বাংলাদেশ

সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, বোমাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার

  • 5:03 am - August 12, 2026
  • পঠিত হয়েছে:১৪ বার
সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ আগষ্ট- ঢাকার সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় একটি তিনতলা বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। অভিযানে সাভার মডেল থানার পুলিশ সদস্যরাও অংশ নিয়েছেন। মঙ্গলবার রাতে অভিযান চলাকালে বোমাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

হেমায়েতপুরের দক্ষিণ শ্যামপুর এলাকায় আবদুল জলিলের মালিকানাধীন বাড়িতে এ অভিযান চলছে। রাত পৌনে ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এসব তথ্য জানান।

ওসি সাইফুল আলম বলেন, ডিএমপির সিটিটিসির একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, দক্ষিণ শ্যামপুর এলাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা অবস্থান করছে এবং তাদের কাছে বিস্ফোরক দ্রব্য রয়েছে। পরে হেমায়েতপুর এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে বোমাসহ বিস্ফোরকসদৃশ বিভিন্ন দ্রব্য উদ্ধার করা হয়। এরপর ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে আবদুল জলিলের বাড়িতে অভিযান শুরু করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তি গত ১ আগস্ট ওই বাড়িতে বাসা ভাড়া নিয়েছিলেন। বাড়িটি ঘিরে রেখে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। থানা-পুলিশের সদস্যদের পাশাপাশি বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরাও বাড়িটির চারপাশে অবস্থান করছেন। আটক ব্যক্তিকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

উদ্ধার হওয়া বিস্ফোরক সম্পর্কে ওসি সাইফুল আলম বলেন, আটক করার সময় ওই ব্যক্তির কাছে থাকা একটি ব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি শক্তিশালী পাঁচটি পাইপবোমা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িটির নিচতলার একটি কক্ষ থেকে একই ধরনের আরও বেশ কয়েকটি বোমা এবং বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বাড়িটির মালিক আবদুল জলিলের মেয়ে ইলমা সাংবাদিকদের বলেন, আব্বাস আলী নামের একজনসহ আরও একজন বাড়িটি ভাড়া নিতে এসেছিলেন। পরে ২ আগস্ট তাদের বাসা ভাড়া দেওয়া হয়। তারা সম্ভবত ৩ আগস্ট রাত থেকে সেখানে থাকা শুরু করেন। তারা জানিয়েছিলেন, স্বামী-স্ত্রী হিসেবে থাকবেন এবং পাশের একটি স্কুলে শিশুদের পড়াবেন। নিজেদের গাড়িচালক হিসেবেও পরিচয় দিয়েছিলেন তারা। পরিবার নিয়ে থাকবেন মনে করেই তাদের বাসা ভাড়া দেওয়া হয়েছিল। ভেতরে এত কিছু রাখা হয়েছে, তা বাড়ির মালিকপক্ষ জানত না বলে দাবি করেন তিনি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া বোমা ও অন্যান্য বিস্ফোরকসদৃশ বস্তু নিরাপদে নিষ্ক্রিয় করতে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা কাজ করছেন। একই সঙ্গে বাড়ির ভেতরে আরও কোনো বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম বা সংশ্লিষ্ট কেউ অবস্থান করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, এর আগে গত ৩০ জুলাই সাভারের আশুলিয়ায় একটি মুদিদোকানের সামনে ফেলে যাওয়া একটি ভ্রমণব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি একটি বোমা উদ্ধার করেছিল পুলিশ। পরে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

দক্ষিণ শ্যামপুরের এই অভিযানের ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়িটির আশপাশে সাধারণ মানুষের চলাচল সীমিত করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। অভিযান শেষ হওয়ার পর উদ্ধার হওয়া বোমা ও বিস্ফোরক দ্রব্যের ধরন, আটক ব্যক্তির পরিচয় এবং তার সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এই শাখার আরও খবর

এসএসসিতে ৭ লাখ ফেল, ইংরেজি-গণিতে বড় ধাক্কা

মেলবোর্ন, ১২ আগস্ট: গত ১৯ বছরের মধ্যে এবার এসএসসি পরীক্ষায় সবচেয়ে কম পাসের হার দেখা গেছে। প্রতি তিনজন পরীক্ষার্থীর একজনের বেশি এবার উত্তীর্ণ হতে পারেনি।…

সাবেক নারী সহকর্মীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, তদন্তে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

মেলবোর্ন, ১১ আগস্ট:  সাবেক এক নারী সহকর্মীকে নিয়ে ব্যক্তিগত ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কয়েকজন কর্মকর্তা ও সাবেক কর্মকর্তার…

আগস্টের শেষ সপ্তাহেই দিল্লি যেতে পারেন তারেক রহমান

 মেলবোর্ন, ১২ আগষ্ট-  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী আগস্টের শেষ সপ্তাহে ভারত সফর করতে পারেন। ভারতে রাষ্ট্রপতি নির্বাচন ও মন্ত্রিসভা সম্প্রসারণের প্রক্রিয়া শেষ হওয়ার পরই…

‘বন্দে মাতরম’ অপমানে তিন বছরের বেশি কারাদণ্ডের বিধান ভারতে

মেলবোর্ন, ১১ আগস্ট: ভারতে ‘বন্দে মাতরম’ গানকে অপমান বা এর পরিবেশনায় ইচ্ছাকৃত ভাবে বাধা দেওয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী…

দুই দিনের ঢাকা সফর শেষে মোদির সঙ্গে বৈঠকে দীনেশ ত্রিবেদী

মেলবোর্ন, ১২ আগষ্ট- ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন…

ইরানি হামলার আশঙ্কায় খাবারের গাড়িতে গোপনে বিমান বদলেছিলেন ট্রাম্প

মেলবোর্ন, ১২ আগস্ট: ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রে ফেরার সময় গোপনে বিমান পরিবর্তন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au