নাসীরুদ্দীন ও সারজিসের ওপর বিএনপির হামলা। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ৩১ জুলাই: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ৯ নেতার বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগটি দায়ের করেন। অভিযোগে তিনি এনসিপির নয়জন নেতার বিরুদ্ধে হামলা, ভাঙচুর এবং মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, এনসিপির ৯ নেতার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত ও যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে এটি মামলা হিসেবে রুজু করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
লিখিত অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ২৮ জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনে শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শোকসভা ও আলোচনা অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে ছাত্রদলের নেতাকর্মীরা হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে জড়ো হন।
এ সময় এনসিপির নেতাকর্মীদের একটি দল সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে প্রথমে পাল্টাপাল্টি স্লোগান শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ধাওয়া-পাল্টাধাওয়া এবং কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়েছে, সংঘর্ষের একপর্যায়ে এনসিপির নেতাকর্মীরা লোহার রড, ইটের টুকরা ও বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান। এতে ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন।
এ ছাড়া হামলার সময় কয়েকজনের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগে উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ঘটনাটি তদন্তাধীন রয়েছে।