২৮ জুন থেকে আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা
মেলবোর্ন, ২৫ জুন- বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটক ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন (রোববার) থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা…
মেলবোর্ন, ২৮ নভেম্বর- ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে লক্ষ্য করে গুলি চালানো হামলাকারী ছিলেন আফগানিস্তানে মার্কিন সেনাদের সহযোগী হিসেবে কাজ করা একজন আফগান নাগরিক। যুক্তরাষ্ট্র এই ঘটনাকে সম্ভাব্য সন্ত্রাসী কার্যক্রম হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে।
বুধবার বিকেলে ২৯ বছর বয়সী রহমানুল্লাহ লাকানওয়াল টহলরত দুই ন্যাশনাল গার্ড সদস্যের দিকে গুলি ছোড়েন। হামলায় উভয় সেনা গুরুতর আহত হন। পাল্টা গুলিতে লাকানওয়ালও আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে মার্কিন স্পেশাল ফোর্সের সহযোগী হিসেবে প্রায় এক দশক কাজ করেছেন লাকানওয়াল। তিনি কান্দাহারে দায়িত্ব পালন করতেন, যা দীর্ঘ যুদ্ধকালীন সংঘাতের অন্যতম কেন্দ্র ছিল। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর তিনি যুক্তরাষ্ট্রে আসেন।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোম সামাজিক মাধ্যমে জানান, সন্দেহভাজন ব্যক্তি ছিলেন অপারেশন অ্যালাইস ওয়েলকাম কর্মসূচির আওতায় যাচাই-বাছাই ছাড়াই যুক্তরাষ্ট্রে প্যারোল পাওয়া হাজারো আফগানের একজন। তালেবান দখলের পর যুক্তরাষ্ট্রে ঝুঁকিতে থাকা আফগানদের পুনর্বাসনের জন্য এ কর্মসূচি চালু হয়েছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এ পর্যন্ত এক লাখ ৯০ হাজারের অধিক আফগানকে দেশটিতে পুনর্বাসন করা হয়েছে।
এনবিসি নিউজ লাকানওয়ালের এক আত্মীয়ের বরাতে জানায়, তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয়ের জন্য আবেদন করেন ২০২৪ সালে এবং ২০২৫ সালে সেটি অনুমোদিত হয়। সিএনএনসহ একাধিক গণমাধ্যম জানায়, তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি ও গোয়েন্দা সংস্থার সঙ্গেও কাজ করেছিলেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পর বলেন, সন্দেহভাজন ব্যক্তি ২০২১ সালে আফগানদের ব্যাপক সরিয়ে নেওয়ার অভিযানের সময় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তাঁর বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস সব আফগান আবেদন স্থগিতের ঘোষণা দেয়।
হামলার পেছনে উদ্দেশ্য এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। কেন্দ্রীয় ও স্থানীয় তদন্ত সংস্থাগুলো যৌথভাবে ঘটনার তদন্ত করছে। আহত দুই ন্যাশনাল গার্ড সদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র : এএফপি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au