জন্মদিনে স্মরণে হুমায়ূন আহমেদ
বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জের কুতুবপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি। মৃত্যুর এক যুগেরও বেশি…
ভাস্কর দত্ত :
আজ ঐতিহাসিক ১৩ নভেম্বর। ১৯১৩ সালের এদিন সাহিত্যে নোবেল পুরস্কার লাভের খবর বিশ্বসাহিত্যে বাঙালির গৌরবের নতুন অধ্যায় রচনা করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অর্জনে আনন্দে মেতে ওঠে বাংলার মানুষ। সেই আনন্দের ঢেউ পৌঁছেছিল পূর্ববঙ্গেও। ঢাকায় আয়োজন করা হয়েছিল সভা, বাজানো হয়েছিল রবীন্দ্রসংগীত এবং কবির সম্মানে প্রকাশিত হয়েছিল বিশেষ সাহিত্য-আলোচনা।
রবীন্দ্রনাথ তাঁর ‘গীতাঞ্জলি’ কাব্যের ইংরেজি অনুবাদ ‘Song Offerings’-এর জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। ডব্লিউ বি ইয়েটস বইটির ভূমিকাও লিখেছিলেন। এই স্বীকৃতির মধ্য দিয়ে তিনি সাহিত্যে নোবেলজয়ী প্রথম অ-ইউরোপীয় লেখক হিসেবে ইতিহাসে জায়গা করে নেন।
নোবেলপ্রাপ্তির সংবাদ ছড়িয়ে পড়ার পর বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে গর্ব ও আনন্দের সৃষ্টি হয়। তবে রবীন্দ্রনাথের জীবনে এমন স্বীকৃতি আসার আগেও তাঁকে ঘিরে ছিল নানা সমালোচনা ও বিরূপতা। এমনকি ১৯১২ সালে তাঁর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনার আয়োজন নিয়েও একাংশের মধ্যে আপত্তি দেখা দিয়েছিল।
সংবর্ধনা নিয়েও ছিল বিরোধিতা
১৯১২ সালের ২৮ জানুয়ারি কলকাতার টাউন হলে বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্রনাথকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে কবিকে শুভ্র হস্তিদন্তনির্মিত ও সুবর্ণমণ্ডিত অভিনন্দনপত্র দেওয়া হয়েছিল। সেটি পাঠ করেন পরিষদের সভাপতি রামেন্দ্রসুন্দর ত্রিবেদী।
তবে এই আয়োজন নিয়ে সবাই যে খুশি ছিলেন, তা নয়। ঢাকার সংবাদপত্র ঢাকা প্রকাশ ‘রবিপূজা’ শিরোনামে সম্পাদকীয় প্রকাশ করে সংবর্ধনার সমালোচনা করেছিল। পত্রিকাটির বক্তব্য ছিল, অন্য অনেক যোগ্য ও দুস্থ সাহিত্যিক যথাযথ সম্মান পাননি, অথচ রবীন্দ্রনাথকে ঘিরে অতিরিক্ত আয়োজন করা হচ্ছে।
রবীন্দ্রনাথও সংবর্ধনা নিয়ে বিরূপ মন্তব্যে ব্যথিত হয়েছিলেন। রামেন্দ্রসুন্দর ত্রিবেদীকে লেখা এক চিঠিতে তিনি নিজের আত্মসম্মানের জন্য লোলুপ হওয়ার অভিযোগের প্রসঙ্গ তুলে দুঃখ প্রকাশ করেন। নোবেলপ্রাপ্তির আগেই কবিকে এমন সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল।

রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১)
ঢাকায় বাজানো হয়েছিল রবীন্দ্রসংগীত
নোবেলজয়ের সংবাদ পূর্ববঙ্গে ছড়িয়ে পড়ার পর ঢাকায় ১৯১৩ সালের ৩০ নভেম্বর পূর্ববঙ্গ সাহিত্য সমাজের একটি সভা অনুষ্ঠিত হয়। সভার স্থায়ী সভাপতি ছিলেন আইনজীবী ও সমাজসেবী আনন্দচন্দ্র রায়। তিনি উপস্থিত হতে না পারায় সভাপতিত্ব করেন সারস্বতসমাজের প্রতিষ্ঠাতা প্রসন্নচন্দ্র বিদ্যারত্ন।
‘ঢাকা প্রকাশ’-এর ১৪ অগ্রহায়ণ ১৩২০ সংখ্যায় প্রকাশিত সংবাদ অনুযায়ী, সভায় রবীন্দ্রনাথের উচ্চ সম্মান লাভে আনন্দ প্রকাশ করা হয়। সভার শুরুতে ও শেষে গ্রামোফোনে কবির স্বরচিত চারটি গান বাজানো হয়েছিল।
রবীন্দ্রনাথের নোবেলপ্রাপ্তি নিয়ে ময়মনসিংহ থেকেও প্রকাশিত সাহিত্যপত্র ‘সৌরভ’ বিশেষ সম্পাদকীয় প্রকাশ করে। ‘কবির সম্মান’ শিরোনামের লেখায় বলা হয়, রবীন্দ্রনাথ বাঙালি জাতির মুখ উজ্জ্বল করেছেন এবং তাঁর যশ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।
পাবনায় কবির উপস্থিতিতে সম্মাননা
১৯১৪ সালের ফেব্রুয়ারিতে পাবনা শহরে উত্তরবঙ্গ সাহিত্য সম্মিলনের সপ্তম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে রবীন্দ্রনাথ ঠাকুরসহ কলকাতা থেকে আসা কয়েকজন সাহিত্যিক অংশ নেন। সম্মিলনে প্রায় আড়াই হাজার মানুষের উপস্থিতির কথা সমসাময়িক সংবাদপত্রে উল্লেখ করা হয়েছিল।
সভায় নোবেল পুরস্কার পাওয়ায় রবীন্দ্রনাথকে ধন্যবাদ জানানো হয়। জবাবে কবি বিনয়পূর্ণ বক্তব্য দেন। তাঁর উপস্থিতিতে এই সম্মাননা পূর্ববঙ্গে নোবেলজয়কে ঘিরে তৈরি হওয়া আনন্দ ও শ্রদ্ধার আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে ওঠে।
ঢাকার ‘ঢাকা রিভিউ ও সম্মিলন’ পত্রিকাতেও নোবেলপ্রাপ্তি নিয়ে বিশেষ প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। ললিতমোহন চট্টোপাধ্যায়ের লেখা ওই প্রবন্ধে রবীন্দ্রনাথকে বাঙালির জাতীয় কবি হিসেবে অভিহিত করা হয়।
এক শতাব্দীর বেশি সময় পেরিয়ে আজও রবীন্দ্রনাথের নোবেলপ্রাপ্তি বাঙালির সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাসের গৌরবময় অধ্যায়। সেই অর্জন শুধু একজন কবির ব্যক্তিগত স্বীকৃতি ছিল না; বিশ্বসাহিত্যে বাংলা ভাষা ও বাঙালির সৃজনশীলতার পরিচয় প্রতিষ্ঠারও এক ঐতিহাসিক ঘটনা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au