বিশ্ব

‘দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক দেখতে হবে’, দোভালের সঙ্গে বৈঠকে চীনের বার্তা

  • 12:49 am - August 26, 2026
  • পঠিত হয়েছে:১১৮ বার
(ডান দিকে) অজিত ডোভাল এবং ওয়াং ই (বাঁ দিকে)। ফাইল ছবি

মেলবোর্ন, ২৬ আগষ্ট- ভারত ও চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা কমানো এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও স্থিতিশীল করার বিষয়ে আলোচনা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকে চীনের পক্ষ থেকে দুই দেশের সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে দেখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

দুই দিনের চীন সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে পৃথক বৈঠক করেন অজিত দোভাল। সফরের অংশ হিসেবে ভারত-চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে ২৫তম বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকেও অংশ নেন দোভাল ও ওয়াং।

বেইজিংয়ে ভারতীয় দূতাবাস জানিয়েছে, বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি অর্থনীতি, রাজনীতি এবং বহুপাক্ষিক বিভিন্ন ফোরামে ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার বিষয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।

দোভালের সঙ্গে বৈঠকের পর চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং বলেন, ভারত ও চীনের উচিত কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ককে দেখা এবং পরিচালনা করা। দুই দেশের মধ্যে যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য রয়েছে, সেগুলো বাস্তবায়নে একসঙ্গে কাজ করার ওপরও তিনি গুরুত্ব দেন।

ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ দীর্ঘদিনের। ২০০৩ সাল থেকে এই সমস্যা সমাধানের লক্ষ্যে বিশেষ প্রতিনিধি পর্যায়ে আলোচনা হয়ে আসছে। বর্তমানে ভারতের পক্ষে অজিত দোভাল এবং চীনের পক্ষে ওয়াং ই এই আলোচনায় বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসি এলাকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় সামরিক অচলাবস্থাও বজায় ছিল। ওই ঘটনার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে একাধিক দফায় আলোচনা হয়েছে।

সীমান্ত বিরোধের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতেও ভারত ও চীনের মধ্যে মতপার্থক্য রয়েছে। জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের ভাই আবদুর রউফকে আন্তর্জাতিক সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবে চীনের আপত্তি নিয়েও দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল।

তবে সাম্প্রতিক সময়ে সম্পর্ক স্বাভাবিক ও স্থিতিশীল করার উদ্যোগ নিয়েছে উভয় দেশ। সীমান্ত সমস্যার স্থায়ী সমাধান এখনো হয়নি। তবে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা কমাতে বিভিন্ন আস্থাবর্ধক পদক্ষেপ নেওয়ার বিষয়ে দুই পক্ষই কাজ করছে।

এর মধ্যেই অরুণাচল প্রদেশের এলএসি এলাকায় চীনা সেনাদের অনুপ্রবেশের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দোভালের বেইজিং সফর এবং বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছেন কূটনীতিকরা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, বিশেষ প্রতিনিধিদের মধ্যে আলোচনা ভারত ও চীনের সীমান্ত প্রশ্নে মতবিনিময়ের প্রধান মাধ্যম। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই দেশের যোগাযোগেরও এটি গুরুত্বপূর্ণ একটি মঞ্চ।

ব্রিকস সম্মেলনের আগে দোভালের চীন সফর

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অংশ নিতে পারেন বলে আলোচনা রয়েছে। ফলে এর আগে দোভালের চীন সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকদের একটি অংশ।

ভারত এর আগে ২০১২, ২০১৬ ও ২০২১ সালের পর এবার চতুর্থবারের মতো ব্রিকস সম্মেলনের আয়োজক ও সভাপতিত্বকারী দেশ। এবারের সম্মেলনে উদ্ভাবন, সহযোগিতা ও স্থিতিশীলতা বৃদ্ধির মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।

সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলেও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। তবে মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান শি জিনপিংয়ের ভারত সফরের সম্ভাবনা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।

এর আগে ২০২৫ সালের আগস্টে তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের সময় মোদি ও শি জিনপিং সর্বশেষ পার্শ্ববৈঠক করেছিলেন।

সীমান্ত সমস্যা, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা এবং বহুপাক্ষিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে ভারত ও চীনের মধ্যে মতপার্থক্য থাকলেও সাম্প্রতিক সময়ে দুই দেশই সম্পর্ককে সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে স্থিতিশীল করার চেষ্টা করছে। দোভাল ও ওয়াংয়ের সর্বশেষ বৈঠকে চীনের দীর্ঘমেয়াদি সম্পর্কের বার্তা সেই প্রচেষ্টাকেই আরও স্পষ্ট করেছে।

এই শাখার আরও খবর

ইমরান খানের অধিকার রক্ষায় যুক্তরাজ্যের হস্তক্ষেপ চান জেমাইমা

মেলবোর্ন, ২৬ আগষ্ট- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৌলিক অধিকার, চিকিৎসাসেবা ও পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার সাবেক স্ত্রী…

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তার রদবদল

মেলবোর্ন, ২৬ আগষ্ট- বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি),…

বল হাতেও চমকালেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী

মেলবোর্ন, ২৬ আগষ্ট- ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দিয়ে ক্রিকেটবিশ্বে ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন ভারতের ১৫ বছর বয়সী তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। এবার বল হাতেও নিজের সামর্থ্যের…

কেন গ্রেপ্তার হলেন বিদিশা এরশাদ?

মেলবোর্ন, ২৬ আগষ্ট-  সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি…

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, চীনের পাল্টা হুঁশিয়ারি

মেলবোর্ন, ২৬আগষ্ট- ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি…

সরিয়ে দেওয়া হলো রংপুরের পুলিশ কমিশনার আবদুল মাবুদকে

মেলবোর্ন, ২৬ আগষ্ট- রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপমহাপরিদর্শক (ডিআইজি)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au