বিশ্ব

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার, হাজারো নাবিক উদ্ধারের অভিযান স্থগিত

  • 7:10 pm - June 26, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
হরমুজ প্রণালি। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৬ জুন- পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার পর সেখানে আটকে থাকা হাজারো নাবিককে উদ্ধারে পরিচালিত আন্তর্জাতিক অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার দাবি, হামলাটি ইরান চালিয়েছে। তবে এ বিষয়ে ইরান এখন পর্যন্ত কোনো দায় স্বীকার করেনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানান, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘের তত্ত্বাবধানে চলমান উদ্ধার কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর থেকে পারস্য উপসাগরে আটকে থাকা অসংখ্য বাণিজ্যিক জাহাজ এবং তাতে অবস্থানরত হাজারো নাবিককে নিরাপদে সরিয়ে নিতে এ অভিযান পরিচালিত হচ্ছিল।

তবে হামলার বিষয়ে ওই মার্কিন কর্মকর্তা বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি। একই সঙ্গে ইরানও আনুষ্ঠানিকভাবে হামলার দায় অস্বীকার বা স্বীকার কোনোটিই করেনি।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, বৃহস্পতিবার একটি পণ্যবাহী জাহাজের ডান পাশে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা উড়ন্ত বস্তু আঘাত হানে। এতে জাহাজটির ব্রিজ বা চালকের কক্ষ ক্ষতিগ্রস্ত হলেও কোনো নাবিক হতাহত হননি। পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি বলে ক্যাপ্টেন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে ইউকেএমটিও। পাশাপাশি ওই এলাকায় চলাচলকারী সব জাহাজকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক কোনো তৎপরতা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতেও বলা হয়েছে।

হামলার পর আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেয়। সংস্থাটির মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ এক বিবৃতিতে বলেন, আইএমওর পরিকল্পনার আওতায় ইতোমধ্যে কয়েকটি জাহাজ নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তবে উদ্ধার তালিকায় থাকা অন্যান্য জাহাজ এবং ওই অঞ্চলে অবস্থানরত নাবিকদের নিরাপত্তা পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। সেই কারণেই আপাতত উদ্ধার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

তিনি আরও জানান, ওমান উপসাগরে একটি জাহাজে হামলার খবর পাওয়া গেছে। তবে সেটি আইএমওর পরিচালিত উদ্ধার অভিযানের আওতায় ছিল না। তারপরও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পুরো অভিযান পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর্সেনিও ডোমিঙ্গুয়েজ বলেন, নাবিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি সম্পূর্ণ পরিষ্কার না হওয়া পর্যন্ত এবং নিরাপদ নৌ চলাচলের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত উদ্ধার পরিকল্পনা স্থগিত থাকবে।

তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক নাবিক দিবসের এই সময়ে পারস্য উপসাগরে আটকে থাকা হাজারো নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা আরও বেশি গুরুত্ব পেয়েছে। চলমান ভূরাজনৈতিক সংঘাতের অনাকাঙ্ক্ষিত শিকার যেন তারা না হন, সে বিষয়টি নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব।

আইএমও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি হওয়া একটি সমঝোতার ফলে পারস্য উপসাগরে আটকে থাকা ১১ হাজারের বেশি নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছিল। সেই পরিকল্পনার আওতায় উদ্ধার কার্যক্রমও শুরু হয়েছিল। কিন্তু সর্বশেষ হামলার ঘটনার পর পুরো কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

এদিকে ইরানের পারস্য উপসাগরীয় সমুদ্রপথ ব্যবস্থাপনা সংস্থা নতুন সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, ইরান নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকারী কোনো জাহাজের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে না। পাশাপাশি এসব জাহাজ বিমা সুবিধা কিংবা অন্য কোনো দায়বদ্ধতার আওতায়ও থাকবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি আরও জানায়, অনুমোদিত রুটের বাইরে যাত্রা করলে তার সম্পূর্ণ দায়ভার জাহাজের মালিক, অপারেটর এবং ক্যাপ্টেনকেই বহন করতে হবে।

বিশ্লেষকদের মতে, এই ঘোষণা হরমুজ প্রণালিতে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে বৈশ্বিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহও বড় ধরনের চাপের মুখে পড়তে পারে।

এদিকে এমন এক সময়ে এ হামলার ঘটনা ঘটল, যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় অঞ্চলে সফর করছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া ১৪ দফার সমঝোতা স্মারক নিয়ে আঞ্চলিক মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করছেন তিনি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ওই সমঝোতা স্মারকের বিষয়বস্তু প্রকাশ করে। সেখানে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত রাখা, ইরানের ওপর আরোপিত কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করা এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

সর্বশেষ হামলার পর ওই সমঝোতা বাস্তবায়ন এবং পারস্য উপসাগরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা।

এই শাখার আরও খবর

ডিআর কঙ্গোতে ইবোলায় মৃত ৩০০ ছাড়াল, দ্রুত বাড়ছে সংক্রমণ

মেলবোর্ন, ২৬ জুন- কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। চলতি বছরের মে মাসে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে এখন পর্যন্ত…

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার

মেলবোর্ন, ২৬ জুন- বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ,…

শাহ আলীর মাজারে হামলা: কমিটি নাকি কোটি টাকার সম্পদ; নেপথ্যে কী?

মেলবোর্ন, ২৬ জুন- বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে কয়েকশ বছরের পুরোনো শাহ আলী বাগদাদী (রহ.) মাজারে হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। হামলার পর থেকে…

কারা উঠল শেষ বত্রিশে, বাদ পড়ল কারা

মেলবোর্ন, ২৬ জুন- ১২ গ্রুপের মধ্যে ৬টি গ্রুপের সব ম্যাচ শেষ। এরই মধ্যে রাউন্ড অব থার্টি টুর ১৯টি দল চূড়ান্ত হয়ে গেছে। বাদ পড়েছে ৮টি।…

বাংলার আত্মা: সম্প্রীতির শেকড় ও উগ্রতার অশনি সংকেত

মেলবোর্ন, ২৬ জুন- বাংলাদেশ মানে ছয় ঋতুর দেশ। এই দেশের মাটিতে যেমন পদ্মা-মেঘনা-যমুনা বয়ে গেছে, তেমনি বয়ে গেছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—চার সম্প্রদায়ের যৌথ স্মৃতি।…

সাদা-কালো পতাকায় সয়লাব দেশ, নেপথ্যে কারা? অর্থ কারা দিচ্ছে?

মেলবোর্ন, ২৬ জুন- ‘আপনারা সব জায়গায় কালেমার পতাকা লাগায়ে দেবেন। এখন যদি এটা জঙ্গিবাদ হয়ে থাকে, তাহলে আর্জেন্টিনা এবং ব্রাজিল– এগুলোর সব পতাকা নামাতে হবে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au