এসএসসিতে ৭ লাখ ফেল, ইংরেজি-গণিতে বড় ধাক্কা
মেলবোর্ন, ১২ আগস্ট: গত ১৯ বছরের মধ্যে এবার এসএসসি পরীক্ষায় সবচেয়ে কম পাসের হার দেখা গেছে। প্রতি তিনজন পরীক্ষার্থীর একজনের বেশি এবার উত্তীর্ণ হতে পারেনি।…
মেলবোর্ন, ১২ আগষ্ট- ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে তাদের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পরদিনই দীনেশ ত্রিবেদীর দিল্লি সফর এবং নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠককে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ, গত কয়েক দিনে বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ে একাধিক বৈঠক হয়েছে এবং দুই দেশের সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
ঢাকায় গত দুই দিনে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের তিন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। সোমবার তিনি প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি।
বাংলাদেশে আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার প্রায় দেড় মাসের মধ্যে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার। এমন সময়ে এই বৈঠক হলো, যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। সম্প্রতি নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে তাকে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়া নিয়ে বাংলাদেশ সরকার তীব্র আপত্তি জানিয়েছে।
তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের জানান, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত করার জন্য ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে যে সহায়ক পরিবেশ প্রয়োজন, সেই বিষয়টিও ভারতীয় হাইকমিশনারের কাছে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।
এদিকে ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়েও আলোচনা চলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তবে বাংলাদেশ সরকার এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বেও অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। এ বিষয়ে পরবর্তী কোনো তথ্য থাকলে তা জানানো হবে বলেও জানান তিনি।
দীনেশ ত্রিবেদী গত ২৫ জুন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন। এর প্রায় এক মাস পর ২৯ জুলাই তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।
চলতি বছরের এপ্রিলে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দেশটির ১৬তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী দীর্ঘদিন ভারতের রাজনীতির সঙ্গে যুক্ত। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে পাঠিয়েছে ভারত।
দীনেশ ত্রিবেদী গত ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বাংলাদেশের রাজনৈতিক ও সরকারি পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ করছেন।
মোদির সঙ্গে তার সর্বশেষ বৈঠক এবং এর আগে ঢাকায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের ফলে শেখ হাসিনার প্রত্যর্পণ, দুই দেশের সম্পর্কের টানাপোড়েন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরসহ বিভিন্ন বিষয় নিয়ে দিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক যোগাযোগ আরও সক্রিয় হয়েছে বলে মনে করা হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au