বাংলাদেশ

বাংলাদেশের রাজনীতি নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কূটনীতিকদের দফায় দফায় বৈঠক

  • 3:41 pm - November 15, 2026
  • পঠিত হয়েছে:২৬৭৮ বার
রাজনৈতিক অনিশ্চয়তায় সেনাবাহিনীর সঙ্গে বিদেশি কূটনীতিক আলোচনা।ছবি : সংগৃহীত

বাংলাদেশের চলমান রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দেশটির সামরিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ ও বৈঠক বাড়িয়েছেন বিভিন্ন দেশের কূটনীতিকেরা। আওয়ামী লীগের কার্যক্রমে আরোপিত নিষেধাজ্ঞা, রাজনৈতিক স্বাধীনতা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হচ্ছে। একই সঙ্গে দেশের স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে সামরিক নেতৃত্বের অবস্থান জানতে চাইছেন বিদেশি কূটনীতিকেরা।

  প্রতিবেদনে বলা হয়, দুই শতাধিক পোশাক কারখানা বন্ধের পর বাংলাদেশে শ্রমিক অসন্তোষ অনেকটা কমে এসেছে। এর পরিপ্রেক্ষিতে সামরিক কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকদের মধ্যে ধারাবাহিক বৈঠক ও আলোচনা চলছে।

গত ৫ নভেম্বর কলকাতা সফরে যাওয়ার পর ১০ নভেম্বর ঢাকায় ফেরেন ভারতের কূটনীতিক দিনেশ ত্রিবেদী। দেশে ফিরে তিনি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপের কূটনীতিকদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এর ধারাবাহিকতায় ১৩ নভেম্বর শুক্রবার সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণে আরেকটি বড় আয়োজন অনুষ্ঠিত হয়। তবে ওই অনুষ্ঠানেও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের উপস্থিতি ছিল না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ঢাকার বিমানবন্দরের কাছে ইউনাইটেড কনভেনশন সেন্টারে যুক্তরাষ্ট্রের মেরিন কোরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এতে তিন শতাধিক অতিথি অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক নেতাদের কাউকে দেখা যায়নি। তবে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। তিনি বর্তমান সরকারের অন্যতম প্রধান মুখপাত্র হিসেবেও পরিচিত।

অনুষ্ঠানে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশীদ চৌধুরী, মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান এবং বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্ট এয়ার ভাইস মার্শাল মো. আসাদুল করিম। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদসহ সামরিক বাহিনী ও পুলিশের আরও কয়েকজন কর্মকর্তা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুক, ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী, কানাডার হাইকমিশনার অজিত সিং এবং সিঙ্গাপুরের হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লিকে সামরিক ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করতে দেখা যায়।

বিশেষ করে দিনেশ ত্রিবেদী, ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও সারাহ ক্যাথরিন কুক একাধিকবার পৃথক বৈঠক করেন। তাঁদের ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান এবং ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশীদ চৌধুরীর সঙ্গেও কথা বলতে দেখা যায়।

এর আগে ৭ ও ১০ নভেম্বর ‘টিউসডে গ্রুপ’ নামে পরিচিত কূটনীতিকদের একটি জোটের সদস্যদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই দুই বৈঠকে অংশ নেওয়া কয়েকজন কূটনীতিকও মেরিন কোরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল, নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিগা ওচোয়া দে চিনচেত্রু, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো জিগফ্রিড রেংগলি।

এ ছাড়া নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান এবং সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনুস রাগনার উইকসসহ তিন শতাধিক অতিথি অনুষ্ঠানে অংশ নেন।

এত বিপুলসংখ্যক কূটনীতিক ও সামরিক কর্মকর্তার উপস্থিতি এবং তাঁদের মধ্যে একাধিক দফা আলোচনাকে আগের সপ্তাহের ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার বিস্তৃত রূপ হিসেবে দেখছেন কয়েকজন কূটনৈতিক সূত্র। তাঁদের দাবি, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে সামরিক নেতৃত্বের সঙ্গে একটি অভিন্ন ও গঠনমূলক বোঝাপড়ায় পৌঁছাতে চাইছেন বিদেশি কূটনীতিকেরা।

প্রতিবেদন অনুযায়ী, আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সব রাজনৈতিক দলের জন্য রাজনৈতিক স্বাধীনতা পুনর্বহালের বিষয়ে সরকার ও সামরিক বাহিনীর কাছ থেকে স্পষ্ট অবস্থান জানতে চাইছেন তাঁরা।

এ ছাড়া মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কেও জাতিসংঘ ও বিভিন্ন বিদেশি কূটনৈতিক মিশনের পর্যবেক্ষণ ইতিবাচক নয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তাদের কেউ কেউ বিচারপ্রক্রিয়াকে একপাক্ষিক বলে মনে করছেন। যুক্তরাষ্ট্র, ভারত ও ইউরোপের কূটনীতিকদের মধ্যেও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একই ধরনের দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

তবে এসব কূটনৈতিক আলোচনা বা সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান নিয়ে বাংলাদেশ সরকারের কিংবা সামরিক বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সুত্রঃ এনই নিউজ

এই শাখার আরও খবর

গোপালগঞ্জের তিন এমপি ঢাকায়, বিএনপি-জামায়াত নেতারাও কি এলাকা ছেড়েছেন?

ভাস্কর দত্ত :  গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল…

টুঙ্গিপাড়ায় পৌর বিএনপি সভাপতির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটগাতী বাজার এলাকায়…

ব্যানারে জিয়ার ছবি নেই, বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য, চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র…

আ.লীগ নেতাকর্মীদের ওপর মব: আইন কি নিজের হাতে তুলে নিচ্ছে বিএনপি?

ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব ঘটনায় ক্ষমতাসীন বিএনপির সহযোগী…

ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঢাকার রামপুরায় একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর পালিয়ে যাওয়ার সময় ককটেল…

পাঁচ মার্কিন নাগরিকের ঢাকায় আগমনের মধ্যেই দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বাংলাদেশে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক মানবাধিকার পরিস্থিতির বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারির আগমন এবং ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au