বিশ্ব

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সহিংসতায় ৩০ জন নিহতের দাবি

  • 12:57 pm - July 31, 2026
  • পঠিত হয়েছে:২৪১ বার
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সহিংসতা ।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩১ জুলাই: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আঞ্চলিক নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে নিষিদ্ধ ঘোষিত আন্দোলনকারী সংগঠন জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (জেএএসি)। একই সঙ্গে নির্বাচন চলাকালে প্রাণঘাতী সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সোমবার (২৭ জুলাই) প্রথম দফার ভোটগ্রহণ চলাকালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে জেএএসির অন্তত ২০ জন সমর্থক নিহত হন বলে বুধবার প্রকাশিত এক ভিডিও বার্তায় দাবি করেন সংগঠনটির নেতা সারদার ওমর নাজির।

তিনি আরও দাবি করেন, পরদিন রাওয়ালাকোট, মিরপুর এবং অন্যান্য এলাকায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চলাকালে আরও অন্তত ১০ জন নিহত হয়েছেন। তার ভাষ্য, তাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ এবং অহিংস। কিন্তু নিরাপত্তা বাহিনী আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে।

অন্যদিকে পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারের সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। তবে জেএএসির দাবি করা নিহতের সংখ্যা সম্পর্কে সরকারিভাবে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।

ঘটনার পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের অভিযোগকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে পুরো ঘটনার নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত দাবি করেছে।

সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা (এসিএলইডি)-এর জ্যেষ্ঠ বিশ্লেষক পিয়ার প্যান্ডিয়া বলেন, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চলমান সহিংসতা পুরো নির্বাচনী প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করতে পারে।

সোমবার মিরপুর, কোটলি ও ভিম্বার জেলায় প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আগামী ২ আগস্ট এবং ১০ আগস্ট আরও দুই দফায় ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।

প্রথম দফার নির্বাচনে ১৩টি আসনের মধ্যে ৯টিতে জয় পেয়েছে পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)।

গত জুনে স্থানীয় সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটিকে (জেএএসি) নিষিদ্ধ ঘোষণা করার পর থেকেই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংস বিক্ষোভ শুরু হয়। এরপর অঞ্চলজুড়ে ব্যাংকিং সেবা, সড়ক যোগাযোগ এবং ইন্টারনেট পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় তথ্যপ্রবাহও সীমিত হয়ে পড়ে।

পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, কাশ্মীরি বিক্ষোভকারীদের সঙ্গে ভারত-সমর্থিত সশস্ত্র ব্যক্তিরাও যুক্ত ছিলেন। তবে ভারত অতীতের মতো এবারও এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, জেএএসিকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত আইনসম্মত নয় এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের কোনো বৈধতা নেই।

সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক ইসাবেল লাসি পাকিস্তান সরকারকে অবিলম্বে সব ধরনের যোগাযোগব্যবস্থা পুনরায় চালু করার পাশাপাশি গণমাধ্যম ও স্বাধীন পর্যবেক্ষকদের ওই এলাকায় প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

জেএএসির অন্যতম প্রধান দাবি হলো কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২টি আইনসভা আসন বাতিল করা। সংগঠনটির অভিযোগ, এসব আসনের মাধ্যমে পাকিস্তানের বড় রাজনৈতিক দলগুলো অঞ্চলের বাইরে থাকা ভোটারদের ব্যবহার করে স্থানীয় পার্লামেন্টের ক্ষমতার ভারসাম্য নিজেদের পক্ষে নিয়ে যায়।

রাজনৈতিক বিশ্লেষক হাসান আসকারি বলেন, সরকার গঠনের জন্য পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজকে (পিএমএল-এন) সম্ভবত ওই বিতর্কিত ১২টি সংরক্ষিত আসনের প্রতিনিধিদের সমর্থনের ওপর নির্ভর করতে হবে। তাই এই বিতর্কের সমাধান সরকার কীভাবে করবে, সেটিই এখন বড় প্রশ্ন।

এদিকে ভোট বর্জন না করা বিভিন্ন রাজনৈতিক দলও নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি জানিয়েছে। তারা একে অপরের বিরুদ্ধে ব্যালট বাক্স ছিনতাই, ভোট কারচুপি এবং অনিয়মের অভিযোগ তুলেছে। এতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নির্বাচন ঘিরে রাজনৈতিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকিতে অস্বস্তিতে অস্ট্রেলিয়ার লেবার পার্টি, চাপে প্রধানমন্ত্রী আলবানিজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর হুমকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জন্য রাজনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠেছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়া, জ্বালানির…

দিল্লিতে হঠাৎ এনএসআই মহাপরিচালক, আলোচনায় শেখ হাসিনার প্রত্যাবর্তন

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদের দিল্লি সফরকে ঘিরে বাংলাদেশ-ভারত নিরাপত্তা সহযোগিতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য…

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সরকার অনুমতি দিলে এবং প্রয়োজন হলে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি…

নভেম্বরে ঢাকায় ইজতেমা, পাকিস্তান থেকে আসছেন শীর্ষ ধর্মীয় নেতারা

পাকিস্তানভিত্তিক আন্তর্জাতিক ইসলামি সংগঠন দাওয়াতে ইসলামী আগামী ১৮ থেকে ২০ নভেম্বর ঢাকায় তিন দিনব্যাপী ‘সুন্নাহ-অনুপ্রাণিত ইজতেমা’ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে উত্তরা সেন্টার মেট্রোরেল…

ভোটারদের প্রভাবিত করতে যেভাবে এআই ব্যবহার করছেন মার্কিন রাজনীতিকেরা

নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটকে নিজেদের পক্ষে প্রভাবিত করার কৌশল নিচ্ছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রার্থীরা। চ্যাটজিপিটি, ক্লড ও জেমিনির মতো এআই…

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাপার দুর্গাপূজার ২০ বছর

ওটিএন বাংলা, ক্যানবেরা: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা আর প্রজন্মের মেলবন্ধনে দুর্গাপূজা আয়োজনের দুই দশক উদ্‌যাপন করল বাংলাদেশ অস্ট্রেলিয়া পূজা অ্যাসোসিয়েশন—বাপা। ১৬ থেকে ১৮ অক্টোবর ক্যানবেরায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au