জন্মদিনে স্মরণে হুমায়ূন আহমেদ
বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জের কুতুবপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি। মৃত্যুর এক যুগেরও বেশি…
খুলনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি-সংক্রান্ত সভা চলছিল। এর মধ্যেই রূপসায় গুলি করে হত্যা করা হয়েছে বিএনপি নেতা শেখ জাকির হোসেনকে (৪৩)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় হেলমেট পরা মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
নিহত শেখ জাকির হোসেন স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে। তিনি টিএসবি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু সাইদের বড় ভাই।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া এলাকায় হিরকের দোকানে বসে ছিলেন জাকির হোসেন। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন হেলমেট পরা দুর্বৃত্ত সেখানে আসে। তারা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় জাকির হোসেনকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হামলাকারীরা কারা এবং কী কারণে তাঁকে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র এবং রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, খুলনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত দুই বছরে জেলায় দলটির অন্তত ১১ নেতা-কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
সর্বশেষ শেখ জাকির হোসেন হত্যার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক বিরোধ, ব্যক্তিগত শত্রুতা কিংবা অন্য কোনো কারণ জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au