রেজা কিবরিয়াকে বিএনপিতে স্বাগত জানান মির্জা ফকরুল। ছবিঃ বিএনপি মিডিয়া সেল
মেলবোর্ন, ১ ডিসেম্বর- সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে এবং অর্থনীতিবিদ রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি দলে যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রেজা কিবরিয়াকে বিএনপিতে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, তার যোগদান শুধু স্থানীয় রাজনীতিতে নয়, বরং জাতীয় রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বিশ্বাস করেন, রেজা কিবরিয়ার মেধা ও দক্ষতা নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথাও তুলে ধরেন ফখরুল। তিনি জানান, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ এবং তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে প্রার্থনা কামনা করেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, অতীতের স্বৈরাচারবিরোধী আন্দোলনের নানা চড়াই উৎরাই পেরিয়ে এখন দেশে একটি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হওয়ার সুযোগ তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত সংস্কার কমিশনের আলোচনার ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি। তার মতে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, সরকার যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময় ঘোষণা করেছে, তা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। সেই নির্বাচনে জনগণের স্পষ্ট অভিমত নির্ধারণ করবে পরবর্তী সংসদ এবং দেশের দিকনির্দেশনা। ফখরুল বলেন, জনগণ সমর্থন দিলে বিএনপি আবারও গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনৈতিক বাংলাদেশ গড়ে তুলতে পারবে। বিএনপির দীর্ঘদিনের সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে এবং সুযোগ পেলে তারা নতুন বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।