এক মাদরাসাছাত্রীকে ডেকে নিয়ে ৬৫ বছরের বৃদ্ধ হোসেন হাওলাদার ধর্ষণচেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছবি: সংগৃহীত
মেলবোর্ন, ২৭ আগষ্ট: বরগুনার আমতলীতে আমড়া ও লেবু দেওয়ার প্রলোভন দেখিয়ে এক মাদরাসাছাত্রীকে ঘরে ডেকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী হোসেন হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করেছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট বিকেলে আমতলী উপজেলার পশ্চিম চিলা গ্রামের ওই মাদরাসাছাত্রী কয়েকজন সহপাঠীর সঙ্গে মসজিদে আরবি পড়তে যাচ্ছিল। পথে হোসেন হাওলাদার তাকে আমড়া ও লেবু দেওয়ার কথা বলে নিজের ঘরে ডেকে নেন। অভিযোগ, সেখানে নিয়ে শিশুটির ওপর যৌন নির্যাতনের চেষ্টা করেন তিনি।
এ সময় শিশুটি চিৎকার শুরু করলে বাইরে থাকা তার সহপাঠীরা বিষয়টি বুঝতে পারে এবং শিশুটির চাচিকে ডেকে আনে। পরে হোসেন হাওলাদার শিশুটিকে ছেড়ে দেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিষয়টি মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। তবে ঘটনার সাত দিন পরও কোনো সমাধান না হওয়ায় শিশুটির বাবা মঙ্গলবার রাতে আমতলী থানায় মামলা করেন।
মামলার পর পুলিশ হোসেন হাওলাদারকে আটক করে থানায় নিয়ে যায়। বুধবার দুপুরে তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
শিশুটির বাবা বলেন, তার মেয়ের সঙ্গে এমন ঘটনার জন্য তিনি অভিযুক্ত হোসেন হাওলাদারের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
তবে অভিযুক্তের স্ত্রী মমতাজ বেগম অভিযোগটি অস্বীকার করেছেন। তার দাবি, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ওই পরিবারের সঙ্গে তাদের বিরোধ রয়েছে। জমি দখলের উদ্দেশ্যে তার স্বামীকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে। তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে দাবি করেন তিনি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মামলার পর হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।