লিড নিউজ

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা, নিহতের সংখ্যা ছাড়াল ৬৯ হাজার

  • 5:25 pm - November 09, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার পর ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।ছবি: রয়টার্স

মেলবোর্ন, ৯ নভেম্বর- গাজায় এক মাস আগে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি বাহিনীর হামলা ও সহিংসতা বন্ধ হয়নি। ধ্বংসস্তূপের নিচ থেকে নতুন করে উদ্ধার হওয়া লাশের সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। সর্বশেষ হিসাব অনুযায়ী, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (৮ নভেম্বর) জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর এখন পর্যন্ত ৬৯ হাজার ১৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নতুনভাবে উদ্ধার ও শনাক্ত হওয়া লাশের কারণে এ সংখ্যা বেড়েছে। শুধু যুদ্ধবিরতির পর গত এক মাসেই অন্তত ২৪০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

এদিকে শনিবারও নতুন করে হত্যার ঘটনা ঘটেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, উত্তর গাজায় তাদের অবস্থানরত সেনাদের দিকে অগ্রসর হওয়া এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে, যিনি ‘ইয়েলো লাইন’ নামে পরিচিত সীমারেখা অতিক্রম করেছিলেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির অংশ হিসেবে এই সীমারেখা পর্যন্ত ইসরায়েলি সেনাদের পিছু হটার কথা ছিল। সেনারা আরও জানিয়েছে, দক্ষিণ গাজায়ও সীমারেখা অতিক্রম করা আরেক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, কারণ তিনি নাকি সৈন্যদের জন্য “তাৎক্ষণিক হুমকি” সৃষ্টি করেছিলেন।

স্থানীয় সূত্র বলছে, ওই সীমারেখার কাছে আসা পরিবারগুলোর ওপরও ইসরায়েলি বাহিনী গুলি চালাচ্ছে। খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া বিস্ফোরকের কারণে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নাসের হাসপাতাল কর্তৃপক্ষ।

এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গাজা ও মিসরের মধ্যে রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে গুরুতর অসুস্থ রোগীদের সরিয়ে নেওয়া যায়। সংস্থার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ফিলিস্তিনি রোগী চিকিৎসার জন্য বিদেশে গেছেন, তবে আরও ১৬ হাজার ৫০০ জন এখনও অপেক্ষায় রয়েছেন।

অন্যদিকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলা ক্রমেই বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, এসব হামলার উদ্দেশ্য ফিলিস্তিনিদের নিজেদের জমি থেকে উচ্ছেদ করা। শনিবার দক্ষিণ নাবলুসের বেইতা শহরে জলপাই সংগ্রহে ব্যস্ত গ্রামবাসী, কর্মী ও সাংবাদিকদের ওপর মুখোশধারী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা লাঠি ও বড় পাথর নিয়ে হামলা চালায়।

ইসরায়েলি মানবাধিকারকর্মী জোনাথন পোলাক আল জাজিরাকে জানান, “ডজনখানেক মুখোশধারী বসতি স্থাপনকারী পাহাড় থেকে নেমে আমাদের দিকে বিশাল পাথর ছুড়তে থাকে, আমরা পালাতে বাধ্য হই।”

এই হামলায় অন্তত ডজনখানেক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে একজন ৭০ বছর বয়সী কর্মী এবং এক সাংবাদিকও রয়েছেন। প্যালেস্টাইন জার্নালিস্টস সিন্ডিকেট জানিয়েছে, পাঁচ সাংবাদিক রানিন সাওয়াফতে, মোহাম্মদ আল-আত্রাশ, লুয়াই সাঈদ, নাসের ইশতাইয়েহ ও নাঈল বুয়াইতেল আহত হয়েছেন। সংস্থাটি এই হামলাকে “সাংবাদিক হত্যার উদ্দেশ্যে সংঘটিত যুদ্ধাপরাধ” হিসেবে নিন্দা জানিয়েছে।

রয়টার্সও নিশ্চিত করেছে, তাদের দুই কর্মী এক সাংবাদিক ও তার নিরাপত্তা পরামর্শক হামলায় আহত হয়েছেন।

জাতিসংঘের তথ্যমতে, গত সেপ্টেম্বর থেকে পশ্চিম তীরের অন্তত ৭০টি শহর ও গ্রামে ১২৬টি হামলা চালানো হয়েছে। এসব হামলায় ৪ হাজারেরও বেশি জলপাই গাছ ধ্বংস বা উপড়ে ফেলা হয়েছে, যা স্থানীয় কৃষকদের জীবিকা ও ঐতিহ্য দুটিকেই বিপর্যস্ত করে তুলেছে।

গাজা ও পশ্চিম তীরজুড়ে এ সহিংসতার ফলে ফিলিস্তিনি নাগরিকদের মানবিক সংকট আরও গভীর হচ্ছে, অথচ আন্তর্জাতিকভাবে ঘোষিত যুদ্ধবিরতি কেবল কাগজেই রয়ে গেছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au