মেলবোর্ন, ১ জানুয়ারি- নতুন বছরের প্রথম মুহূর্তেই বড় চমক দিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। বহু প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া ছবি ‘স্পিরিট’-এর ফার্স্ট লুক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। যা প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রভাস ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে।
পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও সুপারস্টার প্রভাস- এই দুই শক্তিশালী নাম প্রথমবার একসঙ্গে আসায় ছবিটি এরই মধ্যেই অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ঘড়ির কাঁটা যখন নতুন বছরকে স্বাগত জানাচ্ছিল, ঠিক সেই সময়েই ছবির প্রথম পোস্টার প্রকাশ করেন নির্মাতারা। এই কৌশলী প্রচার পরিকল্পনা সন্দীপ রেড্ডি ভাঙার জন্য নতুন নয়। ৩১ ডিসেম্বর সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, “People… A few hours more for SPIRIT – First Poster”। যা ভক্তদের মধ্যে আগ্রহ ও জল্পনা আরো বাড়িয়ে তোলে।
এর আগেও রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ ছবির ঘোষণার সময় ঠিক একই ধরনের মধ্যরাতের প্রচার কৌশল ব্যবহার করেছিলেন ভাঙ্গা। সেই ঘোষণাও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। এবার ‘স্পিরিট’-এর ক্ষেত্রে সেই উত্তেজনা আরো বড় পরিসরে প্যান-ইন্ডিয়া স্তরে দেখা যাচ্ছে।
চলতি বছর ছবিটি আরো বেশি শিরোনামে আসে কাস্টিং পরিবর্তনের কারণে। শুরুতে ছবির সঙ্গে যুক্ত থাকলেও কাজের সময় সংক্রান্ত কারণ দেখিয়ে প্রজেক্ট থেকে সরে যান দীপিকা পাড়ুকোন। এরপর ছবিতে যুক্ত হন তৃপ্তি ডিমরি। এটি প্রভাসের সঙ্গে তৃপ্তির প্রথম কাজ এবং ‘অ্যানিম্যাল’-এর পর সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে তার দ্বিতীয় ছবি- যা দর্শকদের কৌতূহল আরো বাড়িয়েছে।
প্রভাস ও তৃপ্তি ডিমরি ছাড়াও ছবিতে অভিনয় করছেন বিবেক ওবেরয় ও কাঞ্চনাসহ আরো অনেকে। টি-সিরিজের প্রযোজনায়, বড় বাজেট ও ভাঙ্গার স্বাক্ষরধর্মী গল্প বলার ভঙ্গিতে নির্মিত হচ্ছে ‘স্পিরিট’। যা প্রভাসের প্যান-ইন্ডিয়া তারকাখ্যাতির সঙ্গে এক নতুন মাত্রা যোগ করবে বলেই ভক্তদের প্রত্যাশা।
সূত্র: বলিউড হাঙ্গামা