বাংলাদেশ

ঢাকায় আড়াই শ বাসের রুট পারমিট চান নিরাপদ সড়ক আন্দোলনের ছাত্রনেতা!

  • 6:23 pm - May 04, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার

বণিক বার্তা রিপোর্ট-

রাজধানী ঢাকায় ২৪০টি বাসের রুট পারমিটের জন্য আবেদন করেছে চিত্রা পরিবহন লিমিটেড। কোম্পানিটি ট্রেড লাইসেন্স পেয়েছে গত বছরের ২ সেপ্টেম্বর। এটির সাত পরিচালকের একজন মহিদুল ইসলাম দাউদ, যিনি একই সঙ্গে কোম্পানির ভাইস চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন।

দাউদ ঢাকার তিতুমীর কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন থেকে উঠে আসা এ ছাত্রনেতা বর্তমানে সক্রিয় রয়েছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের রাজনীতিতে। গণপরিবহনে হাফ ভাড়া, কোটা সংস্কারসহ বিভিন্ন আন্দোলনে জোরালো ভূমিকা রেখেছেন। অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয় কাজে লাগিয়ে রুট পারমিট আদায়ের চেষ্টা করছেন এ ছাত্রনেতা।

রুট পারমিটের জন্য গত ৫ মার্চ ‘‌ঢাকা মেট্রোপলিটন রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটি’ বরাবর দুটি আবেদন করা হয় চিত্রা পরিবহনের ব্যানারে। একটি আবেদনে ১২০টি বাসের জন্য কালিয়াকৈর-নারায়ণগঞ্জ রুটের (চান্দুরা, বাইপাইল, হেমায়েতপুর, টেকনিক্যাল, শ্যামলী, আসাদগেট, নিউমার্কেট, আজিমপুর, গুলিস্তান, মাতুয়াইল, চাষাঢ়া) পারমিট চাওয়া হয়েছে।

আরেকটি আবেদনে সাভার-গাজীপুর (হেমায়েতপুর, টেকনিক্যাল, মিরপুর-১, কালশী, এয়ারপোর্ট, টঙ্গী ও বোর্ডবাজার) রুটের জন্য চাওয়া হয়েছে আরো ১২০টি বাসের পারমিট।

ঢাকা মেট্রোপলিটন রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটির একটি সূত্র বণিক বার্তাকে জানিয়েছে, বাসগুলোর রুট পারমিটের জন্য যোগাযোগ করছেন ‌ছাত্রনেতা মহিদুল ইসলাম দাউদ।

সরকারি তিতুমীর কলেজের ২০২০-২১ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের এ শিক্ষার্থী বামপন্থী ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের’ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক। সংগঠনটির ঢাকা মহানগরের সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। কলেজে পড়ার সময় ২০১৮ সালে দাউদ নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে যুক্ত হন। সে আন্দোলনের সংগঠক হিসেবে সক্রিয় ভূমিকা রাখেন।

২০২২ সালে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতেও আন্দোলন করেছেন। সর্বশেষ সম্পৃক্ত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও।

নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) নামের একটি ‘স্বেচ্ছাসেবী’ সংগঠনেও তার সক্রিয়তা রয়েছে। এ সংগঠনের ব্যানারে সরকারের পরিবহন সম্পর্কিত একটি দপ্তরের সভায়ও দাউদ অংশ নেন।

অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ততা ও সরকারের একাধিক উপদেষ্টার সঙ্গে যোগাযোগ রয়েছে—এমন কথা বলে রুট পারমিটের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোয় চাপ প্রয়োগ করছেন দাউদ।

এ বিষয়ে জানতে চাইলে মহিদুল ইসলাম দাউদ বণিক বার্তাকে বলেন, ‘আমার তো কোনো বাস কোম্পানি নেই। আমি মালিকই না।’

চিত্রা পরিবহনের কথা উল্লেখ করলে তিনি বলেন, ‘সেলিম ভাই এটার ম্যানেজিং ডিরেক্টর। এটা তো উনি করেছেন। ওখানে তো আমি থাকার কথা না। উনি আমার কাছে সহযোগিতা চেয়েছেন। উনি বলেছেন, আমি তো নিরাপদ সড়ক আন্দোলনে কাজ করি, তাহলে যেন ইয়ে… করি। আচ্ছা, আমি তাহলে কথা বলে জানাব।’

মালিক নন দাবি করলেও যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে কোম্পানির যে মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন রয়েছে, সেখানে চিত্রা পরিবহনের ভাইস চেয়ারম্যান ও পরিচালক হিসেবে মহিদুল ইসলাম দাউদের স্বাক্ষর রয়েছে।

শুধু তাই নয়, রুট পারমিটের আবেদনের সঙ্গে জমা দেয়া কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে, চিত্রা পরিবহনের সাত পরিচালকের মধ্যে তিনজনেরই বয়স ২৫ বছর বা তার নিচে।

এর মধ্যে মহিদুল ইসলাম দাউদের পাশাপাশি নোয়াখালী সদর উপজেলার মো. ওমর ফারুক ও গাজীপুরের কাপাসিয়ার মো. আশরাফুল ইসলামও শিক্ষার্থী। কোম্পানির চেয়ারম্যান শরিফ ওয়ায়েদ উল্লাহর বয়স ৩০ বছর। আরেক পরিচালক আবুল বাশারের বয়স ৩১ বছর।

ছাত্ররা সামনে থাকলেও চিত্রা পরিবহনের মূল মালিক সেলিম সরদার নামে এক ব্যক্তি। কোম্পানির ট্রেড লাইসেন্সও তার নামে।

কোম্পানির কয়টি বাস আছে জানতে চাইলে সেলিম সরদার বলেন, ‘‌ঠিকানা, মৌমিতা, লাব্বাইকসহ কয়েকটি কোম্পানিতে আমার মালিকানায় থাকা নয়টি বাস চলাচল করছে। রুট পারমিট পেলে এ বাসগুলো চিত্রা পরিবহনের নামে চালানো হবে। বাকি বাসগুলো আমরা যারা কোম্পানির পরিচালক আছি, সবাই মিলে কিনব। সবগুলো নতুন বাস নামানো হবে।’

কোম্পানিতে শিক্ষার্থীরা কীভাবে পরিচালক হলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‌ওনারা কেউ ছাত্র কিনা আমি জানি না। ব্যবসা করবে, নতুন গাড়ি কিনবে—এমন কথা বলেই আমার সঙ্গে যুক্ত হয়েছে। একটা কোম্পানি চালাতে গেলে অনেক লোক লাগে। একটা পরিবহনে যখন ২০০ গাড়ি চলে বা ১০০ গাড়ি চলে, তখন এক-দুজন দিয়ে তা সামলানো সম্ভব না। যাকে যে জায়গায় রাখলে কোম্পানি পরিচালনা সম্ভব হবে, আমরা সে জায়গায়ই তাকে রাখব।’

এই শাখার আরও খবর

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

জলবায়ু পরিবর্তনের প্রভাব, যুদ্ধ, বাণিজ্যিক অস্থিরতা এবং সরবরাহব্যবস্থায় বাড়তে থাকা অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে,…

চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?

বাংলাদেশ বিমানবাহিনী আধুনিকায়নের অংশ হিসেবে চীন থেকে নতুন প্রজন্মের যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। আলোচনায় থাকা চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান নিয়ে ইতোমধ্যে দেশের প্রতিরক্ষা অঙ্গনে ব্যাপক…

মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে স্টিভ আরউইনের আবেগঘন শেষ বার্তা

মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে এসেছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ‘ক্রোকোডাইল হান্টার’ স্টিভ আরউইনের তাঁর দলের উদ্দেশে দেওয়া শেষ আবেগঘন বার্তা। কুমির নিয়ে গবেষণার শেষ অভিযানে যাওয়ার…

রংপুরের চার খুন: তদন্ত কি ঘুরিয়ে দিচ্ছেন দুই পুলিশ কর্মকর্তা?

রংপুরে গত ১৯ আগস্ট একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। বিশেষ করে হত্যাকাণ্ডের আগে ও পরে পুলিশের ঊর্ধ্বতন দুই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au