ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত, এরপর কে?
ওটিএন বাংলা রিপোর্ট : বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা ও পলায়নের অভিযোগে টুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।…
ওটিএন বাংলা রিপোর্ট : এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর লক্ষ্মীপুরের কমলনগরে ভূমিকা রানী দাস (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, পরীক্ষার ফল প্রকাশের পর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে ফেল করায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিক্ষাব্যবস্থার ফলাফল ও শিক্ষার্থীদের মানসিক চাপ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ভূমিকা রানী দাস হাজিরহাট উপকূল সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করুণানগর বাজার এলাকার শশী ভক্তের বাড়ির বাসিন্দা। তাঁর বাবা রঞ্জিত চন্দ্র দাস এবং মা শিখা রানী দাস।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ভূমিকা জানতে পারেন, তিনি আইসিটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের সদস্যরা জানান।
দুপুর দেড়টার দিকে বাড়ির একটি কক্ষে তাঁকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান স্বজনেরা। পরে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দুলাভাই হৃদয় মজুমদার। তিনি পেশায় ব্যাংক কর্মকর্তা।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।
ভূমিকার মৃত্যুর ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৫২ দশমিক ১২ শতাংশে। ১১টি শিক্ষা বোর্ডে মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থীদের হতাশা ও উদ্বেগ নিয়ে আলোচনা চলছে।
এর মধ্যেই গতকাল ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সর্বোচ্চ এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে। এতে শিক্ষার্থীদের একটি বছর নষ্ট হওয়া থেকে রক্ষা করার পরিকল্পনা রয়েছে সরকারের।
শিক্ষামন্ত্রী আরও বলেছেন, উত্তরপত্র মূল্যায়নে ত্রুটি ও অস্বচ্ছতার অভিযোগ খতিয়ে দেখা হবে। পরীক্ষকদের প্রশিক্ষণ এবং মূল্যায়নে বড় ধরনের ভুলের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়েও কাজ চলছে। পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হবে ১ থেকে ৭ নভেম্বর।
তবে এক মাসের মধ্যে পুনঃপরীক্ষার সুযোগের ঘোষণা থাকলেও ফল প্রকাশের পরপরই এমন একটি প্রাণহানির ঘটনা শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারের ভূমিকার বিষয়টি সামনে এনেছে।
ভূমিকার মৃত্যুর ঘটনায় শোকের পাশাপাশি প্রশ্ন উঠেছে, পরীক্ষার ফলকে ঘিরে শিক্ষার্থীদের হতাশা সামাল দিতে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি কতটা। ফল বিপর্যয়ের পর পুনঃপরীক্ষার সুযোগের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক সহায়তা নিশ্চিত করাও এখন গুরুত্বপূর্ণ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au