মেলবোর্ন, ৩ জানুয়ারি- নতুন বছরে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম আশনা হাবিব ভাবনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, আর কোনো মিথ্যা, ভনিতা কিংবা অন্যের স্বার্থে ব্যবহৃত হতে চান না।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টটি অনলাইন নিউজ পোর্টাল OTN BANGLA-এর পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো-
আরেকটি নতুন বছর শুরু করছি । আলহামদুলিল্লাহ, ২০২৫ এ আমি নিজেকে অনেক গাঢ় ভাবে আবিষ্কার করেছি। অনেক তাচ্ছিল্যে , মিথ্যা, আর ভয়ংকর রকমের অপমান, মিথ্যা নিউজের জয় জয়কার। এই বছরটিতে আমি টের পেয়েছি আপনজন আসলে কারা। অনেক বছর ধরে আপনি একটা মৃত গাছে পানি দিয়েই যাচ্ছেন হয়তো, তবুও সেই গাছ জীবন্ত হচ্ছে না। তাই মৃত গাছের মত মৃত সম্পর্কে ও টেনে নেয়ার প্রয়োজন নেই।
এই বছর আমি সিদ্ধান্ত নিয়েছি, অনেক হয়েছে, আমি আমাকে সবার আগে রাখবো, আমি আর কোনো মিথ্যার সাথে নেই। আমি আর ব্যবহার হবো না কারও ভনিতার জন্যে। নিজের কষ্টের উপার্জন কোনো অপাত্রে দিয়ে দেবো না, যে আপনাকে মূল্যায়নই করবে না। আমি আমার ক্যারিয়ারে একদম একা একা এই পর্যন্ত এসেছি। আমি আমার অসহায়ত্ব, আমার কষ্ট, আমার সাথে হয়ে যাওয়া অন্যায় বিক্রি করতে চাই নাই সবার সামনে। আমি অনেক ধৈর্য্যশীল একটা মানুষ। তাই আমার ধৈর্য্য, চিন্তা আর উপবাস দিয়েই নতুন বছর শুরু করতে চাই। আমি জানি সত্যের জয় হবে। আর আমার শিল্পী জীবনে আমার সবচেয়ে বড় শক্তি হলো সত্য।
আমি সৎ ও সততার সাথে কাজ করি। আমি শেষে অনুভব করি আমার জন্যে আমিই যথেষ্ট। কারও অনুগ্রহ আমি চাই না। আমার দর্শকরাই আমার শক্তি আমার সাহস। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ২০২৬ হোক সত্যের সাথে সুন্দরের সাথে। আশনা হাবিব ভাবনা