Breaking News

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার মাত্র ৫২%, বিপর্যয়ে হতাশায় শিক্ষার্থীরা

  • 6:37 pm - October 31, 2026
  • পঠিত হয়েছে:৪৮ বার
ফাইল ছবি। ছবি : সংগৃহীত

ওটিএন বাংলা রিপোর্ট : এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরনের ধস নেমেছে। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার মাত্র ৫২ দশমিক ১২ শতাংশ। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে প্রায় ৪২ শতাংশ। প্রত্যাশিত ফল না পেয়ে হতাশায় পড়েছেন অনেক পরীক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ফল প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। পরে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারেন পরীক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। এবার জিপিএ-৫ কমেছে ২৯ হাজার ১৩টি।

এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন

ফলাফলের ধারাবাহিকতায় উদ্বগজনক চিত্র দেখা যাচ্ছে। ২০২৪ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ৫৮ দশমিক ৮৩ শতাংশে। এবার আরও কমে হয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। দুই বছরের ব্যবধানে পাসের হার কমেছে ২৫ শতাংশের বেশি। ২০০৪ সালের পর এবারই পাসের হার সর্বনিম্ন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের ফল বিশ্লেষণে উঠে এসেছে।

শুধু পাসের হার নয়, সর্বোচ্চ ফল জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও বড় পতন ঘটেছে। গত বছর যেখানে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন, এবার পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। অর্থাৎ এক বছরে জিপিএ-৫ কমেছে ২৯ হাজার ১৩টি। ফলে ভালো ফলের প্রত্যাশা নিয়ে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অনেকেরই আশাভঙ্গ হয়েছে।

এবার পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন। পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রীদের মধ্যে পাস করেছেন ৫৬ দশমিক ৩১ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ। পাসের হারে মেয়েরা ৮ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট এগিয়ে থাকলেও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে ছেলেরা। ছাত্রদের মধ্যে ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রীদের মধ্যে ১৯ হাজার ৭২১ জন জিপিএ-৫ পেয়েছেন।

প্রতিষ্ঠানভিত্তিক ফলেও হতাশার চিত্র

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলেও উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে। এবার ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন। বিপরীতে ২৯৩টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি। গত বছরের তুলনায় শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। অর্থাৎ শিক্ষার্থীদের ফলের পাশাপাশি কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক শিক্ষার মান নিয়েও প্রশ্ন উঠেছে।

বোর্ডভিত্তিক ফলেও রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য। কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। বরিশাল বোর্ডে এ হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। অন্যদিকে ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। বোর্ডভেদে এমন ব্যবধান শিক্ষার মান, পাঠদান ও পরীক্ষার প্রস্তুতি নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরে সেসব পরীক্ষা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার পরিকল্পনা থাকলেও স্থগিত লিখিত পরীক্ষার কারণে পরীক্ষাসূচিতে পরিবর্তন আসে।

ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষায় ভর্তি নিয়ে প্রস্তুতি শুরু হলেও অকৃতকার্য ও প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের সামনে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। বিশেষ করে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাজীবন নিয়ে উদ্বেগ বাড়ছে। ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধান, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক দুর্বলতা চিহ্নিত করা এবং পাঠদান পদ্ধতির কার্যকারিতা পর্যালোচনা এখন জরুরি হয়ে উঠেছে।

ফল পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এ-সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে। তবে ফল পুনর্নিরীক্ষণের সুযোগ থাকলেও সামগ্রিক ফলাফলের এই অবনতি শিক্ষা খাতের জন্য বড় সতর্কবার্তা। কেন এত বিপুলসংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারলেন না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

এই শাখার আরও খবর

সুনামগঞ্জে যুদ্ধাপরাধ মামলার সাক্ষীর বাড়ি-দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী দুলাল মিয়ার বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাতে উপজেলার প্রত্যন্ত…

হুমকির অভিযোগে এলাকা ছাড়লেন মুক্তিযোদ্ধা মানিক পশারীর বোন

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বলার পর হুমকির মুখে এলাকা ছেড়েছেন তার বোন হেনা বেগম। আতঙ্কে…

নেভিগেশনব্যবস্থা উন্নত করতে মহাকাশে ভারতের নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ

ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা ‘ন্যাভিক’ আরও শক্তিশালী করতে মহাকাশে নতুন স্যাটেলাইট ‘এনভিএস-০৩’ উৎক্ষেপণ করেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা…

প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা-​অবিস্মরণীয় বন্ধুত্বের রূপকার: ইতিহাসের আলোয় ইন্দিরা গান্ধী ও আমাদের মুক্তিযুদ্ধ

​ইতিহাসের পাতায় এমন কিছু ব্যক্তিত্ব অমর হয়ে থাকেন, যাঁদের দূরদর্শিতা ও সাহসিকতা কেবল নিজ দেশের সীমানা ছাড়িয়ে সমগ্র মানবসভ্যতার গতিপথ বদলে দেয়। ভারতের প্রথম নারী…

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কোটি টাকার স্বর্ণ লুট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে যাত্রীবাহী বাস থেকে এক স্বর্ণ ব্যবসায়ীকে নামিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণ ও রুপার অলংকার লুটের…

হংকংয়ে সমুদ্রের তলা দিয়ে ট্রেনযাত্রার অনন্য অভিজ্ঞতা

সমুদ্রের গভীরে সাবমেরিনে চড়ে ভ্রমণের অনুভূতি পেতে চাইলে ঘুরে আসতে পারেন হংকংয়ের ওশান পার্কে। সেখানে রয়েছে ‘ওশান এক্সপ্রেস’ নামে বিশেষ এক ট্রেন, যা যাত্রীদের নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au