বাংলাদেশ

‘জামায়াত ক্ষমতায় গেলে শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না’

  • 4:17 am - January 15, 2026
  • পঠিত হয়েছে:১১৬ বার
‘জামায়াত ক্ষমতায় গেলে শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না’। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ জানুয়ারি- জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না বলে খ্রিষ্টান সম্প্রদায়কে আশ্বস্ত করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। ন্যাশনাল খ্রিষ্টান ফেলোশিপ অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি পার্থ দাস এ তথ্য জানিয়েছেন।

বুধবার সন্ধ্যায় ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিটের নেতৃত্বে ১০ সদস্যের ওই প্রতিনিধিদলে পার্থ দাসও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জামায়াত আমিরের বক্তব্য ও আশ্বাসের কথা তুলে ধরেন।

পার্থ দাস বলেন, এই গুরুত্বপূর্ণ সাক্ষাতের সুযোগ পাওয়ার জন্য তারা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। বৈঠকে জামায়াত আমির যে বিষয়গুলো পরিষ্কারভাবে তুলে ধরেছেন, তা তিনি জাতির উদ্দেশেও আগেই বলেছেন বলে উল্লেখ করেন। পার্থ দাস জানান, জামায়াতে ইসলামী যদি দেশ পরিচালনার সুযোগ পায়, তবে বাংলাদেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করা হবে না বলে ডা. শফিকুর রহমান স্পষ্টভাবে আশ্বস্ত করেছেন।

তিনি আরও বলেন, এই বক্তব্য তাদের জন্য অত্যন্ত ইতিবাচক ও আশ্বস্তকর। যারা নিজেদের সংখ্যালঘু হিসেবে পরিচয় দেন, তাদের সে পরিচয় না দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। সংখ্যায় কম হলেও সব নাগরিককে তিনি নিজের সন্তানের মতো আগলে রাখবেন বলে অঙ্গীকার করেছেন এবং ভ্রাতৃত্ব ও সহাবস্থানের সংস্কৃতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন।

বাংলাদেশ ইভানজেলিক্যাল রিভাইভাল চার্চের চেয়ারম্যান রেভারেন্ড বনি বাড়ৈ বলেন, তারা এ দেশের নাগরিক হিসেবেই জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি খ্রিষ্টান ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও নির্বাচন-পরবর্তী সময়ে ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ডা. শফিকুর রহমান ধৈর্যের সঙ্গে তাদের কথা শুনেছেন এবং জবাব দিয়েছেন বলে জানান তিনি।

পার্থ দাসের বক্তব্যের সূত্র ধরে রেভারেন্ড বনি বাড়ৈ বলেন, জামায়াত আমির একটি উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছেন যে একটি বাগানে নানা রকম ফুল না থাকলে যেমন সৌন্দর্য পূর্ণতা পায় না, তেমনি একটি দেশেও সব ধর্মের মানুষের সহাবস্থান ছাড়া পরিপূর্ণতা আসে না। এ ধরনের দৃষ্টিভঙ্গির জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, খ্রিষ্টান নাগরিক হিসেবে তাদের প্রধান প্রত্যাশা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, যেখানে সবাই নিরাপদে বসবাস করতে পারবে।

পরে গণমাধ্যমকে ব্রিফিং করেন মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিট। তিনি জানান, জামায়াত আমিরের কাছে তিনি তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছিলেন এবং তার সন্তোষজনক উত্তর পেয়েছেন। ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী বলেও মন্তব্য করেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায় দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করছে। এ প্রেক্ষাপটে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে জামায়াত আমিরের এই সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বৈঠকে প্রতিনিধিদলটি জামায়াতে ইসলামীর নীতি, আদর্শ ও কর্মসূচি সম্পর্কে জানতে চেয়েছে এবং নিজেদের মতামত তুলে ধরেছে। সামনে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই সময়টিকে সামনে রেখে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে জামায়াতের ধারাবাহিক মতবিনিময় অব্যাহত রয়েছে।

এই শাখার আরও খবর

ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন নেইমার

মেলবোর্ন, ২০ জুন- নেইমার জুনিয়রকে বিশ্বকাপে ফেরানোর বিষয়ে আশাবাদী বার্তা দিয়েছেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে…

টিকা ক্যাম্পেইনের পরও নিয়ন্ত্রণে আসেনি হাম

মেলবোর্ন, ২০ জুন- টিকা ক্যাম্পেইনের পরও হামের সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। জাতীয় পর্যায়ের হাম–রুবেলা টিকা ক্যাম্পেইন শেষ হয়েছে এক মাস আগে, ২০ মে। এরপরও প্রতিদিন…

লেবাননে যুদ্ধবিরতির পর ইরানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২০ জুন- ইরানের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকের শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে শান্তি আলোচনার প্রথম পর্বে অংশ নিতে সুইজারল্যান্ড সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড…

মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে ফেনীতে হিন্দু যুবক গ্রেফতার

মেলবোর্ন, ২০ জুন- ফেনীর ছাগলনাইয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সৃজন দাশ প্রান্ত…

অস্ট্রেলিয়ায় প্রথমবার প্রাণঘাতী এইচ-৫ বার্ড ফ্লু শনাক্ত

মেলবোর্ন, ২০ জুন- অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো প্রাণঘাতী এইচ-৫ ধরনের বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। দেশটির ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া উপকূলে পাওয়া দুটি বন্য পাখির শরীরে এ ভাইরাসের উপস্থিতি…

হাইতিকে উড়িয়ে গ্রুপসেরা ব্রাজিল, কুনহার জোড়া গোলে ৩-০ ব্যবধানের জয়

মেলবোর্ন, ২০ জুন- মরক্কোর বিপক্ষে ড্র করে সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। তবে সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au