অস্ট্রেলিয়া

বিজয়া সম্মিলন ২০২৬

‘বৈচিত্র্যই অস্ট্রেলিয়ার শক্তি’: সিডনিতে বিজয়া সম্মিলনে সম্প্রীতির বার্তা

ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য উদ্‌যাপনে একত্র প্রবাসী বাংলাদেশিরা।

  • 12:05 pm - November 15, 2026
  • পঠিত হয়েছে:৯৩ বার
সিডনিতে ‘বিজয়া সম্মিলন ২০২৬’-এ সম্প্রীতি ও বাংলা সংস্কৃতির উদ্‌যাপনে প্রবাসী বাংলাদেশিরা। ছবি: আকাশ দে

সিডনি, ১৫ নভেম্বর ২০২৬: অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীতের সুরে দুই দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে সিডনিতে সূচনা হয় ‘বিজয়া সম্মিলন ২০২৬’-এর। ‘অশুভের বিনাশ হোক, শুভ হোক বিশ্বলোক’ এই মঙ্গলকামনাকে ধারণ করে আয়োজিত সম্মিলনটি হয়ে ওঠে প্রবাসী বাংলাদেশিদের সম্প্রীতি, সংস্কৃতি ও সৌহার্দ্যের এক আনন্দঘন মিলনমেলা। বিজয়ার শুভেচ্ছা বিনিময়, আন্তধর্মীয় সম্প্রীতির বার্তা এবং বাংলা গান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রবাসের বুকে ফুটে ওঠে বাঙালির উৎসবের রং।

অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ লিমিটেডের (AFERMB) উদ্যোগে শনিবার, ১৪ নভেম্বর বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাম্পসির ১৫৫ বিমিশ স্ট্রিটে অবস্থিত ওরিয়ন ফাংশন সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়। শারদীয় দুর্গাপূজা-পরবর্তী এ মিলনমেলায় সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিল্পী, কমিউনিটি নেতৃবৃন্দ এবং ফেডারেল ও রাজ্য পর্যায়ের জনপ্রতিনিধিরা অংশ নেন।

জাতীয় সংগীতের পর অনুষ্ঠানে গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠের আয়োজন ছিল আন্তধর্মীয় সম্প্রীতির বিশেষ প্রকাশ। গীতা থেকে পাঠ করেন তেজস পাল ও আহান সেন গুপ্ত। ত্রিপিটক থেকে পাঠ করেন বাংলাদেশের চট্টগ্রামের পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও কল্যাণ প্রকল্পের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথেরো। বাইবেল থেকে পাঠ করেন লহড়ী ফ্রান্সিসকা রোজারিও। ভিন্ন ধর্মীয় ঐতিহ্যের এ সম্মিলিত অংশগ্রহণ পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের বার্তা তুলে ধরে।

এবারের সম্মিলনে মোট ২১টি সংগঠনের পক্ষ থেকে বিজয়ার শুভেচ্ছা জানানো হয়। এর মধ্যে সিডনির ১৬টি সংগঠনের প্রতিনিধিরা মঞ্চে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন। অস্ট্রেলিয়ার অন্যান্য রাজ্যের পাঁচটি সংগঠন বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানায়। স্থানীয় ও আন্তরাজ্য সংগঠনগুলোর এ অংশগ্রহণ আয়োজনটিকে বৃহত্তর কমিউনিটির সংযোগ ও মিলনের একটি উপলক্ষে পরিণত করে।

সাংস্কৃতিক পর্বে অংশ নেয় সিডনিভিত্তিক ১৪টি সংগঠন। তাদের পরিবেশনার মধ্য দিয়ে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের বৈচিত্র্য তুলে ধরা হয়। প্রবাসে সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখা এবং পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার ক্ষেত্রে এ যৌথ অংশগ্রহণ ছিল আয়োজনের উল্লেখযোগ্য দিক।

সিডনির বিজয়া সম্মিলনের মঞ্চে সংগীত পরিবেশন করছেন ‘জলের গান’-এর রাহুল আনন্দ। ছবি:আকাশ দে

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতদল ‘জলের গান’-এর শিল্পী রাহুল আনন্দ। তাঁর সরাসরি সংগীত পরিবেশনা বিজয়া সম্মিলনের সাংস্কৃতিক পর্বে বিশেষ মাত্রা যোগ করে। স্থানীয় সংগঠনগুলোর পরিবেশনার সঙ্গে তাঁর সংগীত আয়োজনটিকে বাংলা গান ও সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ দেয়।

সংগীত পরিবেশনায় ‘জলের গান’-এর রাহুল আনন্দের সঙ্গে সহযোগী শিল্পী হিসেবে অংশ নেন স্থানীয় শিল্পী সুমিতা দে, অনুলেখা পণ্ডিত ও লারিনা নূপুর রোজারিও। ঢোলে সংগত করেন তাপস কর।

অনুষ্ঠানে প্রদর্শিত হয় আকাশ দে পরিচালিত প্রামাণ্যচিত্র ‘Where is Justice?’ (বিচার কোথায়?), যেখানে উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক নির্যাতনের চিত্র। উৎসব ও সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি এ প্রদর্শনী সংখ্যালঘুদের নিরাপত্তা, অধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তাকেও সামনে নিয়ে আসে।

‘বিজয়া সম্মিলন ২০২৬’-এ কমিউনিটি প্রতিনিধিরা। ছবি:আকাশ দে

সম্মিলনে উপস্থিত ছিলেন বার্টন আসনের ফেডারেল সংসদ সদস্য অ্যাশ আম্বিহাইপাহার এবং হিউজ আসনের ফেডারেল সংসদ সদস্য ডেভিড মনক্রিফ। নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের পক্ষ থেকে যোগ দেন লেপিংটন আসনের সদস্য নাথান হ্যাগার্টি, আইন পরিষদের সদস্য অ্যান্থনি ডি’অ্যাডাম এবং বহুসংস্কৃতিবাদ, শিল্পসম্পর্ক ও কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক পার্লামেন্টারি সেক্রেটারি মার্ক বাটিগিয়েগ। তাঁদের উপস্থিতি প্রবাসী বাংলাদেশিদের এই সাংস্কৃতিক মিলনমেলায় বিশেষ মাত্রা যোগ করে।

বিজয়া সম্মিলন ২০২৬’-এ ফেডারেল ও রাজ্য সংসদের সদস্যদের সঙ্গে কমিউনিটি প্রতিনিধিরা। ছবি:আকাশ দে

বার্টন আসনের ফেডারেল সংসদ সদস্য অ্যাশ আম্বিহাইপাহার তাঁর বক্তব্যে বলেন, “অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজের শক্তি হলো আমাদের বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশি অস্ট্রেলীয়রা তাঁদের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক অংশগ্রহণের মাধ্যমে আমাদের সমাজকে সমৃদ্ধ করছেন। বিজয়া সম্মিলন সেই সাংস্কৃতিক বন্ধন ও সম্প্রীতির এক সুন্দর প্রকাশ।”

হিউজ আসনের ফেডারেল সংসদ সদস্য ডেভিড মনক্রিফ তাঁর বক্তব্যে বলেন, “বিভিন্ন সম্প্রদায়ের সম্মিলিত অবদানেই আজকের বৈচিত্র্যময় অস্ট্রেলিয়া গড়ে উঠেছে। নিজস্ব ধর্ম ও সংস্কৃতি চর্চার পাশাপাশি বৃহত্তর সমাজের সঙ্গে যুক্ত থাকার মধ্য দিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ ভবিষ্যৎ নির্মাণ করতে পারি।”

লেপিংটন আসনের সংসদ সদস্য নাথান হ্যাগার্টি তাঁর বক্তব্যে বলেন, “বিজয়া সম্মিলনের মতো আয়োজন নতুন প্রজন্মকে তাদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে পরিচিত করে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বোঝাপড়া বাড়ায়। বাংলা গান ও ঐতিহ্যের এই উদ্‌যাপন অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক জীবনেরই একটি মূল্যবান অংশ।”

নিউ সাউথ ওয়েলস আইন পরিষদের সদস্য অ্যান্থনি ডি’অ্যাডাম তাঁর বক্তব্যে বলেন, “প্রত্যেক মানুষের নিরাপদে ধর্ম পালন, সংস্কৃতি চর্চা এবং সমান মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। পারস্পরিক শ্রদ্ধা এবং বৈষম্যের বিরুদ্ধে সম্মিলিত অবস্থানের মধ্য দিয়েই একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে ওঠে।”

এ ছাড়া হিন্দু কাউন্সিল অব অস্ট্রেলিয়ার জাতীয় সভাপতি শ্রী সাই পারাভাস্তু এবং জাতীয় সম্পাদক শ্রীমতী শোভা দেশিকান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভিডিও বার্তার মাধ্যমে বিজয়ার শুভেচ্ছা জানান ফেডারেল সংসদ সদস্য জুলিয়ান লিসার, সিনেটর ডেভ শর্মা, নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস এবং রাজ্যের বিরোধীদলীয় নেতা কেলি স্লোন। তাঁদের শুভেচ্ছা বার্তায় অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক পরিচয় এবং দেশটির সামাজিক ও সাংস্কৃতিক জীবনে হিন্দু সম্প্রদায়ের অবদানের কথা উঠে আসে। নিজস্ব ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি চর্চার পাশাপাশি বৃহত্তর সমাজে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হিন্দু সম্প্রদায় অস্ট্রেলিয়ার বৈচিত্র্যকে সমৃদ্ধ করছে—এই স্বীকৃতি বিজয়া সম্মিলনের সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তাকে আরও অর্থবহ করে তোলে।

‘বিজয়া সম্মিলন ২০২৬’-এ উপস্থিত দর্শকদের একাংশ। ছবি:আকাশ দে

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনেট সাহা ও ঈপ্সিতা দত্ত। তাঁদের প্রাণবন্ত উপস্থাপনায় আয়োজনের বিভিন্ন পর্ব এগিয়ে চলে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে AFERMB-এর সব বোর্ড সদস্য ও নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের চেয়ার ড. সমীর সরকার।

বিজয়ার শুভেচ্ছা বিনিময়, বিভিন্ন সংগঠনের সম্মিলিত অংশগ্রহণ, ধর্মগ্রন্থ পাঠ এবং বাংলা সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ‘বিজয়া সম্মিলন ২০২৬’ প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক পরিচয় ও সম্প্রীতির বন্ধনকে তুলে ধরে। অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক পরিসরে বাংলা ঐতিহ্য উদ্‌যাপন এবং ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সংযোগ জোরদারের একটি উপলক্ষ হয়ে ওঠে এ সম্মিলন।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল ওটিএন বাংলা।

-ওটিএন বাংলা

এই শাখার আরও খবর

গোপালগঞ্জের তিন এমপি ঢাকায়, বিএনপি-জামায়াত নেতারাও কি এলাকা ছেড়েছেন?

ভাস্কর দত্ত :  গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল…

টুঙ্গিপাড়ায় পৌর বিএনপি সভাপতির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটগাতী বাজার এলাকায়…

ব্যানারে জিয়ার ছবি নেই, বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য, চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র…

আ.লীগ নেতাকর্মীদের ওপর মব: আইন কি নিজের হাতে তুলে নিচ্ছে বিএনপি?

ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব ঘটনায় ক্ষমতাসীন বিএনপির সহযোগী…

ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঢাকার রামপুরায় একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর পালিয়ে যাওয়ার সময় ককটেল…

পাঁচ মার্কিন নাগরিকের ঢাকায় আগমনের মধ্যেই দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বাংলাদেশে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক মানবাধিকার পরিস্থিতির বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারির আগমন এবং ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au