মেলবোর্ন ১০ জানুয়ারি- অভিনেতা শহীদ কাপুর তার আসন্ন ছবি ‘ও রোমিও’-র প্রথম লুক পোস্টার শুক্রবার (৯ জানুয়ারি) প্রকাশ করেছেন। পোস্টারটি প্রকাশের সঙ্গে সঙ্গেই তা সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে ওঠে। পোস্টার শেয়ার করে শহীদ লেখেন, ‘রোমিও ও রোমিও তুমি কোথায় ও রোমিও’। একই সঙ্গে তিনি জানান, ছবিটির ট্রেলার মুক্তি পাবে ১০ জানুয়ারি।
প্রকাশিত পোস্টারে শহীদকে একেবারে ভিন্ন রূপে দেখা গেছে। মুখ খোলা রেখে চিৎকার করতে দেখা যায় তাকে। তার মুখ, ঘাড় ও হাতে রক্তের ছাপ, কাটা দাগ এবং ট্যাটু চোখে পড়ে। কালো রঙের আধখোলা শার্ট, আংটি, ব্রেসলেট ও চেইন পরে শহীদের লুকটি বেশ রুক্ষ ও তীব্র।
পোস্টারের ক্যাপশনে লেখা ছিল, ‘ও রোমিও’-এর জগতে একবার উঁকি দিন। আগামীকাল বেরোচ্ছে। ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
‘ও রোমিও’ ছবিটি শহীদ কাপুর ও পরিচালক বিশাল ভরদ্বাজের আরো একবার একসঙ্গে কাজ করার উদাহরণ।
এর আগে তারা ‘কামিনে’ (২০০৯) ও ‘হায়দার’ (২০১৪)-এর মতো প্রশংসিত ছবিতে কাজ করেছেন। তাদের এই জুটি শক্তিশালী গল্প ও ভিন্নধর্মী চরিত্রের জন্য পরিচিত।
জানা গেছে, ‘ও রোমিও’ শেক্সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ থেকে অনুপ্রাণিত একটি আধুনিক ও অন্ধকার ধাঁচের গল্প। ছবিতে প্রেম, রাগ, আবেগ ও বিশ্বাসঘাতকতার মতো বিষয় উঠে আসবে। এতে শহীদের বিপরীতে অভিনয় করছেন তৃপ্তি দিমরি।
সূত্র : হিন্দুস্তান টাইমস