নিজের বিয়ের কথা ফেসবুকে জানালেন তামিম। ছবি: সংগৃহীত
মেলবোর্ন ২১ আগস্ট-জাতীয় দলের বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম জীবনের নতুন ইনিংস শুরু করেছেন, বিয়ে সম্পন্ন করেছেন তিনি। বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন। এরপর সিলেটে গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করতেই তামিমের উত্তর, আরে ভাই এক বছর আগে বিয়ে করেছি।
যদিও এদিন সহধর্মিনীর হাত ধরে থাকা অবস্থায় একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন- দুটি আত্মা, একটি হৃদয়, একসাথে চিরজীবনের পথচলা। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন।
ঘরোয়া ক্রিকেট ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তানজিদ তামিম। ২০২৩ সালে জাতীয় দলে তার অভিষেক হয়েছে। ক্রমেই নিজেকে দলে অপরিহার্য করে তুলেছেন এই বাঁহাতি ওপেনার। আসন্ন এশিয়া কাপে দলের অন্যতম ভরসা হিসেবেই খেলতে নামবেন তিনি।
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৬টি ওয়ানডে খেলেছেন তামিম। যেখানে চারটি ফিফটির সাহায্যে ৫৪৮ রান করেছেন। ওয়ানডেতে তার সেরা ইনিংস ৮৪ রানের। টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে ২৯ ম্যাচ খেলে তার সংগ্রহ ৬৫৫ রান। এই ফরম্যাটে পাঁচটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন তিনি।