বাংলাদেশ

মন্দিরে ভাঙচুর: আপসনামার ভিত্তিতে ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে

  • 5:44 am - November 13, 2026
  • পঠিত হয়েছে:৯৭ বার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলের দুর্গামন্দির। ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলসের দুর্গা মন্দিরে প্রবেশে বাধা ও ভাঙচুরের অভিযোগে আটক নিট কনসার্ন গ্রুপের পরিচালক মনির হোসেন মোল্লা ও প্রতিষ্ঠানটির নিরাপত্তা কর্মকর্তা ইব্রাহিমকে আপসনামার ভিত্তিতে ছেড়ে দিয়েছে পুলিশ। মন্দির কমিটি ও মিল কর্তৃপক্ষের মধ্যে চারটি শর্তে সমঝোতা হয়েছে। তবে মন্দিরের জমির মালিকানা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিনের বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি।

গত বুধবার দুপুরে মনির হোসেন মোল্লা ও নিরাপত্তা কর্মকর্তা ইব্রাহিমকে সিদ্ধিরগঞ্জ থানায় নেওয়া হয়। পরে রাতে মন্দির কমিটি ও মিল কর্তৃপক্ষের মধ্যে আপসনামা সম্পাদন এবং মুচলেকা দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান বলেন, দুই পক্ষ আপস-মীমাংসায় পৌঁছেছে। কেউ কারও কাজে বাধা দেবে না এবং মন্দিরে নিয়মিত পূজা-অর্চনা চলবে, এমন সমঝোতা হয়েছে। পরে উভয় পক্ষের মুচলেকা নেওয়ার পর আটক দুজনকে ছেড়ে দেওয়া হয়।

আপসনামায় মন্দির কমিটির সভাপতি মিঠু চন্দ্র দাস এবং লক্ষ্মীনারায়ণ কটন মিলসের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লা স্বাক্ষর করেন। এতে মন্দিরের কার্যক্রম পরিচালনায় মন্দির কমিটির সভাপতি ও সদস্যদের পূর্ণ সহযোগিতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। মিল কর্তৃপক্ষ বা তাদের কোনো লোকজন মন্দিরের কার্যক্রমে বাধা দিতে পারবেন না বলেও শর্ত রাখা হয়েছে।

সমঝোতা অনুযায়ী, মন্দিরের সামনে অস্থায়ী প্যান্ডেল ভেঙে ফেলার পর তা আগামী দুই দিনের মধ্যে মিল কর্তৃপক্ষ নিজেদের খরচে পুনর্নির্মাণ করে দেবে। একই সঙ্গে মন্দিরের বিদ্যুৎ সংযোগ ও সিসিটিভি ক্যামেরা সচল রাখতে হবে। মন্দিরে প্রবেশের প্রধান ফটকের চাবি থাকবে উভয় পক্ষের কাছে, যাতে কোনো পক্ষ এককভাবে প্রবেশপথ বন্ধ করে দিতে না পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে মন্দিরের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে আপসনামায়। আগামী ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতায় এ বিরোধ মীমাংসার চেষ্টা করা হবে। সমঝোতার কোনো শর্ত ভঙ্গ করা হলে সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

আপসনামায় বলা হয়েছে, শত বছরের পুরোনো এই মন্দিরে প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার নিয়মিত পূজা-অর্চনা করে আসছে। তবে মন্দিরের জমির মালিকানা ও পরিচালনা নিয়ে মন্দির কমিটি এবং মিল কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সাম্প্রতিক ঘটনায় সেই বিরোধ নতুন করে প্রকাশ্যে আসে।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় মন্দিরের প্রবেশগেটে নতুন তালা লাগিয়ে পূজারিদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। একই সঙ্গে মন্দিরের ভেতরের সজ্জা ও অস্থায়ী প্যান্ডেল ভাঙচুরের অভিযোগ করা হয় নিট কনসার্ন গ্রুপের লোকজনের বিরুদ্ধে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তরুণ লাল বেগী অভিযোগ করেন, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে মঙ্গলবার সন্ধ্যায় নিট কনসার্ন গ্রুপের লোকজন মন্দিরের প্রবেশগেটে আগের তালা সরিয়ে নতুন তালা লাগান। এ সময় গ্রুপটির পরিচালক মনির হোসেন মোল্লাসহ অন্যরা মন্দিরের ভেতরের সজ্জা ও প্যান্ডেল ভাঙচুর করেন। স্থানীয়রা এর প্রতিবাদ জানিয়ে পুলিশকে খবর দিলে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় বুধবার নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানিয়েছিলেন, মন্দির কমিটি ও নিট কনসার্ন গ্রুপের মধ্যে জমি নিয়ে জটিলতা রয়েছে। মন্দিরে প্রবেশে বাধা এবং ভাঙচুরের অভিযোগের বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে।

পুলিশের মধ্যস্থতায় আপাতত দুই পক্ষের মধ্যে সমঝোতা হলেও মন্দিরের জমির মালিকানা ও পরিচালনা নিয়ে বিরোধের স্থায়ী সমাধান এখনো হয়নি। আগামী ১৫ দিনের মধ্যে প্রশাসনের সহযোগিতায় এ বিরোধ নিষ্পত্তির উদ্যোগ কতটা কার্যকর হয়, তার ওপরই মন্দিরটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা অনেকাংশে নির্ভর করছে।

এই শাখার আরও খবর

জন্মদিনে স্মরণে হুমায়ূন আহমেদ

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জের কুতুবপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি। মৃত্যুর এক যুগেরও বেশি…

নিউইয়র্কে ভবন ধসে নিহত ৮

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। তাঁদের মধ্যে উদ্ধার অভিযানে নেতৃত্ব…

নারীঘটিত বিতর্কে আমির হামজা, জামায়াতের ভূমিকা কী?

ভাস্কর দত্ত :  কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত অভিযোগ ও বিতর্ক নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। নারীদের নিয়ে তাঁর বক্তব্যের…

ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে তিনি নিজেও…

খুলনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভার মাঝেই বিএনপি নেতাকে খুন

খুলনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি-সংক্রান্ত সভা চলছিল। এর মধ্যেই রূপসায় গুলি করে হত্যা করা হয়েছে বিএনপি নেতা শেখ জাকির হোসেনকে (৪৩)। বৃহস্পতিবার (১২…

পুকুরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো. দুলাল আলমের মরদেহ উদ্ধারের ঘটনায় জাকির মুন্সী ও আমেনা বেগম নামে দুজনকে গ্রেপ্তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au