মেলবোর্ন, ৩ নভেম্বর- সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদান, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড, এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা দাবিতে আবারও আন্দোলনে নামছেন দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামী ৮ নভেম্বর সকাল ১০টা থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হবে তাদের লাগাতার অবস্থান কর্মসূচি।
‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি হবে একটি সম্মিলিত আন্দোলন, যেখানে দেশের সব প্রাথমিক শিক্ষক একত্রে অংশ নেবেন।
এই লাগাতার কর্মসূচির নেতৃত্বে থাকছেন-
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি)–এর সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি,বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি–এর কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ,দশম গ্রেড বাস্তবায়ন আন্দোলনের নেতা মু. মাহবুবুর রহমান,এবং অন্যতম সমন্বয়ক মোহাম্মদ আনোয়ার উল্যা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম বলেন,
“বারবার আশ্বাস দিয়েও কর্তৃপক্ষ আমাদের দাবি বাস্তবায়ন করেনি। তাই বাধ্য হয়েই আমরা আবারও আন্দোলনে যাচ্ছি।”
সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন,
“এই কর্মসূচি সফল করতে আমরা সবাই একত্রে কাজ করছি। কোনো শিক্ষকই আন্দোলনের বিপক্ষে নেই। ঘরে বসে দাবি আদায় সম্ভব নয়-এখন মাঠে নামতেই হবে।”
তিনি আরও বলেন,
“পুলিশের সাব-ইন্সপেক্টর, নার্স, উপসহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব, প্রশাসনিক কর্মকর্তা,সকলেই দশম গ্রেডে বেতন-ভাতা পান। অথচ সর্বোচ্চ ডিগ্রি থাকা সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এখনও ১১তম গ্রেডে রয়েছেন। এই বৈষম্য দূর করতে আমরা তিন দফা দাবি নিয়ে মাঠে নামছি।”
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ বলেন,
“আমরা এবারে সম্মিলিতভাবে লাগাতার কর্মসূচিতে যাচ্ছি। তিন দফা দাবি আদায়ে ৮ নভেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু হবে।”
তিনি আরও জানান,
“এর আগে ১৭ অক্টোবর থেকে আমরণ অনশন কর্মসূচি চলছিল, কিন্তু কিছু শিক্ষক ভুল বোঝাবুঝির কারণে তা স্থগিত করেছিলেন। এবার কোনো বিভ্রান্তি নয়,দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।”
মাসুদ আরও বলেন,
“প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাস দিলেও অর্থ মন্ত্রণালয় সেই প্রস্তাবটি কার্যকর না করে নতুন পে-কমিশনে পাঠিয়েছে। এতে আমরা আরও বঞ্চিত হয়েছি।”
শিক্ষক নেতারা জানিয়েছেন, এবার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি লাগাতারভাবে চলবে, এবং সারাদেশের শিক্ষকরা ঢাকায় সমবেত হবেন।
দাবিগুলো হলো:
১. সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদান,
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড,
৩. শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
প্রাথমিক শিক্ষকরা বলছেন, এবার আন্দোলন থেকে আর পিছু হটবেন না—তারা তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।