মেলবোর্ন, ১৩ ডিসেম্বর- যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম এবার একক কোনো ব্যক্তিকে বর্ষসেরা ব্যক্তি হিসেবে বেছে নেনি। ২০২৫ সালের বর্ষসেরা ব্যক্তি হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির স্থপতিদের। গত বৃহস্পতিবার টাইম এ বছর বর্ষসেরা ব্যক্তিত্বের নাম ঘোষণা করে।
সাময়িকীর ব্যাখ্যা অনুযায়ী, ২০২৫ সাল ছিল এআইয়ের জন্য যুগান্তকারী বছর। এআই প্রযুক্তি অপ্রতিরোধ্যভাবে দৃশ্যপটে এসেছে এবং মানুষের মতো চিন্তা করার ক্ষমতা অর্জন করেছে। এটি শুধু বিস্ময় সৃষ্টি করেনি, বরং উদ্বেগও সৃষ্টি করেছে। বর্তমানকে রূপান্তরিত করার পাশাপাশি এআই সম্ভবের সীমা ছাড়িয়ে গেছে। এ কারণেই এ বছরের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন এআই প্রযুক্তির পেছনের মূল কারিগররা।
টাইম সাময়িকীর প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস জানিয়েছেন, সাময়িকী সচেতনভাবে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তাকে বর্ষসেরা ঘোষণা করেনি, বরং যারা এ প্রযুক্তি নকশা করেছেন, চিন্তা করেছেন এবং বাস্তবায়ন করেছেন, তাদেরকে সম্মান জানানো হয়েছে। অতীতে প্রযুক্তি বা ধারণাকেও বর্ষসেরা হিসেবে বেছে নেওয়ার নজির রয়েছে। যেমন, ১৯৮২ সালে ব্যক্তিগত কম্পিউটারকে বর্ষসেরা ঘোষণা করা হয়েছিল, যা অনেক আলোচনার জন্ম দিয়েছিল।
এই বছরের জন্য টাইম দুটি প্রচ্ছদ প্রকাশ করেছে। একটি প্রচ্ছদে ‘এআই’ অক্ষরগুলোকে কেন্দ্র করে কর্মীদের দেখানো হয়েছে, অন্যটি প্রযুক্তি নেতাদের সরাসরি চিত্রায়ণ করেছে। এতে দেখা যায় মেটার সিইও মার্ক জাকারবার্গ, এএমডির সিইও লিসা সু, টেসলার সিইও ইলন মাস্ক, এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং, ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান, গুগলের ডিপমাইন্ড সিইও ডেমিস হাসাবিস, অ্যানথ্রোপিক সিইও দারিও আমোদেই এবং এআই অগ্রদূত ফেই-ফেই শহরে একটি বিমের ওপর বসে আছেন।
নির্বাচিত আটজনের মধ্যে পাঁচজন ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, জেনসেন হুয়াং, স্যাম অল্টম্যান এবং লিসা সু-ই ইতিমধ্যে বিলিয়নেয়ার। ফোর্বস ম্যাগাজিনের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ ৮৭০ বিলিয়ন ডলার, যার বেশির ভাগই গত তিন বছরের এআই-উন্মাদনার সময় তৈরি হয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টারের প্রধান বিশ্লেষক থমাস হাসন বলেছেন, ২০২৫ সালে এআই কেবল প্রযুক্তিপ্রেমীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশে পরিণত হয়েছে। এই ব্যাপক ব্যবহারই এটিকে বর্ষসেরা নির্বাচনের যোগ্য করেছে।
টাইমের মতে, এ বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে এআই কোম্পানির প্রধান নির্বাহীদের উপস্থিতি যুক্তরাষ্ট্রে এআই খাতের ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন। স্যাম জ্যাকবস বলেন, “২০২৫ ছিল সেই বছর, যখন কৃত্রিম বুদ্ধিমত্তার পূর্ণ সম্ভাবনা প্রকাশিত হলো, এবং বোঝা গেল, এ পথ থেকে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।”