রাজধানীর লালবাগে ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
ঢাকার লালবাগে ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লালবাগ থানাধীন শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির ১০/১ নম্বর বাসার দ্বিতীয় তলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পাশের কক্ষের এক ভাড়াটিয়া আনোয়ার হোসেনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানান। পরে লালবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক আইনগত প্রক্রিয়া শুরু করে। এরপর সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেন।
নিহত আনোয়ার হোসেন ঢাকার জজ কোর্টের আইনজীবী ছিলেন। ঢাকা বার অ্যাসোসিয়েশনের অ্যানেক্স ভবনের প্রথম তলার ২১৪ নম্বর কক্ষে তার চেম্বার রয়েছে। তিনি ওই বাসায় একাই থাকতেন। তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকেন বলে জানিয়েছে পুলিশ।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন বলেন, আনোয়ার হোসেন জজ কোর্টের একজন অ্যাডভোকেট ছিলেন। তিনি ব্যাচেলর হিসেবে ওই বাসায় থাকতেন।
ওসি বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহটি দুই থেকে তিন দিন আগের বলে ধারণা করা হচ্ছে।’’
তিনি জানান, নিহতের ড্রাইভিং লাইসেন্স পুলিশের কাছে রয়েছে। সেটি যাচাই করে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।