গত সাত দিন ধরে ফোনকল ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য চিকিৎসক মাহমুদা মিতু। এর আগেও তিনি এ ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে মাহমুদা মিতু বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে ঘটে যাওয়া একটি ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি লেখেন, ওই দিন সংসদে কথা বলতে গিয়ে তিনি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং একপর্যায়ে মেজাজও হারান।
এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, শত শত শহীদের রক্ত, আহত ব্যক্তিদের ত্যাগ, জুলাই আন্দোলনের সমন্বয়ক হান্নান মাসুদ এবং এক দফা দাবির ঘোষক নাহিদ ইসলামের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে বর্তমান সংসদ। অথচ তাঁদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই অসম্মানজনক সম্বোধন করা হচ্ছে। কথায় না পারলেই কাউকে ‘বেয়াদব’ বলা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
মাহমুদা মিতু লেখেন, সংসদে হান্নান মাসুদকে বারবার ‘বস’ ও ‘বেয়াদব’ বলে সম্বোধন করা হচ্ছিল। তখন তিনি প্রতিবাদ করে হত্যার হুমকি ও বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনার কথা তুলে ধরেন। তাঁর ভাষ্য, যাঁরা সমঝোতা করে রাজনীতি করেন, তাঁরা হয়তো বাবা-মা, সন্তান ও নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করার সাহস ও বাস্তবতা বুঝতে পারবেন না।
নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য আরও লেখেন, গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও তিনি এমন হুমকি পেয়েছেন। বিষয়টি প্রকাশ করলেও নুসরাতের ঘটনার মতো এটিকে গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
পোস্টের শেষাংশে তিনি হাদির একটি বক্তব্যের উল্লেখ করেন। মাহমুদা মিতু লেখেন, হাদি বলে গেছেন, তাঁদের ঘাড়ে-মাথায় গুলি না লাগা পর্যন্ত কারও গায়ে বিষয়টি লাগবে না।
তবে কারা তাঁকে হুমকি দিচ্ছে, কীভাবে এসব হুমকি দেওয়া হয়েছে কিংবা এ বিষয়ে তিনি আইনগত কোনো পদক্ষেপ নিয়েছেন কি না, তা তাঁর ফেসবুক পোস্টে বিস্তারিত উল্লেখ করেননি।