মুরাদ হোসেন। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ২৯ নভেম্বর- ঝিনাইদহ শহরে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে শহরের পবহাটি সিটি মোড়ে এই ঘটনা ঘটে। নিহতের নাম মুরাদ হোসেন, বয়স ৩৮। তিনি পবহাটি মণ্ডলপাড়ার মৃত আফজাল হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, তিনটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন হামলাকারী মুরাদের ওপর অতর্কিতে আক্রমণ চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনরা বলেছেন, পরিবারের অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। কয়েক দিন আগে বাবার মৃত্যুর পর কুলখানি না করা নিয়ে এক আত্মীয়ের সঙ্গে মুরাদের কথা কাটাকাটি হয়। তারা মনে করছেন, এই বিরোধের পরই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। হত্যার ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।