় ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের জনপ্রিয়তা হঠাৎ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির গ্রিনস দলের সিনেটর পিট হুইশ-উইলসন। তিনি অভিযোগ করেছেন,…

অস্ট্রেলিয়ায় আরও কঠোর হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম আইন

মেলবোর্ন, ২৬ জুন- অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরোপিত নিষেধাজ্ঞা আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। প্রযুক্তি কোম্পানিগুলোর ‘জবাবদিহিহীন…

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, আহত দেড় হাজারের বেশি

মেলবোর্ন, ২৬ জুন-দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত এক হাজার ৫২০ জন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au