অস্ট্রেলিয়া জুড়ে অ্যানজাক (ANZAC) ডে পালিত
মেলবোর্ন, ২৫ এপ্রিল: ২৫ এপ্রিল শনিবার অস্ট্রেলিয়া জুড়ে যথাযোগ্য মর্যাদা, নীরবতা এবং গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে অ্যানজাক (ANZAC) ডে। ভোরের প্রথম প্রহর থেকেই…
মেলবোর্ন, ২৯ ডিসেম্বর- অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির জ্যেষ্ঠ ফ্রন্টবেঞ্চার টিম উইলসন ভবিষ্যতে ফেডারেল লিবারেল পার্টির নেতৃত্ব দেওয়ার আগ্রহের কথা প্রকাশ করেছেন। তার মতে, বিরোধী দলের নেতৃত্বে একজন সমকামী ব্যক্তির আসা নিয়ে এখন দলের অধিকাংশ সদস্যের মধ্যে আর বড় কোনো দ্বিধা বা অস্বস্তি নেই।
পলিটিক্স নাউ পডকাস্টে দেওয়া এক দীর্ঘ ও বিস্তৃত সাক্ষাৎকারে উইলসন বলেন, তিনি উচ্চতর দায়িত্ব নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। বহু বছর আগে পার্লামেন্টে দেওয়া তার প্রথম বক্তৃতায় তিনি প্রকাশ্যে নিজের অনুভূতির কথা তুলে ধরেছিলেন, যেখানে তখনকার আইনি বাধার কারণে বাগদত্তা রায়ানকে বিয়ে করতে না পারার আক্ষেপের কথাও বলেন।
সাক্ষাৎকারে উইলসন বলেন, “আমি মনে করি এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে নেতৃত্বের সুযোগ আসবে। তবে সেটি নির্ভর করবে পরিস্থিতি আমার অনুকূলে যায় কি না, তার ওপর।”
তিনি বলেন, তিনি শুরু থেকেই নেতা হওয়ার লক্ষ্য নিয়ে রাজনীতিতে আসেননি। তবে তার মতে, বর্তমান সময়ে দেশ ও দল উভয়েরই প্রয়োজন একটি সুস্পষ্ট বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব, যা ঠিক করবে লিবারেল পার্টি কোন পথে যাবে এবং কাদের স্বার্থে রাজনীতি করবে।
উইলসনের ভাষায়, “আগামী কয়েক মাসে আপনারা দেখবেন, আমি কীভাবে সে দিকটি সামনে আনতে চাই। কারণ রাজনৈতিক দল যদি কেবল ঐতিহ্য বা মূল্যবোধের রক্ষণাবেক্ষণেই সীমাবদ্ধ থাকে, তাহলে তা যথেষ্ট নয়।”
তিনি আরও বলেন, দলকে মানুষের জীবনের বাস্তব প্রশ্নে লড়াই করতে হবে এবং তাদের উচ্চাকাঙ্ক্ষা ও স্বপ্নকে জাগিয়ে তুলতে হবে। “মানুষ যদি দেখে দল তাদের জন্য লড়ছে, তাহলে তারাও দলের পাশে দাঁড়াবে,” বলেন তিনি।
লিবারেল পার্টির সংসদীয় দল একজন সমকামীকে ফেডারেল নেতা হিসেবে বেছে নেবে কি না-এমন প্রশ্নে উইলসন বলেন, বিষয়টি হয়তো কিছু মানুষের বিবেচনায় আসতে পারে, তবে তা আর মুখ্য বিষয় নয়।
তিনি বলেন, “আমি অস্বীকার করছি না যে কেউ কেউ নেতা নির্বাচনের সময় এটা মাথায় রাখতে পারেন। কিন্তু আজকের দিনে এটা কি প্রধান বিবেচনা হবে, যেমন একসময় ছিল? আমার মনে হয় না।”
তার মতে, নেতৃত্ব নির্বাচন হবে মূলত এই প্রশ্নকে ঘিরে যে, দল যে রাজনৈতিক সংকটে রয়েছে, তার সমাধান কে দিতে পারবেন। “শেষ পর্যন্ত সেটাই নির্ধারণ করবে,” বলেন তিনি।
তিনি আরও বলেন, ভিন্ন অভিজ্ঞতা বা পরিচয়ের কারণে কেউ কেউ বিশেষ অবদান রাখতে পারেন, যা অনেক সময় নেতৃত্বে পৌঁছানোর আগ পর্যন্ত পুরোপুরি বোঝা যায় না।
সাম্প্রতিক সময়ে লিবারেল নেতা সুসান লের নেতৃত্ব নিয়ে দলটির ভেতরে চাপ বাড়ছে। সম্ভাব্য নেতৃত্বপ্রার্থী হিসেবে রক্ষণশীল শিবিরের অ্যান্ড্রু হাস্টি ও অ্যাঙ্গাস টেলরের নামও আলোচনায় রয়েছে। এমন প্রেক্ষাপটে উইলসন বলেন, তিনি নিজেকে রক্ষণশীল ভাবেন না এবং ‘মডারেট’ তকমা নিয়েও স্বস্তিতে নন।
তার মতে, লিবারেল পার্টিকে সম্পদ, উচ্চাকাঙ্ক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে নিজেদের মূল্যবোধের পক্ষে আরও দৃঢ়ভাবে দাঁড়াতে হবে।
জলবায়ু নীতি নিয়ে দলের ভেতরে নিজের অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, এই ইস্যুতে একটি ভুল দ্বিমুখী বিতর্ক তৈরি হয়েছে।
উইলসনের ভাষায়, “নেট জিরোর পক্ষে বা বিপক্ষে—এভাবে বিষয়টিকে সীমাবদ্ধ করা ভুল। আমরা জননীতির মাধ্যমে আসলে কী অর্জন করতে চাই, সেটাই মুখ্য হওয়া উচিত।”
তিনি বলেন, বিতর্কের শর্ত মেনে শুধু প্রতিক্রিয়া জানালে শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে হারতে হয়। “তাই উদারবাদ নিয়ে আমার অবস্থান স্পষ্ট। আমি এর পক্ষে দাঁড়াতে ভয় পাই না,” বলেন তিনি।
মুনাফার পক্ষে কথা বলতেও তিনি পিছপা নন বলে জানান উইলসন। তার মতে, এখন আর রাজনীতিতে খুব কম মানুষই প্রকাশ্যে এই অবস্থান নেন।
তিনি বলেন, “আমি বিশ্বাস করি মানুষের উচ্চাকাঙ্ক্ষা থাকা উচিত। তারা ধনী হতে চাইতে পারে। আমাদের এমন একটি দেশ গড়া দরকার, যেখানে মানুষ আরও দূরের লক্ষ্যের দিকে তাকায়। এ বিষয়ে আমি কোনো লজ্জা বোধ করি না।”
তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, বৈষম্য নিয়ে সমাজে একটি বাস্তব ও জরুরি আলোচনা প্রয়োজন।
উইলসনের ভাষায়, “আমি এমন একটি সমাজ চাই, যা উন্মুক্ত হবে এবং যেখানে মানুষ এগিয়ে যাওয়ার প্রকৃত সুযোগ পাবে।”
পলিটিক্স নাউ পডকাস্টের গ্রীষ্মকালীন বিশেষ পর্ব ‘দ্য ইন্টারভিউ’-তে উইলসনের সঙ্গে পুরো আলাপ শোনা যাবে। সাক্ষাৎকারটি বন্ডি সন্ত্রাসী হামলার আগেই রেকর্ড করা হয়েছিল।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au