হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
মেলবোর্ন, ২৪ আগষ্ট- যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে মো. রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। আহত ব্যক্তি চিকিৎসা নেওয়ার পর বর্তমানে সুস্থ আছেন।
স্থানীয় সময় শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকায় রকাওয়ে অ্যাভিনিউ ও নিউপোর্ট স্ট্রিটের কাছে ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।
নিহত মো. রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কংশনগর গ্রামের বাসিন্দা। তিনি ওই ফাস্টফুডের দোকানে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও রাজুর স্বজনদের বরাতে জানা গেছে, ঘটনার সময় এক বন্দুকধারী হঠাৎ দোকানের ভেতরে ঢুকে গুলি চালায়। এতে দোকানে কর্মরত রাজু এবং সেখানে থাকা আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। রাজুর বুকে গুলি লাগে, আর অন্য বাংলাদেশির পায়ে গুলি লাগে।
গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। আহত বাংলাদেশির অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
নিউইয়র্ক থেকে প্রকাশিত স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যরাতের কিছু আগে রকাওয়ে অ্যাভিনিউ ও নিউপোর্ট স্ট্রিটের কাছে ওই রেস্তোরাঁর ভেতরে গুলির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনায় ৪৪ বছর বয়সী এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এবং ৩৯ বছর বয়সী আরেক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।
চিকিৎসাকর্মীরা দুজনকে ঘটনাস্থল থেকে কয়েক ব্লক দূরের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। অন্য আহত ব্যক্তির অবস্থা বর্তমানে স্থিতিশীল।
নোয়াখালীর আমিশাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার গ্রামের বাড়িতে শোকের পরিবেশ নেমে এসেছে।
রাজুর মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে।
এদিকে, হামলার পরপরই ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ। হামলার উদ্দেশ্য কী ছিল এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো স্পষ্ট নয়। ঘটনায় জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
ব্রুকলিনে সাম্প্রতিক সময়ে একাধিক সহিংস ঘটনার পর নতুন করে এই গুলির ঘটনা ঘটল। এর আগে ইস্ট নিউইয়র্ক এলাকায় গুরদীপ সিং নামে ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ ধারণা করছে, সড়কে চলাচল নিয়ে বিরোধের জেরে ওই হামলা হয়ে থাকতে পারে। এ ঘটনায়ও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এ ছাড়া ইস্ট নিউইয়র্ক এলাকায় ১৭ বছর বয়সী অহমীর জর্ডান নামের আরেক তরুণকে মাথায় গুলি করে হত্যা করা হয়। এসব ঘটনার পর নিউইয়র্ক পুলিশ বিভাগ সন্দেহভাজন কয়েকজনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে এবং তাদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au