বাংলাদেশ

এক বছর পর সামনে এলো অব্যাহতির চিঠি

শিবিরের ‘সাথী’ ছিলেন আম্মার, নৈতিক পদস্খলন ও আর্থিক অনিয়মসহ একাধিক অভিযোগে বাতিল হয় পদ

  • 6:35 am - October 01, 2026
  • পঠিত হয়েছে:৬১ বার
(জিএস) সালাউদ্দিন আম্মার । ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার একসময় ইসলামী ছাত্রশিবিরের ‘সাথী’ ছিলেন। তবে নৈতিক পদস্খলন, মৌলিক ইবাদত পালনে উদাসীনতা, নারীদের সঙ্গে অবাধ বিচরণ, অবৈধ আর্থিক লেনদেন এবং সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্যবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার ‘সাথী’ পদ বাতিল করেছিল সংগঠনটি। প্রায় এক বছর পর শাখা ছাত্রশিবিরের একটি চিঠির মাধ্যমে এসব অভিযোগ ও আম্মারের সাংগঠনিক সম্পৃক্ততার বিষয়টি সামনে এসেছে।

গত ৩১ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বাবুর সই করা ওই চিঠিতে আম্মারের সঙ্গে সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মীদের সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। চিঠিতে তার বিরুদ্ধে একাধিক অভিযোগের কথা উল্লেখ করে বলা হয়, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।

শিবিরের চিঠি অনুযায়ী, সালাহউদ্দিন আম্মারের বিরুদ্ধে নৈতিক পদস্খলন, মৌলিক ইবাদত পালনে উদাসীনতা, নারীদের সঙ্গে অবাধ বিচরণ, অবৈধ আর্থিক লেনদেন এবং সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এসব অভিযোগের পাশাপাশি তার বিরুদ্ধে নগর ভবন থেকে ল্যাপটপ চুরি, মহানগর ছাত্রশক্তির পদ বাণিজ্য ও আর্থিক অনিয়মের অভিযোগ নিয়েও তদন্ত কমিটি করা হয়েছিল বলে শাখা ছাত্রশিবিরের এক নেতা দাবি করেছেন।

চিঠিতে বলা হয়, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি শাখা ছাত্রশিবিরের মাসিক সেক্রেটারিয়েট সভায় সালাহউদ্দিন আম্মারের ‘সাথী’ পদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে অভিযোগগুলোর বিষয়ে তাকে যথাযথ ব্যাখ্যা দিতে বলা হয়।

পরে অভিযোগগুলোর সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের মাসিক সেক্রেটারিয়েট সভায় তার ‘সাথী’ পদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

শাখা ছাত্রশিবিরের ওই চিঠিতে আম্মারের কর্মকাণ্ডের কারণে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কার কথাও বলা হয়েছে। তার বিরুদ্ধে ‘ফৌজদারি অপরাধে জড়িত হওয়ার’ অভিযোগ এবং নিয়মিত ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ কারণে ক্যাম্পাস সংঘাতের দিকে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

এ অবস্থায় আম্মারের সঙ্গে অনলাইন ও অফলাইন কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত না হতে সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। তার কোনো নেতিবাচক মন্তব্য বা প্রতিক্রিয়ায় সাড়া না দেওয়ার কথাও বলা হয়েছে। একই সঙ্গে রাকসুর নির্বাচিত দায়িত্বশীলদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার এবং সংগঠনের সব পর্যায়ের জনশক্তিকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে শাখা ছাত্রশিবিরের এক নেতা বলেন, নগর ভবন থেকে ল্যাপটপ চুরি, মহানগর ছাত্রশক্তির পদ বাণিজ্য ও আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে আম্মারের বিরুদ্ধে তদন্ত কমিটি করা হয়েছিল। পরে এসব অভিযোগের বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

ওই নেতা দাবি করেন, সালাহউদ্দিন আম্মার মূলত তামিরুল মিল্লাত মাদরাসা শাখার ‘সাথী’ ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি সাংস্কৃতিক সংগঠন ‘বিকল্প সাহিত্য’-এর সঙ্গে কাজ করতেন। সংগঠনটি শিবিরের জনশক্তি দিয়ে পরিচালিত হতো বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, জুলাই আন্দোলনের পরও আম্মার আনুষ্ঠানিকভাবে শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন।

শাখা ছাত্রশিবিরের আরেক নেতা বলেন, সংগঠনের নিয়ম অনুযায়ী প্রথমে আম্মারের ‘সাথী’ পদ স্থগিত করে অভিযোগগুলোর জবাব চাওয়া হয়। তিনি জবাব দিতে ব্যর্থ হওয়ায় পরে পদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি তার কর্মকাণ্ড ও আচরণ নিয়ে আরও কিছু বিষয় সামনে আসায় তার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও দাবি করেন ওই নেতা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসানও আম্মারের সঙ্গে সংগঠনটির পূর্ববর্তী সাংগঠনিক সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কেউ বহিষ্কৃত হলে সাধারণত এসব তথ্য প্রকাশ করা হয় না। কারণ মানুষ ভুল করতে পারে। তার দাবি, তামিরুল মিল্লাত কামিল মাদরাসায় পড়ার সময় আম্মার শিবিরের ‘সাথী’ পদে যুক্ত ছিলেন এবং পরে কোডিং সিস্টেমের মাধ্যমে তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় স্থানান্তর করা হয়।

হাফেজ মেহেদী হাসান আরও দাবি করেন, জুলাই আন্দোলনের সময় শিবির আম্মারকে বিভিন্নভাবে প্রটোকল ও আশ্রয় দিয়েছিল। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি ও ইসলামী পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের বিষয়ে তিনি যথাযথ জবাব দিতে না পারায় সেপ্টেম্বরে তাকে পদ থেকে বহিষ্কার করা হয় বলে দাবি করেন তিনি।

তবে সালাহউদ্দিন আম্মার বরাবরই ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে নিজের সাংগঠনিক সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছেন।

রাকসু নির্বাচনে শিবিরের ‘ডামি প্যানেল’ হিসেবে আলোচিত ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে জিএস নির্বাচিত হন আম্মার। ওই প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মেহেদী সজীব পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করেন। ফলে আম্মারের ‘সাথী’ পদে থাকার তথ্যসংবলিত চিঠি প্রকাশ্যে আসার পর ওই প্যানেলের সঙ্গে শিবিরের সাংগঠনিক সম্পৃক্ততার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান অবশ্য দাবি করেছেন, শিবির থেকে বহিষ্কারের পর আম্মারের সঙ্গে সংগঠনটির আর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

এদিকে শিবিরের চিঠিতে উল্লেখ করা অভিযোগগুলোর বিষয়ে সালাহউদ্দিন আম্মারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

ঢাবির অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত

জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়…

যশোরে হোটেল জাবিরে ২৪ জন নিহত: মেলেনি ৭ আওয়ামী লীগ নেতাকর্মীর সম্পৃক্ততার প্রমাণ

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন জাবির ইন্টারন্যাশনাল হোটেলে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ২৪ জন নিহত হওয়ার মামলায়…

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা

ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও…

৮১১ রানের রেকর্ডের ম্যাচে ভারতের ঐতিহাসিক জয়

গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রেকর্ডের পর রেকর্ড গড়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। বুধবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮১১ রানের রোমাঞ্চকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮…

সহ-পাইলটকে কুপিয়ে উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টা, ইসরায়েলগামী ফ্লাইদুবাই বিমানের পাইলট গ্রেপ্তার

দুবাই থেকে ইসরায়েলের উদ্দেশে যাত্রা করা ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী উড়োজাহাজে দুই পাইলটের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। উড়োজাহাজটি জর্ডানের আকাশসীমায় থাকা অবস্থায় এক পাইলট তাঁর…

উজ্জয়িনীর শাহী মসজিদের যে অংশ ভাঙা নিয়ে উত্তেজনা, এর ইতিহাস কী?

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ২০২৮ সালের সিংহস্থ কুম্ভ মেলার প্রস্তুতির অংশ হিসেবে রাস্তা সম্প্রসারণের কাজকে কেন্দ্র করে একটি পুরোনো মসজিদের অংশ সরানো নিয়ে উত্তেজনা ও সংঘর্ষের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au