দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ইংল্যান্ড দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে পেসার ব্রাইডন কার্সের। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ইংল্যান্ড জাতীয় দলে ফেরার পথ খুলছে পেসার ব্রাইডন কার্সের। ইংল্যান্ড লায়ন্সের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি। জাতীয় দলের পেসার জশ টাং পারিবারিক কারণে সিরিজের প্রথম টেস্টে না খেলায় তার বিকল্প হিসেবেও বিবেচনায় রয়েছেন কার্স।
গত আগস্টে ডার্বির একটি নাইটক্লাবের বাইরে হাতকড়া পরা অবস্থায় কার্সের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ডার্বিশায়ার পুলিশ জানায়, এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। পুলিশের তদন্ত শেষ হলেও ক্রিকেট রেগুলেটর তার বিরুদ্ধে অভিযোগ এনেছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।
ওই ঘটনার পর থেকে ইংল্যান্ডের কোনো জাতীয় বা বয়সভিত্তিক দলে সুযোগ পাননি কার্স। তবে ডারহামের হয়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন তিনি। জাতীয় দলের নির্বাচনের জন্য বিবেচনাযোগ্য থাকলেও তাকে দলে না রাখার বিষয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ব্যাখ্যা ছিল, আন্তর্জাতিক ক্রিকেটের চাপ থেকে কিছুটা সময় দূরে থাকা প্রয়োজন তার।
সোমবার ইংল্যান্ড লায়ন্সের দল ঘোষণার পর নির্বাচক মার্কাস নর্থ বলেন, ‘ব্রাইডনের জন্য সময়টা বেশ কঠিন ছিল। সে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, তাতে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ তার কিংবা আমাদের জন্য উপযুক্ত মনে হয়নি। এ সময়ে তার সঙ্গে আমাদের অনেক আলোচনা হয়েছে। এখন আমরা মনে করছি, সে ইংল্যান্ডের পরিবেশে ফেরার মতো অবস্থায় আছে। আর লায়ন্স দলই তার ফেরার জন্য উপযুক্ত জায়গা।’
ইংল্যান্ডের নির্বাচকদের এই সিদ্ধান্তকে কার্সের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। লায়ন্সের হয়ে পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলে ফেরার সুযোগ তৈরি হতে পারে এই পেসারের।