খুলনায় হাইওয়ে পুলিশের নারী সদস্য মিমি খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ৩০ নভেম্বর- খুলনায় হাইওয়ে পুলিশের নারী সদস্য মিমি খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে খালিশপুর থানার মুজগুন্নি হাউজিং এস্টেটের নারী পুলিশ ব্যারাকের ভেতর থেকে তার লাশ পাওয়া যায়। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ি এলাকার নবীন বিশ্বাসের মেয়ে এবং ইমরান হোসেনের স্ত্রী। কর্মস্থলে তিনি কনস্টেবল পদে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে সহকর্মীরা মিমিকে নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ব্যারাক কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে সুরতহাল শেষে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে লাশটি হাসপাতালের মর্গে রাখা আছে।
ব্যারাকে দায়িত্বে থাকা কর্মকর্তারা বলেন, মিমি হাইওয়ে রিজিওনে কর্মরত ছিলেন এবং ব্যারাকেই থাকতেন। ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। তার কক্ষে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মৃত্যু সনদে এটি আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে।
খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হবে। পরিবার ও সহকর্মীদের সঙ্গেও কথা বলা হচ্ছে।
ঘটনার পর ব্যারাকে শোকের আবহ সৃষ্টি হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে লাশ পরিবারকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।