বাংলাদেশ

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে অস্বস্তি

  • 4:40 pm - November 15, 2026
  • পঠিত হয়েছে:৬৭ বার
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে অস্বস্তি।ছবি : সংগৃহীত

বাংলাদেশে আওয়ামী লীগের অনুপস্থিতিতে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই প্রহসনে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ বদরুল আহসান। তাঁর মতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্যে বিভ্রান্তি ও অস্বস্তির চিত্র ফুটে উঠেছে। ১৩ নভেম্বর প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে তিনি এসব কথা লিখেছেন।

নিবন্ধে বলা হয়, গত কয়েক সপ্তাহে বিভিন্ন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বারবার জানিয়েছেন, তিনি ডিসেম্বর মাসে দেশে ফিরবেন। লেখকের দাবি, তাঁর এ ঘোষণার পর সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নানা ধরনের বক্তব্য দিয়েছেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

সৈয়দ বদরুল আহসান লিখেছেন, সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনা কোথায় আছেন, এমনকি তিনি জীবিত আছেন কি না, সে বিষয়েও কর্তৃপক্ষ অবগত নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট, ভ্রমণ নথি ও জাতীয় পরিচয়পত্রের আবেদন প্রসঙ্গে বলেছেন, সরকার তাঁর আবেদনে সাড়া দেওয়ার পরিকল্পনা করছে না। একই সঙ্গে শেখ হাসিনার প্রয়াত স্বামী পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার বাড়ি রংপুরে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, সেখানে যাওয়ার জন্য ভ্রমণ নথি পাওয়ার আশা করা উচিত নয়।

নিবন্ধে আরও বলা হয়, সরকারের আরেক কর্মকর্তা শেখ হাসিনার পাসপোর্টের আবেদনকে লোকদেখানো পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। অন্য একজনের বক্তব্য উদ্ধৃত করে লেখক জানান, ওই কর্মকর্তা বলেছেন, পাসপোর্ট আবেদনের সময়সীমা পেরিয়ে গেছে। একই সঙ্গে তিনি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরের কথাও বলেছেন।

এসব বক্তব্যকে লেখক দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশে জনতার শাসনের প্রবণতার প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, এ ধরনের মন্তব্য রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যকে তুলনামূলকভাবে সংযত বলে উল্লেখ করেছেন সৈয়দ বদরুল আহসান। তাঁর ভাষ্য অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট বা ভ্রমণ নথির আবেদন তাঁর মন্ত্রণালয় যাচাই-বাছাই করবে। তবে বাস্তবে সেই প্রক্রিয়া কত দূর এগোবে, তা এখনো স্পষ্ট নয়।

নিবন্ধে সাম্প্রতিক আরেকটি ঘটনাকে রাজনৈতিক পরিস্থিতির নাটকীয় দিক হিসেবে তুলে ধরা হয়েছে। লেখকের দাবি, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী সংসদ সদস্যদের নিয়ে শেখ হাসিনার দেশে ফেরা ঠেকাতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। লেখকের মতে, একজন নাগরিক, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঠেকানোর বিষয়ে সংসদে এ ধরনের প্রার্থনা নজিরবিহীন।

এদিকে নিবন্ধে বলা হয়েছে, এসব ঘটনার মধ্যেই আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ ঢাকায় অবরোধের ডাক দেয়। এরপর দেশের কয়েকটি শহর ও নগরে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের মিছিল করতে দেখা যায়। লেখকের দাবি, এসব কর্মসূচির সময় পুলিশ বাধা দেয়নি। অথচ এর আগে অন্তর্বর্তী সরকারের সময় এবং বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের আমলে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত রাখার চেষ্টা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সৈয়দ বদরুল আহসানের মতে, কাগজে-কলমে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ থাকলেও দলটি এখনো বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি। এ প্রসঙ্গে তিনি ১৯৭১ সালের ইতিহাস টেনে বলেছেন, পাকিস্তানের সামরিক শাসকেরা আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাধা দিলেও শেষ পর্যন্ত দলটি বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দিয়েছিল।

লেখকের ধারণা, আওয়ামী লীগ আবারও দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান ফিরে পাবে। তবে কীভাবে এবং কখন দলটি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হবে, তা এখনই নিশ্চিত নয়। তিনি জরুরি অবস্থা জারির মতো সম্ভাব্য পরিস্থিতির কথাও উল্লেখ করেছেন, যা দলটির রাজনৈতিক প্রত্যাবর্তন বিলম্বিত করতে পারে বলে তাঁর মত।

নিবন্ধে বাংলাদেশের বর্তমান অর্থনীতি, অভ্যন্তরীণ নিরাপত্তা, রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় উগ্রবাদ এবং পররাষ্ট্রনীতির সমালোচনা করেছেন লেখক। তাঁর ভাষ্য, অর্থনীতি গভীর সংকটে রয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা দুর্বল হয়েছে এবং রাজনৈতিক পরিস্থিতি স্থবির হয়ে পড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়া সরকারও রাষ্ট্র পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে পারেনি বলে তিনি দাবি করেছেন।

সৈয়দ বদরুল আহসানের মতে, শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্ত সরকার এবং সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও তাদের মিত্রদের মধ্যে অস্বস্তি তৈরি করেছে। তাঁর যুক্তি, বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থাকতে চাইলে যেকোনো ব্যক্তি বা দলকে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে আলোচনা করতে হবে।

তিনি আরও মনে করেন, জামায়াতে ইসলামী ও অন্যান্য ডানপন্থী দলের রাজনৈতিক প্রভাবের মধ্যে নিজেদের অবস্থান ধরে রাখতে বিএনপিরও আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের প্রয়োজন হতে পারে। নিবন্ধের শেষাংশে লেখক বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ। তবে এসব বক্তব্য ও মূল্যায়ন নিবন্ধকারের নিজস্ব মতামত।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জের তিন এমপি ঢাকায়, বিএনপি-জামায়াত নেতারাও কি এলাকা ছেড়েছেন?

ভাস্কর দত্ত :  গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল…

টুঙ্গিপাড়ায় পৌর বিএনপি সভাপতির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটগাতী বাজার এলাকায়…

ব্যানারে জিয়ার ছবি নেই, বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য, চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র…

আ.লীগ নেতাকর্মীদের ওপর মব: আইন কি নিজের হাতে তুলে নিচ্ছে বিএনপি?

ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব ঘটনায় ক্ষমতাসীন বিএনপির সহযোগী…

ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঢাকার রামপুরায় একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর পালিয়ে যাওয়ার সময় ককটেল…

পাঁচ মার্কিন নাগরিকের ঢাকায় আগমনের মধ্যেই দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বাংলাদেশে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক মানবাধিকার পরিস্থিতির বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারির আগমন এবং ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au