লালন শাহের মাজারের ভেতর থেকে পেট্রোল ও টাইম বোমা উদ্ধার। ছবি : সংগৃহীত
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারের মূল ফটকের পাশ থেকে দুটি বোতলভর্তি পেট্রোল ও একটি টাইম বোমা উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাতে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা ব্যাগ থেকে এসব বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় মাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে মাজার কমপ্লেক্সের মূল প্রবেশদ্বারের পাশে ব্যাগটি পড়ে থাকতে দেখা যায়। পরে সেটি পরীক্ষা করে সন্দেহজনক বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হয়।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মাজার এলাকা ফাঁকা করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বন্ধ করে দেওয়া হয় মাজারে প্রবেশের মূল ফটক। নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে পুলিশ, র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা দায়িত্ব পালন করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে মাজারের মূল প্রবেশদ্বারের পাশে একটি সাদা ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় সাধুরা। পরে তাঁরা সেখানে দায়িত্বে থাকা কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনকে বিষয়টি জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতরে পেট্রোলের বোতল ও বৈদ্যুতিক সরঞ্জামের মতো কিছু দেখতে পান ওসি। এরপর তিনি বিষয়টি কুষ্টিয়ার পুলিশ সুপারকে জানান। পরে মাজার এলাকায় নিরাপত্তা জোরদার করে ব্যাগটি পাহারায় রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সুপারের মাধ্যমে ঢাকায় যোগাযোগ করা হলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের চার সদস্যের একটি দল সোমবার (১৯ অক্টোবর) সকালে কুষ্টিয়ায় পৌঁছায়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে ব্যাগের ভেতরে দুটি বোতলভর্তি পেট্রোল ও একটি টাইম বোমা থাকার বিষয়টি শনাক্ত করা হয়।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, রাতে সাধুরা পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তাঁকে জানান। তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি দেখে পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করেন। পরে ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা পরীক্ষা-নিরীক্ষা করেন। তাঁদের মাধ্যমে জানা যায়, ব্যাগের ভেতরে একটি টাইম বোমা রয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত তাঁদের শনাক্ত করা সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন।