শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন, চলছে চূড়ান্ত প্রস্তুতি
মেলবোর্ন, ৩ জুলাই- প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় আন্তদেশীয় ট্রেন চলাচল শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পশ্চিমবঙ্গের…
মেলবোর্ন, ২৮ আগষ্ট- যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস শহরে এক ক্যাথলিক স্কুল ও চার্চে বন্দুকধারীর গুলিতে দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৭ জন, যাদের মধ্যে ১৪ জনই শিশু। বুধবার সকালে মিসার সময় এ হামলা চালানো হয়। পরে হামলাকারী নিজের গুলিতে নিজেই আত্মহত্যা করে।
পুলিশ জানিয়েছে, কালো পোশাক পরিহিত হামলাকারীর বয়স কুড়ির কোঠায়। সে একটি রাইফেল, শটগান ও পিস্তল দিয়ে চার্চের জানালা ভেদ করে একাধিক রাউন্ড গুলি চালায়। নিহত দুই শিশুর বয়স আট ও ১০ বছর। স্থানীয় হাসপাতালে আহত ১৫ শিশু ও দুই প্রাপ্তবয়স্ক চিকিৎসাধীন রয়েছেন।
মিনিয়াপলিসের পুলিশ প্রধান ব্রায়ান ও’হারা বলেছেন, “এটি ছিল নিরীহ শিশু ও প্রার্থনাকারীদের ওপর উদ্দেশ্যমূলক হামলা। শিশুদের ভর্তি চার্চে এভাবে গুলি চালানো অকল্পনীয় নিষ্ঠুরতা ও কাপুরুষতা।”
ঘটনাস্থল অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলটি একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রায় ৪০০ শিক্ষার্থী পড়াশোনা করে। এ স্কুলে মাত্র দুই দিন আগে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছিল। স্থানীয় টেলিভিশনে দেখা গেছে, অভিভাবকেরা পুলিশ টেপের নিচ দিয়ে শিশুদের নিরাপদে বাইরে বের করে নিচ্ছেন।
হামলাকারীর নাম প্রকাশ করা হয়নি। পুলিশ বলছে, তার বড় কোনো অপরাধের ইতিহাস নেই এবং হামলার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। অনলাইনে কিছু ভিডিও পাওয়া গেছে, সেগুলোও তদন্ত করা হচ্ছে।
মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ একে “ভয়াবহ সহিংসতা” বলে মন্তব্য করেছেন। মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “এখন শুধু প্রার্থনার কথা বললে চলবে না। শিশুরা সত্যিই প্রার্থনা করছিল। নতুন শিক্ষাবর্ষের প্রথম সপ্তাহে তারা চার্চে ছিল।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এফবিআই ঘটনাস্থলে কাজ করছে। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “এ ঘটনায় জড়িত সবাইকে নিয়ে প্রার্থনা করুন।” দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।
পুলিশ বলছে, মঙ্গলবার বিকেল থেকে মিনিয়াপলিসে আরও তিনটি গুলির ঘটনা ঘটেছে। তাতে তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। তবে স্কুলে হামলার সঙ্গে ওই ঘটনাগুলোর সম্পর্ক নেই।
সাম্প্রতিক বছরগুলোতে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর মিনিয়াপলিসে হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে। গত বছর শহরে ৫৪টি হত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে। যদিও ২০২১ সালের তুলনায় তা কম, তবে ২০১৯ সালের চেয়ে দ্বিগুণেরও বেশি।
যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি চালানোর ঘটনা নিয়মিত ঘটছে। চলতি বছরই এখন পর্যন্ত ১৪০টিরও বেশি এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কে-১২ স্কুল শুটিং ডেটাবেইস।
সুত্রঃ রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au