আওয়ামী লীগের মিছিল থেকে সারাদেশে গ্রেপ্তার ৫৩
আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বের করা মিছিলকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিভিন্ন এলাকায় মিছিল…
আওয়ামী লীগকে নতুন রূপে সাজিয়ে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ প্রক্রিয়ায় সরকারের ভেতরে থাকা কিছু ব্যক্তি এবং দিল্লির সঙ্গে সম্পৃক্ত কয়েকটি গোষ্ঠী জড়িত রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার সকালে খুলনায় জামায়াতে ইসলামীর এক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন গোলাম পরওয়ার। পরে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার বক্তব্যের বিষয়টি জানানো হয়।
গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগকে নতুন কাঠামো বা ভিন্ন পরিচয়ে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও বিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে দলটির জন্য সহজে রাজনৈতিকভাবে ফিরে আসা সম্ভব হবে না।
জুলাইয়ের আন্দোলনের প্রসঙ্গ তুলে জামায়াতের এই নেতা বলেন, এটি কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের অর্জন নয়। শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মত্যাগ এবং আল্লাহর রহমতের ফল হিসেবেই তিনি এ ঘটনাকে দেখছেন। তার ভাষ্য, দীর্ঘ সময়ের রাজনৈতিক পরিস্থিতির পর দেশের মানুষ পরিবর্তনের প্রত্যাশা করছিল।
তিনি বলেন, আন্দোলনে মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে, তার উদ্দেশ্য ছিল দুর্নীতি, দমন-পীড়ন, বৈষম্য, রাজনৈতিক দলীয়করণ ও অর্থপাচারমুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলা।
সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে থাকা কয়েকজন ব্যক্তির অতীতে বামপন্থী রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিল বলেও দাবি করেন গোলাম পরওয়ার। একই সঙ্গে কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, দেশের প্রশাসন, বিচার বিভাগ ও বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনৈতিক মতাদর্শের প্রভাব রয়েছে। তার দাবি, আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে এসব রাজনৈতিক শক্তিকে পৃষ্ঠপোষকতা করেছে।
তিনি বলেন, কেউ বামপন্থী, বিএনপি কিংবা আওয়ামী লীগের রাজনীতি করুক, শেষ পর্যন্ত একটি রাজনৈতিক শক্তির প্রকৃত পরিচয় তার আদর্শগত অবস্থানের মাধ্যমেই নির্ধারিত হয়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের সাফল্যের কথাও তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, একসময় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিয়ে কার্যক্রম পরিচালনার সুযোগ থেকে ছাত্রশিবিরকে বিরত রাখা হয়েছিল। এখন সংগঠনটি শিক্ষার্থীদের নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে।
ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের জয়কে ইসলামী আদর্শে বিশ্বাসী তরুণদের সমর্থনের প্রতিফলন বলেও মন্তব্য করেন গোলাম পরওয়ার।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেন, শুধু রাজনৈতিকভাবে দলকে ক্ষমতায় নিয়ে আসাই যথেষ্ট নয়, প্রত্যেক ব্যক্তিরও নিজের জীবনে প্রকৃত ‘বিজয়’ অর্জনের চেষ্টা করা প্রয়োজন।
এ টি এম আজহারুল ইসলাম বলেন, একটি রাজনৈতিক দলের বিজয় বলতে ক্ষমতায় আসাকে বোঝানো যেতে পারে। তবে একজন ব্যক্তির চূড়ান্ত বিজয় হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পরকালে জান্নাত লাভ করা।
তিনি দলীয় নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি পরকালের মুক্তি ও নাজাতের জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au