বিশ্ব

ট্রাম্পকে হত্যার চেষ্টা করলে ‘হাজারো ক্ষেপণাস্ত্র’ হামলার হুমকি

  • 5:02 pm - July 11, 2026
  • পঠিত হয়েছে:১৩১ বার
ডোনাল্ড ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ জুলাই- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যদি তাঁকে হত্যা বা হত্যার চেষ্টা করে, তবে দেশটির বিরুদ্ধে ব্যাপক সামরিক হামলা চালানো হবে। তিনি বলেছেন, এমন পরিস্থিতির জন্য ইরানের দিকে এক হাজার ক্ষেপণাস্ত্র তাক করে প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনে এর পর আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট, অর্থাৎ আমাকে হত্যা বা হত্যার চেষ্টা করার জন্য ইরান সরকার বিশ্বের বিভিন্ন স্থানে হুমকি দিচ্ছে। যদি তারা সেই হুমকি বাস্তবায়নের চেষ্টা করে, তাহলে ইরানের দিকে এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে। এরপর আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।’

তিনি আরও দাবি করেন, এ বিষয়ে প্রয়োজনীয় সামরিক নির্দেশনা আগেই দেওয়া হয়েছে। ট্রাম্পের ভাষ্য, এক বছরের জন্য মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত, সক্ষম এবং প্রয়োজন হলে এই প্রস্তুতির সময় আরও বাড়ানো হবে। তিনি বলেন, পরিস্থিতি সৃষ্টি হলে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করে দিতে প্রস্তুত।

ট্রাম্পের এই বক্তব্যের আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার একটি নতুন পরিকল্পনা নিয়ে ইসরায়েল সম্প্রতি যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য দিয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে এ বিষয়ে সতর্কবার্তা ওয়াশিংটনের কাছে পৌঁছেছে।

আরেকটি সূত্রের দাবি, ট্রাম্পকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহ ধরেই বিভিন্ন গোয়েন্দা তথ্য পাচ্ছিল। তবে ইসরায়েলের দেওয়া সর্বশেষ তথ্য একটি নির্দিষ্ট ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করছে।

তবে কয়েকজন মার্কিন কর্মকর্তা ভিন্ন ব্যাখ্যাও দিয়েছেন। তাঁদের মতে, ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে কি না, তা নিয়ে ট্রাম্প প্রশাসন এখনো সিদ্ধান্ত নেয়নি। ইসরায়েলের এই গোয়েন্দা তথ্য সেই সিদ্ধান্তে প্রভাব ফেলতেই সামনে আনা হয়ে থাকতে পারে।

২০২০ সালে ট্রাম্পের নির্দেশে ইরাকে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। এরপর থেকেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে আসছে, ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান ট্রাম্পকে লক্ষ্যবস্তু করতে পারে।

সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ও সপ্তাহব্যাপী শোকানুষ্ঠানে অংশ নেওয়া কিছু মানুষের হাতে ট্রাম্পবিরোধী ব্যানার এবং তাঁকে হত্যার আহ্বানসংবলিত স্লোগান দেখা যায়। এর পর থেকেই ট্রাম্পের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

গত বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘তারা যুক্তরাষ্ট্রের নেতাকে, অর্থাৎ আমাকে সরিয়ে দিতে চায়। আমি তাদের প্রতিটি হিটলিস্টেই আছি। এখন পর্যন্ত আমি ভাগ্যবান ছিলাম, তবে ভাগ্য সব সময় সহায় নাও থাকতে পারে।’

সাম্প্রতিক যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন কূটনৈতিক টানাপোড়েন চলছে, তখন ট্রাম্পের এই হুঁশিয়ারি এবং নতুন গোয়েন্দা তথ্য দুই দেশের মধ্যকার উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au