বাংলাদেশ

মার্কিন গরুর মাংস আসছে বাংলাদেশে, চাপে পড়তে পারেন দেশীয় খামারিরা

  • 4:25 pm - November 15, 2026
  • পঠিত হয়েছে:১২৩১ বার
দেশীয় উৎপাদন থাকলেও যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির উদ্যোগ।ছবি : সংগৃহীত

বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৬ নভেম্বর ঢাকার ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে এ বিষয়ে ঘোষণা দেওয়ার কথা রয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের। এ তথ্য জানিয়েছে ভারতভিত্তিক সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজ। প্রস্তাবিত এ উদ্যোগ দেশের প্রাণিসম্পদ ও মাংসের বাজারে নতুন পরিস্থিতি তৈরি করতে পারে। বিশেষ করে দেশীয় গরুর খামারি ও মাংস উৎপাদকেরা নতুন প্রতিযোগিতার মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশে বছরে প্রায় ২ লাখ টন গরুর মাংসের চাহিদা রয়েছে। দেশীয় উৎপাদনের পরিমাণও প্রায় ২ লাখ থেকে ২ লাখ ৫ হাজার টন বলে বিভিন্ন হিসাবে উল্লেখ করা হয়েছে। এ হিসাবে গরুর মাংসের চাহিদা মেটাতে বাংলাদেশ অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। মোট চাহিদার তুলনায় আমদানির পরিমাণও এত দিন ছিল খুবই সামান্য। ফলে যুক্তরাষ্ট্র থেকে মাংস আমদানির উদ্যোগের বাণিজ্যিক কারণ, আমদানির পরিমাণ এবং দেশের খামারিদের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশ হতে পারে গরুর মাংস রপ্তানির নতুন বাজার। দেশটির কৃষিপণ্য রপ্তানি বাড়ানো এবং মার্কিন উৎপাদকদের জন্য নতুন বাজার উন্মুক্ত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেও এ উদ্যোগকে দেখা হচ্ছে।

তবে বাংলাদেশ মিট ইমপোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের শামীম আহমেদ নর্থইস্ট নিউজকে বলেছেন, বাংলাদেশ গরুর মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়। তাঁর ভাষ্য, দেশে মাথাপিছু মাংসের ভোগ এখনো তুলনামূলকভাবে কম এবং মাথাপিছু প্রাপ্যতার পরিমাণেও উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেনি। মাংসের বাড়তি চাহিদার বড় অংশ পূরণ হচ্ছে পোলট্রি খাতের মাধ্যমে, যা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে।

২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশে মার্কিন গরুর মাংস ও অন্যান্য মাংসজাত পণ্যের বাজারে প্রবেশের সুযোগ আরও বিস্তৃত হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন। তবে চুক্তিতে আমদানির নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ কত টন মাংস আমদানি করা হবে, কিংবা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি।

২০২৪-২৫ অর্থবছরের হিসাবে বাংলাদেশে বছরে মোট মাংসের চাহিদা ছিল ৭৯ লাখ ৯২ হাজার টন। একই সময়ে দেশীয় উৎপাদনের পরিমাণ ছিল ৮৯ লাখ ৫৪ হাজার টন। অর্থাৎ ওই সময়ে মোট মাংস উৎপাদনে প্রায় ১১ লাখ ৬২ হাজার টন উদ্বৃত্ত ছিল। তবে এই হিসাব সব ধরনের মাংসের সম্মিলিত পরিমাণ, শুধু গরুর মাংসের নয়।

প্রাণিসম্পর খাতের একটি গবেষণায় দেখা গেছে, ২০২০-২১ অর্থবছরে দেশের মোট মাংস সরবরাহের ৬৬ দশমিক ৪৬ শতাংশ এসেছিল গরুর মাংস থেকে। ওই হিসাবে গরুর মাংসের পরিমাণ ছিল প্রায় ১৪ লাখ ৭৩ হাজার টন। তবে এটি কয়েক বছর আগের হিসাব, বর্তমান বার্ষিক গরুর মাংসের চাহিদার পরিমাণ হিসেবে একে বিবেচনা করা যাবে না। অন্যদিকে, ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারির একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৪ সালে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের গরুর মাংস রপ্তানির পরিমাণ ছিল প্রায় ১৯ কোটি মার্কিন ডলার।

যুক্তরাষ্ট্রের গরুর মাংস আমদানির ক্ষেত্রে শুল্ক, মূল্য নির্ধারণ, আমদানির পরিমাণ এবং পণ্য প্রবেশের স্বাস্থ্য ও নিরাপত্তাসংক্রান্ত শর্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এসব বিষয়ের ওপর নির্ভর করবে দেশীয় বাজারে আমদানিকৃত মাংসের প্রভাব কতটা পড়বে।

বাংলাদেশ গত কয়েক বছরে গবাদিপশু পালন, বাণিজ্যিকভাবে গরু মোটাতাজাকরণ এবং দেশীয় মাংস উৎপাদন বাড়াতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। এর ফলে আমদানিনির্ভরতা কমেছে। এখন যুক্তরাষ্ট্রের মাংস বড় পরিমাণে কিংবা তুলনামূলক কম দামে বাজারে প্রবেশ করলে স্থানীয় উৎপাদকদের জন্য প্রতিযোগিতা বাড়তে পারে। বিশেষ করে আমদানিকৃত মাংস কম দামে বিক্রি হলে দেশীয় খামারিরা বাজারে চাপের মুখে পড়তে পারেন।

এর আগে ২০২৬ সালের জানুয়ারিতে তৎকালীন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছিলেন, বাংলাদেশ গরুর মাংস আমদানির পরিকল্পনা করছে না। তাঁর আশঙ্কা ছিল, আমদানি হলে দেশীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং জনস্বাস্থ্যের ঝুঁকিও তৈরি হতে পারে। তিনি বলেছিলেন, গরুর মাংস আমদানির বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। সরকার দেশীয়ভাবে পালিত গবাদিপশুর মাংসকে অগ্রাধিকার দিতে চায়।

তবে হালাল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দেশে ৬৯টি চালানে গরুর মাংস আমদানি হয়েছে। এ সময় ৩১টি প্রতিষ্ঠান বিদেশের ৪১টি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্য করেছে। তথ্যটি অনুযায়ী, আমদানি বাজারে গরুর মাংস অন্যতম সক্রিয় পণ্যে পরিণত হয়েছে।

বাংলাদেশের গরুর মাংস আমদানির প্রধান উৎস হিসেবে দক্ষিণ কোরিয়া, চীন ও সৌদি আরবের নাম উঠে এসেছে। এসব দেশের সঙ্গে বাংলাদেশের সরবরাহব্যবস্থা ও বাণিজ্যিক যোগাযোগ আগে থেকেই প্রতিষ্ঠিত রয়েছে।

আগামী ১৬ নভেম্বর মার্কিন দূতাবাসের ঘোষণার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো স্পষ্ট নয়। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে কত পরিমাণ গরুর মাংস আমদানি করা হবে, এ ব্যবস্থা কত দিন কার্যকর থাকবে, আমদানি শুল্ক কত হবে এবং স্বাস্থ্য ও প্রাণিসম্পদ সুরক্ষাসংক্রান্ত কী কী শর্ত মানতে হবে। এ ছাড়া আমদানি সরকারি পর্যায়ের চুক্তির আওতায় হবে, নাকি বেসরকারি আমদানিকারকেরা সরাসরি বাণিজ্যিকভাবে মাংস কিনবেন, সেটিও এখনো পরিষ্কার নয়। ১৬ নভেম্বরের ঘোষণায় এসব বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জের তিন এমপি ঢাকায়, বিএনপি-জামায়াত নেতারাও কি এলাকা ছেড়েছেন?

ভাস্কর দত্ত :  গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল…

টুঙ্গিপাড়ায় পৌর বিএনপি সভাপতির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটগাতী বাজার এলাকায়…

ব্যানারে জিয়ার ছবি নেই, বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য, চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র…

আ.লীগ নেতাকর্মীদের ওপর মব: আইন কি নিজের হাতে তুলে নিচ্ছে বিএনপি?

ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব ঘটনায় ক্ষমতাসীন বিএনপির সহযোগী…

ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঢাকার রামপুরায় একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর পালিয়ে যাওয়ার সময় ককটেল…

পাঁচ মার্কিন নাগরিকের ঢাকায় আগমনের মধ্যেই দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বাংলাদেশে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক মানবাধিকার পরিস্থিতির বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারির আগমন এবং ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au