‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’ সিনেমার পোস্টার। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ৪ সেপ্টেম্বর- ভৌতিক সিনেমার ভক্তদের জন্য সুখবর—চার বছর পর আবারও বড় পর্দায় ফিরছে বিশ্ববিখ্যাত হরর ফ্র্যাঞ্চাইজি ‘দ্য কনজুরিং’। নতুন কিস্তি ‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’ আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
হরর সিনেমার ইতিহাসে এক অনন্য নাম ‘কনজুরিং’। শুধু ভৌতিক ঘরানার মধ্যেই নয়, বরং পুরো হলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি হিসেবে ওয়ার্নার ব্রাদার্স এর সাফল্যের ঝুলি ভরিয়েছে। এ পর্যন্ত আটটি সিনেমা মুক্তি পেয়েছে এই সিরিজে, যার প্রায় সব কটিই বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছে। সর্বশেষ ২০২১ সালে মুক্তি পাওয়া ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেইড মি ডু ইট’ মহামারির মধ্যেও আশাতীত সফলতা পায়।
সিরিজের নবম কিস্তি ‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’ পরিচালনা করেছেন মাইকেল শ্যাভস, যিনি আগের ছবিটিও পরিচালনা করেছিলেন। প্রযোজনায় রয়েছেন জেমস ওয়ান ও পিটার সাফরান। ছবিতে আবারও দেখা যাবে জনপ্রিয় দুই তারকা প্যাট্রিক উইলসন ও ভেরা ফারমিগাকে, যাঁরা বিখ্যাত প্যারানরমাল তদন্তকারী এড ও লরেন ওয়ারেনের ভূমিকায় অভিনয় করছেন।
এবারের গল্পটি ভিত্তি করেছে ১৯৮৬ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার স্মার্ল পরিবারে ঘটে যাওয়া রহস্যময় ঘটনার ওপর। জানা যায়, স্মার্ল পরিবার তাদের বাড়িতে এক বা একাধিক শয়তানের আক্রমণের শিকার হয়। অদ্ভুত গন্ধ, ভয়ঙ্কর শব্দ, কালো ছায়া ও শারীরিক আক্রমণের মতো নানা ভৌতিক অভিজ্ঞতা তাঁদের জীবনে ত্রাস ছড়িয়ে দেয়। জ্যাক ও জ্যানেট স্মার্ল পরে তাঁদের অভিজ্ঞতা প্রকাশ্যে আনেন, যা গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। এমনকি তাঁরা সেই অভিজ্ঞতা নিয়ে একটি বইও লেখেন।
ফ্র্যাঞ্চাইজির প্রতিটি সিনেমাই দর্শকের হৃদয় কাঁপানো ভৌতিক অভিজ্ঞতা দিয়েছে। পরিচালক মাইকেল শ্যাভস আগেই ইঙ্গিত দিয়েছিলেন, নতুন কিস্তি ওয়ারেন পরিবারের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে। দর্শকরা এবারও আশা করছেন, সিনেমাটি আগের মতোই শীতল হাওয়া বইয়ে দেবে ভৌতিক ঘরানার ভক্তদের মনে।
বাংলাদেশে ভৌতিক সিনেমার আলাদা এক দর্শকশ্রেণি রয়েছে। সিনেপ্লেক্সে ‘কনজুরিং’-এর প্রতিটি প্রদর্শনীতেই দর্শকদের ভিড় চোখে পড়েছে। ফলে ধারণা করা হচ্ছে, নতুন কিস্তি ‘লাস্ট রাইটস’ একইভাবে ভৌতিক সিনেমাপ্রেমীদের মাঝে সাড়া ফেলবে।
তাই যারা ভৌতিক রহস্য, অতিপ্রাকৃত আতঙ্ক আর রোমহর্ষক ঘটনার ভক্ত, তাঁদের জন্য ‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’ হতে যাচ্ছে এক অবিস্মরণীয় সিনেমাটিক অভিজ্ঞতা।