সিলেট জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ১৮ আগষ্ট- সিলেট জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সারোয়ার আলম। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে এই পদে বদলি ও পদায়নের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। এ প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সারোয়ার আলম এর আগে ভ্রাম্যমাণ আদালতে দুর্নীতি, ভেজালবিরোধী অভিযান এবং দায়িত্বশীল কর্মকাণ্ডের কারণে আলোচিত হয়েছেন। তিনি সর্বদা জনস্বার্থমূলক কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং দায়িত্বশীল প্রশাসনিক পদক্ষেপের জন্য পরিচিত।
বর্তমানে সারোয়ার আলম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাজীবন শুরু করেন ১৯৮৩ সালে বাড়ির পাশের ইসমাইল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। ১৯৯৩ সালে পাকুন্দিয়া পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করে ভর্তি হন কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজে। ১৯৯৫ সালে ওই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি হন। তিনি ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর পাস করেন।
প্রশাসনে যোগদান করেন ২০০৮ সালে, ২৭তম বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়ে। ব্যক্তিগত জীবনে ২০০৯ সালে চট্টগ্রামের মেয়ে সানজিদা শারমিন লিন্ডারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের চার কন্যা সন্তান রয়েছে- মাহরিন সামারা, নাজিফা সাফরিন, তানহা ও মানহা।
সারোয়ার আলমের নতুন নিয়োগ সিলেট জেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগ করার পাশাপাশি জনস্বার্থ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে পাথর লুট ঠেকানোসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।