মেলবোর্ন, ৭ ডিসেম্বর- কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে বসবাসকারী পরিবারগুলোর জন্য ১১.২ মিলিয়ন ডলারের এলপিজি সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য ও কাতার। দুই দেশের এই যৌথ উদ্যোগে শিবিরের ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে নিরাপদ জ্বালানি সহায়তা দেওয়া হবে।
রোববার ঢাকায় এক বার্তায় ব্রিটিশ হাইকমিশন জানায়, কাতারের সঙ্গে অংশীদারত্বে মানবিক সহায়তা বাড়িয়ে নিতে পারায় তারা গর্বিত। এই তহবিলের মাধ্যমে ৬ লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় আশ্রয়দাতা সম্প্রদায় উপকৃত হবে।
হাইকমিশনের বার্তায় বলা হয়, এলপিজি সরবরাহ বাড়ানো হলে শিবিরে বসবাসকারী পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নত হবে। পাশাপাশি জ্বালানি কাঠের ওপর নির্ভরতা কমায় আশপাশের বনও রক্ষা পাবে এবং পরিবেশগত ক্ষয় কমবে।
মানবিক সংস্থাগুলো বলছে, এলপিজি পাওয়া গেলে শরণার্থীদের দৈনন্দিন জীবন অনেক সহজ হয়। রান্না নিরাপদ হয়, সময় বাঁচে এবং বিশেষ করে নারীরা জ্বালানির জন্য দূরে যেতে বাধ্য হন না। এতে তাদের ঝুঁকিও কমে।
গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক সহায়তা কমতে থাকায় রোহিঙ্গা শিবিরে জ্বালানি সংকট বেড়েছে। নতুন এই তহবিল সেই ঘাটতি কিছুটা পূরণ করবে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাজ্য ও কাতার জানিয়েছে, রোহিঙ্গাদের জন্য নিরাপদ ও টেকসই জ্বালানি নিশ্চিত করতে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।